আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ঢাকার কাছে ‘সন্তোষজনক নয়’

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা ‘সন্তোষজনক নয়’ বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে ‘কোনো’ ধরনের ফি নেবে না ইরান। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. বুধবার সারাদিন যা যা হলো:

    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা ‘সন্তোষজনক নয়’ বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।
    • সঞ্চয়পত্র বিক্রি অব্যাহত রাখার জন্য সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি গ্রাহকদের অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।
    • বিশ্বকাপ ফুটবল খেলা চলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত প্রবেশ ও যানচলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
    • খাগড়াছড়িতে পৃথক দুইটি ঘটনায় গোলাগুলিতে পার্বত্য এলাকার একটি আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত গ্রুপ) দুইজন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
    • বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২২ সাল থেকে আটকে থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতার বকেয়া আগামী দুই বছরের মধ্যে পরিশোধ করার উদ্যোগ নেওয়া হবে।
    • চট্টগ্রামে পুলিশের হাতে আটকের একদিন পরই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের একজন নেতা নুরুল আলমের মৃত্যু হয়েছে।
    • কলকাতার তারাতলায় একটি নির্মাণাধীন গুদামের ছাদ ভেঙে পড়ে এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আরও বহু কর্মী চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
    • পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা আগামী সপ্তাহের মঙ্গলবারের দিকে পুনরায় শুরু হবে।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে তারা ‘কোনো’ ধরনের ফি নেবে না।
    • জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা বা আইএমও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিসহ উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
    • রেকর্ড তাপপ্রবাহের কারণে ফ্রান্সের পশ্চিমাঞ্চলে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুধবার দেশজুড়ে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। দেশ-বিদেশের আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়..

  2. ফ্রান্সে রেকর্ড তাপমাত্রা, ভয়াবহ তাপপ্রবাহে বিদ্যুৎহীন হাজারো বাড়ি

    রেকর্ড তাপপ্রবাহের কারণে ফ্রান্সের পশ্চিমাঞ্চলে হাজার হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুধবার দেশজুড়ে তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিটানি অঞ্চলে প্রায় ৬৮ হাজার বাড়ি বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। বুধবার রাতের আগে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই।

    ফ্রান্সের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশের অর্ধেকেরও বেশি অঞ্চল এখনো সর্বোচ্চ সতর্কতার আওতায় রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দিনের মধ্যে তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লঁদ অঞ্চলের পিসো শহরে মঙ্গলবার তাপমাত্রা ৪৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

    এছাড়া সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সময়টিকে দেশটির ইতিহাসে সবচেয়ে উষ্ণ রাত হিসেবে উল্লেখ করেছে সংস্থাটি। ওই সময়ে ফ্রান্সজুড়ে গড় তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

    বুধবার এই তাপপ্রবাহ পশ্চিম ইউরোপের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। নেদারল্যান্ডসের কিছু অঞ্চলে বিপজ্জনক আবহাওয়ার কারণে 'কমলা' সতর্কতা জারি করা হয়েছে।

    যুক্তরাজ্যের কিছু অঞ্চলেও তাপমাত্রার সতর্কতা বলবৎ রয়েছে, যেখানে বৃহস্পতিবার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। নেদারল্যান্ডস ও বেলজিয়ামে শুক্রবার তাপমাত্রা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। অন্যদিকে জার্মানিতে সপ্তাহান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

    আগামী কয়েক দিনে তাপপ্রবাহ পূর্ব ইউরোপেও বিস্তৃত হওয়ার পূর্বাভাস পাওয়া গেছে। পোল্যান্ড, ক্রোয়েশিয়া ও হাঙ্গেরিসহ কয়েকটি দেশের জন্য সপ্তাহের শেষ দিকে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

  3. দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ঢাকার কাছে ‘সন্তোষজনক নয়’

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের পক্ষ থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে তা ‘সন্তোষজনক নয়’ বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সাথে ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলেও আখ্যা দেওয়া হয়েছে।

    বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের খবরে এই তথ্য জানানো হয়েছে।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বুধবার বাসসকে জানিয়েছেন, এ ঘটনায় ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে, তা সন্তোষজনক নয়।

    তিনি বলেন, “কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষকে আগেই যথাযথভাবে জানানো হয়েছিল যে ডা. জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের (আইওআরএ) বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন”।

    মুখপাত্র বলেন, “এ বিষয়ে পূর্বেই অবহিত করার পরও দিল্লি বিমানবন্দরে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক ও দুঃখজনক”।

    চলতি মাসের শুরুতে আইওআরএ’র একটি বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জাহেদ উর রহমানের। তবে দিল্লি বিমানবন্দরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে বাংলাদেশ হাইকমিশনসহ নানা পক্ষের তৎপরতায় তাকে শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তিনি ফিরে আসেন।

    এদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে সংখ্যালঘুদের বিষয়ে করা মন্তব্য সম্পর্কে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে প্রত্যেক রাষ্ট্রের নিজ নিজ ভূখণ্ডে বসবাসরত সব নাগরিকের, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার সমান দায়িত্ব রয়েছে।

    তিনি পুনর্ব্যক্ত করেন যে, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়সহ দেশের সব নাগরিকের অধিকার সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

  4. সঞ্চয়পত্র বিক্রি নিয়ে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

    সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্ত ব্যাংক হওয়া সত্ত্বেও গ্রাহকদের বিভিন্ন উপায়ে সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করার অভিযোগের পর দেশের সব তফসিলি ব্যাংককে নতুন একটি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

    বুধবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের সঞ্চয়পত্র নিয়ে একটি চিঠি দেওয়া হয়েছে।

    এতে বলা হয়েছে, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে তফসিলি ব্যাংকগুলো সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্তিতে থাকা সত্ত্বেও গ্রাহকদের নানা প্রক্রিয়ায় সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে।

    চিঠিতে আরও বলা হয়, সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭–এর অনুচ্ছেদ নম্বর–৩–এর নির্দেশনা মোতাবেক সঞ্চয়পত্রের ইস্যু অফিস হিসেবে বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং সেবার মান নিশ্চিত করতে শাখাগুলোর সঞ্চয়পত্র–সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকিতে রাখার জন্য পরামর্শ প্রদান করা হলো।

    গ্রাহকদের তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের প্রক্রিয়া শাখাগুলোর দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য ও অভিযোগগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্যও ব্যবস্থাপনা পরিচালকদের পরামর্শ দেওয়া হয়েছে।

  5. বিশ্বকাপ খেলা চলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশ নিষেধ

    বিশ্বকাপ ফুটবল খেলা চলার সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত প্রবেশ ও যানচলাচল নিয়ন্ত্রন করা হবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "ঢাকা বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে" ফিফা বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে "বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা" এবং ২৪শে জুন থেকে যানচলাচল "নিয়ন্ত্রিত থাকবে"।

    এতে বলা হয়, ফিফা বিশ্বকাপ ২০২৬ খেলা চলাকালীন সময় বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার গাড়ী, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ছাড়া অন্য যানবাহন ক্যাম্পাসের ভেতরে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

    এতে আরো জানানো হয়, তবে এই সময়ে গণপরিবহণ এবং ভারী যানবাহন প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে।

    উল্লেখ্য, এবারের বিশ্বকাপ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। ঢাকার বিভিন্ন জায়গা থেকে সেই খেলা দেখতে আসেন অনেকেই।

  6. খাগড়াছড়িতে গোলাগুলি, ইউপিডিএফের দুইজন নিহত

    খাগড়াছড়িতে পৃথক দুইটি ঘটনায় গোলাগুলিতে পার্বত্য এলাকার একটি আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ-প্রসিত গ্রুপ) দুইজন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

    বুধবার দীঘিনালা ও রামগড়ে পৃথক দুইটি জায়গায় এ ঘটনা ঘটে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

    পুলিশ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা জানায়, দীঘিনালা উপজেলার বাবুছড়ার মুড়োপাড়া এলাকায় গুলিবিদ্ধ হয়ে সুজন চাকমা নামের এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জেএসএসকে দায়ী করে একটি বিবৃতিও দিয়েছে ইউপিডিএফ।

    এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে জেএসএস'র বক্তব্য পাওয়া যায়নি।

    অন্যদিকে, সকালে রামগড় উপজেলায় সকালে গোলাগুলিতে একজন নিহত ও একজন আহত হয়েছে বলে জানিয়েছে।

    রামগড় থানার ওসি মো. নাজির আলম বিবিসি বাংলাকে জানান, সকালে তারা গোলাগুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ববিন ত্রিপুরা নামে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পান। তিনি ইউপিডিএফ সদস্য বলেও জানিয়েছে পুলিশ।

    সে সময় ঘটনাস্থল থেকে একে ৪৭ অস্ত্রসহ আরেকজনকে আটকও করে পুলিশ। পুলিশ জানায় আটককৃত ওই ব্যক্তিও ইউপিডিএফ সদস্য।

  7. বিজেপি ক্ষমতায় আসার আগের সব বিল্ডিং প্ল্যান অডিট করার সিদ্ধান্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    কলকাতার তারাতলায় নির্মাণাধীন যে গুদামটি বুধবার দুপুরে ভেঙে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে, সেই ভবনের প্ল্যান ‘ত্রুটিপূর্ণ’ ছিল বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় আসার আগে যে সমস্ত ভবনের প্ল্যান অনুমোদন করা হয়েছিল, সেগুলি অডিট করা হবে।

    তারাতলায় যে গুদামটি ভেঙে পড়ে বিপত্তি, তার জমি লিজে নিয়েছিল একটি বেসরকারি সংস্থা।

    ঘটনাস্থল পরিদর্শন করে ফিরে আসার পর রাজ্য সরকারের সচিবালয় 'নবান্নে' সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “কেএমসি (কলকাতা পৌর সংস্থা) থেকে আমাকে জানানো হয়েছে, ২০২৬ সালের ১৭ই জানুয়ারি এই বিল্ডিংয়ের প্ল্যানে অনুমোদন দেওয়া হয়েছে।”

    “কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছে এই বিল্ডিংয়ের প্ল্যান ত্রুটিযুক্ত। টেকনিকাল লোকেরা কাজ করছেন, রাতে রিপোর্ট পেয়ে যাব।”

    তিনি জানিয়েছেন, বিধানসভার অধিবেশন চলছে, তাই ভুক্তভোগীদের ক্ষতিপূরণ এবং এই ঘটনার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে সে বিষয়ে তিনি বিধানসভায় জানাবেন।

    পাশাপাশি বলেছেন, “গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে যে প্ল্যান অনুমোদিত হয়েছে, আমাদের সরকারে আসার আগে” তা “অডিট হবে”।

    আগের সরকারের আমলে অনুমোদিত হওয়া বিল্ডিং প্ল্যান, বিশেষত বাণিজ্যিক ভবনের প্ল্যান এবং যে সমস্ত স্থানে জলাশয় ভরাট করে ভবন নির্মাণ হচ্ছে “তার কাজ আগামী ৩১শে জুলাই পর্যন্ত বন্ধ থাকবে এবং অডিট হবে। অডিটে পিডব্লিউডি (পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট), ফায়ার (দমকল), সিভিল ডিফেন্স এবং কলকাতা পুলিশ থেকে টিম বানিয়ে দেওয়া হবে। সেই টিম সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং স্পট ভিজিট করে দেখবে।”

    বিধাননগর এবং হাওড়াতেও একই পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

    বুধবার বেলা ১২টা নাগাদ তারাতলায় ওই গুদাম ভেঙে পড়ায় সেখানে কর্মরত শ্রমিকরা চাপা পড়েন। এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। উদ্ধার হওয়া ১৮জনের চিকিৎসা চলছে। উদ্ধারের কাজ চলছে।

  8. ইরান-যুক্তরাষ্ট্র কারিগরি পর্যায়ের আলোচনা শুরু কবে জানালো পাকিস্তান

    পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কারিগরি পর্যায়ের আলোচনা আগামী সপ্তাহের মঙ্গলবারের দিকে পুনরায় শুরু হবে।

    তবে, এই আলোচনার স্থান ঘোষণা করা হয়নি।

    রোববার উচ্চপর্যায়ের আলোচনা শেষ হওয়ার পর ইরান ও আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তারা সুইজারল্যান্ড ত্যাগ করলেও, সোমবার কারিগরি প্রতিনিধিদলগুলো আলোচনা অব্যাহত রেখেছে।

    ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি মঙ্গলবার প্রথম দফার কারিগরি আলোচনার সমাপ্তি ঘোষণা করে জানান যে, আলোচকরা নিষেধাজ্ঞা প্রত্যাহার, ‘পারমাণবিক বিষয়াবলী, অর্থনৈতিক পুনর্গঠন ও উন্নয়ন এবং পর্যবেক্ষণ ও বাস্তবায়ন- এই চারটি বিষয়ের জন্য কার্যকরী দল গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।

  9. হরমুজ প্রণালিতে কোনো জাহাজের কাছ থেকে ফি নেবে না ইরান, দাবি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে তারা ‘কোনো’ ধরনের ফি নেবে না।

    ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “ভুয়া গণমাধ্যমে প্রকাশিত উদ্বেগজনক প্রতিবেদনগুলোর বিপরীতে ইরান যুক্তরাষ্ট্রকে জানিয়েছে যে, ‘হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো টোল, বীমা ফি বা অন্য কোনো ধরনের ফি নেওয়া বা সংগ্রহ করা হবে না’। যদি এই তথ্য মিথ্যা হয়, তাহলে আলোচনা অবিলম্বে শেষ হয়ে যাবে।”

    তিনি আরো লিখেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে কোনো অর্থ দেয়নি বা ইরানের সম্পদও মুক্ত করেনি।

    “আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে থাকা ইরানের অর্থের একটি অংশ আমরা মুক্ত করব, যাতে তা দিয়ে আমাদের নিজস্ব কৃষক ও খামারিদের কাছ থেকে ভুট্টা, গম, সয়াবিন এবং অন্যান্য পণ্য কেনা যায়। ইরান খাদ্যের তীব্র সংকটে রয়েছে এবং আমরা এই খাদ্য শুধু যুক্তরাষ্ট্র থেকেই তাদের জন্য কিনব।”

    মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আজ আবারও বলেছেন যে, জব্দ করে রাখা ইরানি সম্পদের “একটি বড় অংশ” ব্যবহার করা হবে “খাদ্য ও ওষুধের” জন্য।

    সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথম দফা আলোচনার পর ইরান জানায়, তাদের জব্দ বা সীমাবদ্ধ সম্পদ মুক্ত করা হয়েছে এবং যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কেনার বিষয়টি অস্বীকার করে।

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা অনুযায়ী, ইরান ৬০ দিনের জন্য হরমুজ প্রাণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে কোনো ফি নেবে না।

    এই সময়ের পর ওমানের সঙ্গে একটি চুক্তির ভিত্তিতে নৌচলাচল ‘সেবা’, নিরাপত্তা বজায় রাখা এবং পরিবেশ সুরক্ষার জন্য ফি আরোপ করার কথা বলছে ইরান।

    এদিকে, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত সফরকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, “এটি একটি আন্তর্জাতিক জলপথ। কোনো দেশই একটি আন্তর্জাতিক জলপথে টোল বা ফি আরোপ করতে পারে না। এটি বিদ্যমান আন্তর্জাতিক আইনের অংশ।”

    ইরান বলছে, হরমুজ প্রণালি আন্তর্জাতিক জলপথ নয় এবং এটি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার অন্তর্ভুক্ত।

  10. রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

    রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ১৬ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

    বুধবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

    বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসসের খবরে বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল ও ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

    চুক্তি অনুযায়ী, অস্ট্রেলিয়ার দেওয়া এই তহবিল রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শিক্ষা, পুষ্টি, শিশু সুরক্ষা, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি উন্নয়নে ব্যয় করবে ইউনিসেফ।

    এ সময় বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা অব্যাহত থাকবে বলে বাংলাদেশ প্রত্যাশা করে।

  11. হাম উপসর্গে আরো তিন জনের মৃত্যু

    বাংলাদেশে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো তিন জনের মৃত্যু হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত সময়ে শিশুমৃত্যুর এ ঘটনা ঘটে।

    স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ই মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৫৯৬ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬৮৯।

    স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ৯৯৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা ৯৫ হাজার ৭৬০ জন।

    সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে যে তিন শিশুর মৃত্যু হয়েছে, তাদের সবাই ঢাকা বিভাগের।

  12. কলকাতার গুদাম ভেঙে তিন জনের মৃত্যু, বহু কর্মীর চাপা পড়ার আশঙ্কা

    কলকাতার তারাতলায় একটি নির্মাণাধীন গুদামের ছাদ ভেঙে পড়ে এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে। আরও বহু কর্মী চাপা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

    ঘটনাস্থল থেকে আরও ১৮ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও মনে করা হচ্ছে।

    ঘটনাস্থলে পৌঁছিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    উদ্ধারকাজ চালাচ্ছে পুলিশ, বিপর্যয় মোকাবিলাকারী দল এবং দমকলকর্মীরা। নামানো হয়েছে সেনাবাহিনীও। লোহার স্তূপ সরিয়ে বাকিদের উদ্ধারের চেষ্টা করা চলছে।

    তারাতলার ওই জমিতে লিজ নিয়ে গুদাম তৈরি করছিল একটি সংস্থা। বুধবার বেলা ১২টা নাগাদ হঠাৎ করেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই গুদামের শেড। ধ্বংসস্তূপে চাপা পড়েন সেখানে কর্মরত আনুমানিক ৪০ জন কর্মী।

    ঘটনার কথা জানতে পেরে সেখানে উপস্থিত হয় উদ্ধারকারী দল। কিন্তু কংক্রিটের পুরু স্তর সরিয়ে উদ্ধারের কাজ চালাতে বেগ পেতে হয় তাদের। স্থানীয়রা জানিয়েছেন, ভেতরে আটকে থাকা ব্যক্তিদের আর্তনাদ শোনা যাচ্ছিল।

  13. উপসাগরীয় অঞ্চলে আটকা পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি

    জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা বা আইএমও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে হরমুজ প্রণালিসহ উপসাগরীয় অঞ্চলে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

    আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেছেন, এই বৃহৎ পরিসরের উদ্ধার অভিযান ইরান, ওমান, যুক্তরাষ্ট্র, উপসাগরীয় অঞ্চলের অন্যান্য উপকূলীয় রাষ্ট্র এবং সামুদ্রিক শিল্পের সহযোগিতায় পরিচালিত হবে।

    তিনি বলেন, “এই অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা আমরা পেয়েছি এবং নিরাপদ নৌ-চলাচলের পরিবেশ নিশ্চিত করতে সবকিছু ভালোভাবে যাচাই করেছি।”

    আইএমও-র উদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে, হরমুজ প্রণালির মধ্য দিয়ে দুটি অস্থায়ী পথ ব্যবহার করা হতে পারে এবং পরবর্তী নির্দেশনার জন্য জাহাজগুলোর সাথে পৃথকভাবে যোগাযোগ করা হবে। আইএমও থেকে ওমানের নাবিকদের জন্য দেওয়া একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    আইএমও জানিয়েছে যে, অঞ্চলটি থেকে নিরাপদে ছেড়ে যাওয়া জাহাজের সংখ্যার ওপর তারা একটি দৈনিক প্রতিবেদন প্রকাশ করবে।

    এদিকে, গত সপ্তাহে সংঘাত বন্ধে একটি অন্তর্বর্তী সমঝোতা স্মারক সাক্ষরিত হলেও বিভিন্ন বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখনো মতবিরোধ রয়েছে।

    যুক্তরাষ্ট্রের দাবি, এই সমঝোতায় এমন নিশ্চয়তা রয়েছে যে ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদারকি ও পরিদর্শনের আওতায় আসবে।

    মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “ইরান ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য সর্বোচ্চ পর্যায়ের পারমাণবিক পরিদর্শনে পুরোপুরি সম্মত হয়েছে এবং এর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত হবে।”

    তবে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের কিছু আগেই ইরান জানিয়েছে, গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া তাদের পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা পাবে না।

    এদিকে, মঙ্গলবার পাকিস্তান সফরকালে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, “আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আমরা কখনও, কোনো পরিস্থিতিতেই, কারও সঙ্গে আলোচনা বা দরকষাকষি করব না।”

  14. আগামী দুই বছরের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের ভাতা পরিশোধ করা হবে : শিক্ষামন্ত্রী

    বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২২ সাল থেকে আটকে থাকা অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ভাতার বকেয়া আগামী দুই বছরের মধ্যে পরিশোধ করার উদ্যোগ নেওয়া হবে।

    বুধবার সকালে ঢাকায় চার শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ঢাকার আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এই সভার আয়োজন করা হয়।

    শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংকট ও সংস্কারের কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, “২০২২ সাল থেকে যারা অবসরে গিয়েছেন, তারা একজনও এখন পর্যন্ত অবসর ভাতার টাকা পাননি। একজন শিক্ষক অবসর গ্রহণের পর ২৫ থেকে ৩৫ লাখ টাকা পর্যন্ত পেয়ে থাকেন। বিগত সরকারের সময় এই ফান্ডের প্রায় সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। ফলে হাজার হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক তাদের শেষ জীবনে এসে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন”।

    শিক্ষকদের প্রাপ্য দ্রুত ফিরিয়ে দেওয়ার কথা উল্লেখ করে এহছানুল হক মিলন বলেন, "আসন্ন জুলাইয়ের বাজেটে এই খাতের জন্য অতিরিক্ত ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে"।

  15. লেবানন যুদ্ধের অবসানও ইরানের যুদ্ধের বন্ধের মতোই গুরুত্বপূর্ণ: গাফিবাফ

    ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন যে, ইরানের কাছে তার নিজ দেশের যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান ঘটানো।

    আজারবাইজানের রাজধানী বাকুতে একটি সম্মেলনে অংশ নিয়ে এই কথা বলেন তিনি।

    ইরানিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের নিউজ নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত এই ভাষণে তিনি বলেন, "আমাদের জন্য লেবাননের যুদ্ধবিরতি ইরানের যুদ্ধবিরতির মতোই গুরুত্বপূর্ণ এবং আরও গুরুত্বপূর্ণ হলো, লেবাননের যুদ্ধের অবসান ইরানের যুদ্ধের অবসানের মতোই জরুরি।"

    গত ১৪ই জুন, ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করা নিয়ে যে সমঝোতায় পৌঁছেছে তাতে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    ইরানের সংসদের স্পিকার এবং যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় অংশগ্রহণকারী ইরানি প্রতিনিধিদলের প্রধান তার বক্তৃতার অন্য অংশে বলেছেন, "ইসলামাবাদ চুক্তিটি আমেরিকার পরাজয়ের ঘোষণায় পরিণত হয়েছে।"

    তিনি আরও বলেন যে, “এই যুদ্ধ কোনো সামরিক সংঘাত নয়, বরং অঞ্চলের কৌশলগত ভারসাম্য পরিবর্তন করে একটি স্বাধীন জাতির ওপর নিজেদের ইচ্ছাকে চাপিয়ে দেওয়ার একটি সংগঠিত প্রচেষ্টা"।

    এই ভাষণে মি. গালিবাফ ঘোষণা করেন যে, ইরান পারস্পরিক শ্রদ্ধা এবং পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে সকল ইসলামী দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রস্তুত।

  16. ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    চীনের ডালিয়েনে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

    বুধবার স্থানীয় সময় সকালে ডালিয়েন ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে এই সম্মেলন শুরু হয়।

    প্রধানমন্ত্রী তার বক্তব্যে জলবায়ু সহনশীলতা তৈরিতে অংশীদারিত্ব, প্রযুক্তি, অর্থায়ন এবং যৌথ অঙ্গীকারের ওপর গুরুত্ব আরোপ করেন।

    তিনি জলবায়ু ‘ক্ষয়ক্ষতি তহবিল’কে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনা, জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করা এবং পাশাপাশি ‘সবুজ জলবায়ু তহবিল’ বা জিসিএফকে কার্যকর করা প্রয়োজন বলে উল্লেখ করেন।

    এই ফোরামে অংশ নেওয়া চীনা বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতারা বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ, নীতিগত সুবিধা এবং ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা পাবেন।

    প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিয়েছেন তারেক রহমান।

  17. ইরানের সঙ্গে চুক্তি নিয়ে আলাপ করতে মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে মার্কো রুবিও

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সংযুক্ত আরব আমিরাত সফরে এসেছেন এবং দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি আবুধাবিতে পৌঁছান।

    গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার পর এটি মধ্যপ্রাচ্যে কোনো শীর্ষ মার্কিন কর্মকর্তার প্রথম সফর।

    ইউএই সফর শেষে রুবিও কুয়েত ও বাহরাইন সফর করবেন এবং বৃহস্পতিবার বাহরাইনে গালফ কোঅপারেশন কাউন্সিলের বৈঠকেও অংশ নেবেন।

    এই সফরকে সেই তিন দেশের প্রতি সংহতির নিদর্শন হিসেবে দেখা হচ্ছে, যেখানে যুদ্ধ চলাকালে ইরান বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছিল। ইরান বলছে, তারা কেবল এসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছিল।

    সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ইউএই ইরানের ভেতরে কিছু এলাকায় হামলা চালিয়েছিল।

    মঙ্গলবার রুবিও বলেছেন, তিনি পারস্য উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা নিয়ে আলোচনা করার পরিকল্পনা করছেন।

    তিনি ইউএই-তে পৌঁছানোর পর আরও বলেন, “কোনো দেশ আন্তর্জাতিক জলপথে টোল বা ফি আরোপ করতে পারে না। এটি বিদ্যমান আন্তর্জাতিক আইনের অংশ।”

    ইরান বলছে, হরমুজ প্রণালি কোনো আন্তর্জাতিক জলপথ নয়; এটি ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমার অংশ।

  18. আটকের পরদিনই চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

    চট্টগ্রামে পুলিশের হাতে আটকের একদিন পরই কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের একজন নেতা নুরুল আলমের মৃত্যু হয়েছে।

    নুরুল আলম যুবলীগের চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক ছিলেন।

    চট্টগ্রামের কারা কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম থেকে আটকের পর মঙ্গলবার সন্ধ্যায় ওই যুবলীগ নেতাকে আনা হয়েছিল চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে।

    কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বিবিসি বাংলাকে জানান, বুধবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন নুরুল আলম। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

    কারা কর্তৃপক্ষের দাবি, সকালে অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    জেল সুপার ইকবাল হোসেন জানান, প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, নুরুল আলমের হার্ট অ্যাটাক হয়েছে। লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

  19. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর

    • জুলাই সনদ বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠায় ব্যর্থতাসহ সরকারের কিছু পদক্ষেপ এবং মৌলিক মতপার্থক্যের কথা উল্লেখ করে সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সাত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।
    • যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর ক্ষমতার একটি 'সুশৃঙ্খল' হস্তান্তর নিশ্চিত করার লক্ষ্যে স্যার কিয়ের স্টারমার মঙ্গলবার অ্যান্ডি বার্নহামের সাথে বৈঠক করেছেন।
    • কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অন্তত ১৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
    • আওয়ামী লীগের কার্যক্রম এখন নিষিদ্ধ থাকলেও দলটি মানবতাবিরোধী অপরাধে যুক্ত ছিল কি না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই বিচারের পর রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে কি হবে না, সেটি নির্ধারিত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
    • ফ্রান্সের ইতিহাসে এ যাবতকালের উষ্ণতম দিন ছিল মঙ্গলবার। গরম থেকে বাঁচতে পানিতে ডুবে ৪০ জন মারা গেছে দেশটিতে।
    • আগামী ৪৮ ঘণ্টায় লালমনিরহাট, রংপুর জেলার নিম্নাঞ্চলে পানি বাড়তে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে সতর্ক বার্তা দিয়েছে।
    • অনলাইনে জুয়া ও বেটিং প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জুয়া প্রতিরোধ বিল, ২০২৬ পাস হয়েছে বাংলাদেশের জাতীয় সংসদে।
    • চব্বিশের জুলাইয়ের গণঅভ্যুত্থানে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, শিবলী রুবাইয়াত উল ইসলাম এবং নাজমুল আহসান কলিমুল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া বাংলা বিভাগের আরেক শিক্ষক তাশরিক-ই-হাবিব এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আজমল হোসেন ভুঁইয়াকে শিক্ষা ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট।
    • আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকার ধানমন্ডি, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, শেরেবাংলা নগর ও মহাখালীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের ভারত সফর নিয়ে তৈরি হওয়া বিতর্কের পর এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, জাহেদ উর রহমান তার ব্যক্তিগত বেসরকারি (প্রাইভেট) পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসেছিলেন। তার সার্ক ভিসা ছিল।
    • ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে একটি বিক্ষোভ কর্মসূচি শেষে সাংবাদিকদের ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দেওয়া নিয়ে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীর সাথে বাকবিতণ্ডা ও মারধরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় দুঃখপ্রকাশ করে খতিয়ে দেখার কথা জানিয়েছে জামায়াতে ইসলামী।
    • আগামী সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
  20. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে