আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

লাইভ, ভেনেজুয়েলায় ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ফলে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আট দিন আটকে থাকার পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে, বাংলাদেশে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. রাশিয়ার ‘সবচেয়ে ভয়াবহ’ হামলায় কিয়েভে অন্তত ২০ জন নিহত

    কিয়েভে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

    ইউক্রেনের রাজধানীতে এটিই "সবচেয়ে বড় হামলা" হিসেবে বর্ণনা করেছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো।

    তিনি জানিয়েছেন, রাশিয়ার চালানো এই হামলায় প্রায় ৯০ জন আহত হয়েছেন। হামলার শিকার স্থানগুলোর মধ্যে একটি অ্যাম্বুলেন্স স্টেশনও রয়েছে বলে জানান তিনি।

    কিয়েভে চালানো অতীতের হামলাগুলোতে নিহতের সংখ্যা এর থেকে বেশি হলেও এবারের হামলায় সবচেয়ে বেশি সংখ্যক অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং বিশাল এলাকাজুড়ে বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে।

    রাশিয়া আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এমন সতর্কবার্তার কয়েক ঘণ্টা পরই কিয়েভে হামলার ঘটনা ঘটে। এর আগেই অবশ্য কয়েকটি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল।

    মস্কো জানিয়েছে, রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলার প্রতিশোধ হিসেবে, তাদের ভাষ্য মতে- ইউক্রেনের সামরিক কারখানা লক্ষ্য করে আঘাত করা হয়েছে।

    ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, রাশিয়া "লক্ষ্য অর্জনের জন্য কিয়েভের ওপর চাপ অব্যাহত রাখবে"।

    মস্কোর বিরুদ্ধে বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছে ইউক্রেন। তারা বলছে, "আগ্রাসনকারী এবং আত্মরক্ষা করা একটি দেশের" কর্মকাণ্ডকে সমানভাবে দেখা ভুল হবে।

    এদিকে হতাহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে বলে জানিয়েছেন কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো।

  2. ভেনেজুয়েলায় আট দিন পর ধ্বংসস্তূপ থেকে একজনকে জীবিত উদ্ধার

    ভেনেজুয়েলায় ভূমিকম্পের ফলে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে আট দিন আটকে থাকার পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে।

    ধ্বংসস্তূপের ১৪০ টন ওজনের স্তূপের নিচে হার্নান গিল নামের ওই ব্যক্তিকে শনাক্ত করার একশ ঘণ্টারও বেশি সময় পর উদ্ধারকর্মীরা তাকে বের করে আনতে সক্ষম হন।

    এর আগে চিলির এক অগ্নিনির্বাপক কর্মী এই উদ্ধার অভিযানকে তার দেখা "সবচেয়ে জটিল এবং কারিগরিভাবে কঠিন অভিযান" হিসেবে বর্ণনা করেছিলেন।

    ভেনেজুয়েলা, চিলি, কোস্টারিকা, এল সালভাদর, মেক্সিকো, পর্তুগাল এবং যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দলগুলো হার্নান গিলকে মুক্ত করতে সহায়তা করেছে।

    গিলের কাছে পৌঁছানোর জন্য উদ্ধারকর্মীদের তৈরি করা পথগুলোর কিছু অংশ বেশ কয়েকবার ধসে পড়েছিল, যা তার পাশাপাশি উদ্ধারকারীদের জন্যও ঝুঁকি বাড়িয়ে তুলেছিল।

    কোস্টারিকা রেড ক্রসের রিকার্ডো আরিয়াস স্থানীয় সাংবাদিক জোয়ান ক্যামার্গোকে জানিয়েছেন, গিলের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

    তিনি আরও জানান যে, হার্নান গিলকে উদ্ধার করার পর পানি পান করাতে এবং স্যালাইন দিতে সক্ষম হয়েছেন তারা।

    আরিয়াস বলেন যে, শপিং সেন্টারটি ধসে পড়ার সময় গিল অলৌকিকভাবে পিষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছেন বলেই মনে হচ্ছে।

    গত ২৪শে জুন ভেনেজুয়েলায় আঘাত হানা ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৩০০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

  3. প্রাথমিকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির বিষয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী

    বাংলাদেশের প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকদের পদোন্নতি সংক্রান্ত আইনি জটিলতার অবসান হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, আইনি জটিলতা শেষ হওয়ায় প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৩৬ হাজার ২৩৫টি শূন্য পদে প্রধান শিক্ষকদের পদোন্নতি প্রক্রিয়া শুরু করবে সরকার।

    ২০১৭ সালে নিয়োগবিধির জ্যেষ্ঠতা নির্ধারণ সংক্রান্ত বিধি চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন ৩৮৩ জন শিক্ষক। এর ফলে গত নয় বছর যাবৎ প্রাথমিক বিদ্যালয়ে ৮০ শতাংশ কোটার বিপরীতে পদোন্নতি বন্ধ ছিল।

    এছাড়া প্রশিক্ষণ কেন্দ্র পর্যাপ্ত না থাকায় শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের সময়ও কমিয়ে আনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

    তিনি বলেন “যেহেতু আমাদের ট্রেনিং সেন্টার অপ্রতুল রয়েছে সেহেতু আমরা ইনিশিয়ালি দুই মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে পাঠিয়ে দিচ্ছি।”

  4. হামের উপসর্গ নিয়ে দেশে আরও পাঁচ জনের মৃত্যু

    বাংলাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    এ নিয়ে চলতি বছরের ১৫ই মার্চ থেকে দোসরা জুলাই সকাল আটটা পর্যন্ত হাম ও এই রোগের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭২৪ জনে।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, পহেলা জুলাই সকাল আটটা থেকে দোসরা জুলাই সকাল আটটা পর্যন্ত চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়, যার মধ্যে রাজধানী ঢাকাতেই মারা যায় তিনজন।

    এছাড়া এই সময়ে নতুন করে আক্রান্ত হয়ে এক হাজার ১১৯ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  5. বাংলাদেশকে তিস্তা প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখবে চীন

    তিস্তা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে কারিগরিসহ সব ধরনের সহায়তা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

    বৃহস্পতিবার ঢাকার চীন দূতাবাসে আয়োজিত ব্রিফিংয়ে এ নিয়ে কথা বলেন তিনি।

    রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

    ইয়াও ওয়েন বলেন, “তিস্তা মহাপরিকল্পনা নিয়ে চীন তার আগের অবস্থানেই রয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে সব ধরনের কারিগরিসহ অন্যান্য সহযোগিতা করতে প্রস্তুত বেইজিং।”

    এছাড়া বাংলাদেশ-মিয়ানমার-চীন করিডর বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

  6. নিষেধাজ্ঞা থাকা উচিত যেন শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে না যান: শিক্ষামন্ত্রী

    শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ বন্ধে একটি ‘রেগুলেশন’ বা আইনি নিষেধাজ্ঞা থাকা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশের শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

    বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

    শিক্ষকদের নির্বাচনমুখী হওয়া প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, স্থানীয় সরকার নির্বাচনে চার হাজারের বেশি চেয়ারম্যান পদ এবং ৪৯৩টি উপজেলা পরিষদ নির্বাচনে বিপুলসংখ্যক শিক্ষক অংশ নেন।

    “শিক্ষকরা শিক্ষকতা পেশায় থাকবেন, আর নির্বাচনে গেলে তারা রাজনীতির পেশায় যাবেন- দু’টি একসঙ্গে চললে এতে শ্রেণিকক্ষের শিক্ষা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়,” বলেন তিনি।

    মন্ত্রী বলেন, সাংবিধানিকভাবে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন। কিন্তু “নির্বাচন কমিশনের এমন একটি রেগুলেশন বা নিষেধাজ্ঞা থাকা উচিত; যেন শিক্ষকরা স্থানীয় সরকার নির্বাচনে না যান। যেতে হলে তারা যেন চাকরি ছেড়ে দিয়ে যান।”

  7. মানবাধিকার কমিশনে সরকারি নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়েছে: টিআইবি

    জাতীয় মানবাধিকার কমিশন সরকারের নিয়ন্ত্রণমুক্ত হওয়ার কথা থাকলেও নতুন খসড়া প্রস্তাবনায় আবারও সরকারি নিয়ন্ত্রণের সুযোগ রাখা হয়েছে বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

    বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে আয়োজিত সভায় এই মন্তব্য করেন সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

    তিনি বলেন, মানবাধিকার কমিশন নিয়ে ২০২৫ সালের অধ্যাদেশে যা বলা হয়েছিল তার অনেক কিছুই আইনের খসড়ায় পরিবর্তন করা হয়েছে।

    “এই আইনে সুস্পষ্টভাবে এটি উল্লেখ থাকা উচিক যে এই কমিশন একটি স্বাধীন সংস্থা হবে এবং সরকারের কোনো বিভাগের বা মন্ত্রণালয়ের কর্তৃত্বাধীন থাকবে না। কিন্তু সরকারের এক বা একাধিক মন্ত্রণালয়ের অধীনে রাখার কথাই বলা হয়েছে,” বলেন মি. ইফতেখারুজ্জামান।

    তিনি বলেন, বর্তমানে যে খসড়া হয়েছে তার উপর ভিত্তি করে কমিশন গঠন করা হলে অতীতে যেসব কারণে বাংলাদেশের মানবাধিকার কমিশন আন্তর্জাতিক মানদণ্ড পায়নি সেসব শর্তাবলী পূরণ করতে আবারও ব্যর্থ হবে।

    খসড়া আইনে বেশ কিছু সংশোধনীর প্রস্তাবও তুলে ধরেন টিআইবির নির্বাহী পরিচালক।

    অবশ্য কমিশনার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা হিসেবে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং সাজাপ্রাপ্ত কেউ কমিশনার হিসেবে যুক্ত হতে পারবেন না এই ধরনের বিষয়গুলো অন্তর্ভুক্ত হওয়া ইতিবাচক বলেও জানান তিনি।

  8. নির্বাচন কমিশনের কাছে নিজেদের ‘আসল তৃণমূল’ দাবি করলো 'ঋতব্রত শিবির'

    ভারতের নির্বাচন কমিশনের কাছে নিজেদের 'আসল তৃণমূল' বলে দাবি করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত ব্যানার্জী। তার নেতৃত্বে তৃণমূলের বিদ্রোহী সদস্যদের নিয়ে তৈরি ১০ জনের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে সাক্ষাৎ করে।

    তৃণমূলের তহবিলে থাকা টাকার মালিকানা ও জোড়া ফুলের প্রতীক তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর দলের কাছে থাকবে, না কি ঋতব্রত ব্যানার্জীর শিবির তা পাবে- সে বিষয়ে জল্পনা চলছে।

    এদিকে, কমিশনের সঙ্গে বৈঠকের পর ঋতব্রত ব্যানার্জী সাংবাদিকদের বলেন, “২২শে জুন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একটি বিশেষ অধিবেশন ছিল। অধিবেশনের পরপরই আমরা নির্বাচন কমিশনকে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে জানাই এবং কলকাতায় নির্বাচন কমিশনে দেখা করি। সেই সময় আমরা নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাতের জন্য অনুরোধ জানিয়েছিলাম।”

    “প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনাররা আজ ধৈর্য ধরে আমাদের কথা শুনেছেন। আমরা নিজেদের বক্তব্য তুলে ধরেছি। আমরা আশাবাদী যে নির্বাচন কমিশন শিগগিরই আমাদের সঙ্গে যোগাযোগ করবে।”

    অন্যদিকে, কুণাল ঘোষ, কল্যাণ ব্যানার্জীর মতো নেতারা বরাবরই ঋতব্রত ব্যানার্জী এবং তার সমর্থনে থাকা সদস্যদের বিরুদ্ধে সরব হয়েছেন। তৃণমূলের টিকিটে জিতে আসা বিধায়কদের নতুনভাবে নির্বাচনে জেতার জন্য চ্যালেঞ্জও জানিয়েছেন।

    সেই প্রসঙ্গে ঋতব্রত ব্যানার্জী বলেন, “আমি (মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন তৃণমূলের) দাবির বিষয়ে কথা বলতে চাই না। ২৯১টি আসনের সর্বত্র মমতা ব্যানার্জীর ছবি ছিল, তবুও টিএমসি হেরেছে। বাংলার জনরায় তৃণমূলের বিরুদ্ধে গেছে।”

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের পরাজয়ের পর দলের ৮০ জন বিধায়কের মধ্যে ৬৪ জন মমতা ব্যানার্জী নেতৃত্বাধীন দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় অভ্যন্তরীণ সংকট আরো তীব্র হয়ে উঠেছে। বিদ্রোহী দলটি পরে বিধানসভায় বিরোধীদলীয় নেতা হিসেবে ঋতব্রত ব্যানার্জীকে সমর্থন জানায় এবং মমতা ব্যানার্জী ও অভিষেক ব্যানার্জীকে একটি নতুন ৩০ সদস্যের জাতীয় কার্যনির্বাহী কমিটি (এনডব্লিউসি) ঘোষণা করে।

  9. ভোক্তাপর্যায়ে সিলিন্ডার গ্যাসের দাম কমলো

    ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি।

    যেখানে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম এক হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমিয়ে এক হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বৃহস্পতিবার এলপিজির নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি।

    নতুন এই দাম বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই কার্যকর হবে বলে জানানো হয়েছে।

    এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

    গত দোসরা জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে এক হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

  10. আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নেবেন বাংলাদেশের স্পিকার

    ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় যোগ দিতে তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

    বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে রওনা হন তিনি।

    জানাজায় অংশ গ্রহণ শেষে আগামী চৌঠা জুলাই স্পিকারের দেশে ফেরার কথা রয়েছে।

    আয়াতুল্লাহ খামেনি গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলায় নিহত হন। কিন্তু যুদ্ধ পরিস্থিতির কারণে এতদিনেও তার শেষকৃত্য সম্পন্ন করতে পারেনি তেহরান।

  11. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • বাংলাদেশে আরো তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)। এছাড়া রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকার নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলা প্রকল্পের অংশগুলো ঢাকার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
    • বুধবার বাংলাদেশের আবহাওয়া অফিস আগামী তিন মাসের পূর্বাভাসে জানিয়েছে, এসময় বাড়তে পারে তাপমাত্রা, তবে স্বাভাবিক থাকবে বৃষ্টিপাতের পরিমাণ।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন যে, ইরানের সঙ্গে আলোচনা ভালোভাবে চলছে এবং কাতারের সাথে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া বৈঠকগুলোও সফল হয়েছে।
    • ইরানের বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে চীন। একই সঙ্গে, একটি সামগ্রিক রাজনৈতিক সমাধানের লক্ষ্যে আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্র ও ইরানকে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের আহ্বানও জানিয়েছে বেইজিং।
    • যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় গত ২৮শে ফেব্রুয়ারি নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ কৃত্যানুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপকভাবে ফ্লাইট নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা।
    • বিশ্বকাপের নকআউট পর্বে মেক্সিকোর জয় উদযাপনের সময় দেশটির রাজধানী মেক্সিকো সিটিতে শ্বাসরোধ বা দম বন্ধ হয়ে মৃতের সংখ্যা চার জনে পৌঁছেছে।
  12. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে