আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন বাংলাদেশের মন্ত্রিসভার

বাংলাদেশে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি নামের নতুন একটি বাহিনী গঠনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অন্যদিকে ইরানের সঙ্গে চলমান আলোচনায় ‘বাধা হয়ে দাঁড়ালে’ মিত্র দেশ ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সরাসরি কভারেজ

রিপোর্টিং করছেন রাকিব হাসনাত, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. আজ সোমবার যা যা হলো:

    • ইরানের সঙ্গে চলমান আলোচনায় ‘বাধা হয়ে দাঁড়ালে’ যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • বাংলাদেশের মন্ত্রিসভা দেশের প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।এর ফলে ২০২৮-২৯ অর্থবছর হতে নতুন অর্থবছর (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারের সকলকার্যক্রম শুরু করা হবে।
    • বাংলাদেশের মন্ত্রিসভায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। এটি আইনে পরিণত হলে র‍্যাব বিলুপ্ত হয়ে এসআরবি নামে নতুন একটি বাহিনী গঠিত হবে।
    • বিন্না ঘাস কোন কোন প্রকল্পে ব্যবহার করা যায় তা পর্যালোচনার জন্য একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়। এই ঘাসের ব্যবহার বিষয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
    • ভারতীয় জনতা পার্টি তাদের বেশ কয়েকজন পুরোনো নেতাকে নতুন দায়িত্বে ফিরিয়েছে। এদের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, সুনীল বনসল।
    • বাংলাদেশের মোবাইল অপারেটর এয়ারটেল এখন থেকে নতুন পরিচয় 'সার্কেল' নামে যাত্রা শুরু করার ঘোষণা দিয়েছে। যদিও নাম পাল্টালেও মোবাইল নাম্বার, প্যাকেজ, ব্যালান্স, সার্ভিস বা মোবাইল ব্যাংকিং সেবার ধরন একই থাকবে।
    • বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রতিবেদন দিয়েছে সেটি অনুমান নির্ভর হওয়ায় তারা এ নিয়ে কোনো রিয়েকশন দিচ্ছেন না।
    • বাংলাদেশে ‘সন্দেহজনক হাম’ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭টি শিশুর মৃত্যু হয়েছে।
    • স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ব্যাটারিচালিত রিকশাগুলো সিটি কর্পোরেশন ও পৌরসভার রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে এবং এসব ই-রিকশা শুধুমাত্র সৌর বিদ্যুৎ দিয়েই রিচার্জ করতে হবে।
    • পশ্চিমবঙ্গের জনপ্রিয় হিন্দু-তীর্থক্ষেত্র বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। গুরুতর জখম হয়ে অসুস্থ একাধিক।

    বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. ইরান ইস্যুতে ‘বাধা হলে’ ওমানে বোমা হামলার হুমকি দিলেন ট্রাম্প

    ইরানের সঙ্গে চলমান আলোচনায় ‘বাধা হয়ে দাঁড়ালে’ যুক্তরাষ্ট্রের মিত্র দেশ ওমানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ফক্স নিউজের একজন সাংবাদিক জানিয়েছেন যে, সোমবার এক ফোনালাপের সময় ট্রাম্প এই মন্তব্য করেন।

    একই সময়ে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি-এর সরাসরি গোপন যোগাযোগ বা ব্যাকচ্যানেল আছে।

    পরে অবশ্য আইআরজিসি এই দাবি প্রত্যাখ্যান করে বলেছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনায় জড়িত নয়।

    অন্যদিকে ইরানি কর্মকর্তারা সোমবার বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছেন তারা।

    এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরবর্তী আলোচনা চালিয়ে যাওয়ার জন্য করা ৬০ দিনের সমঝোতা স্মারক এর মেয়াদ সোমবার শেষ হচ্ছে। এই স্মারকে উভয় দেশ চূড়ান্ত একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আরও আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।

    ওমান এই সংঘাতে নিজেকে নিরপেক্ষ দেশ হিসেবে দাবি করে। তবে সংঘাত শুরু হওয়ার পর দেশটি ইরানের কাছ থেকে বেশ কয়েকটি হামলার শিকার হয়েছে।

    এখন আবার হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরানের সঙ্গে আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে ওমান।

    গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর থেকে তেহরান মূলত গুরুত্বপূর্ণ এই জলপথটি বন্ধ করে রেখেছে।

    বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি এই প্রণালি দিয়ে পরিবহন করা হয়। তাই এটি খুলে দেওয়া আলোচনার অন্যতম প্রধান বিষয় হয়ে উঠেছে।

    ওয়াশিংটনও হরমুজ প্রণালি আবার চালুর জন্য নিজস্ব চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইয়িংস্ট ট্রাম্পকে উদ্ধৃত করে বলেন: “ওমান যদি পথে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে আমরা তাদের ওপর চরম মাত্রায় বোমা হামলা চালাব”।

  3. পাল্টে যাচ্ছে বাংলাদেশের অর্থবছর, কার্যকর ২০২৮-২৯ থেকে

    বাংলাদেশের মন্ত্রিসভা দেশের প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।এর ফলে ২০২৮-২৯ অর্থবছর হতে নতুন অর্থবছর (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারের সকলকার্যক্রম শুরু করা হবে।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আজ এ সিদ্ধান্ত হয়েছে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে।

    বাংলাদেশে অর্থবছর ১লা জুলাই হতে৩০ জুন হিসাব করা হয়।

    মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ মাধ্যমে পাঠানো প্রেস ব্রিফে বলা হয়েছে, জুলাই-আগস্ট মাসে অর্থাৎ বর্ষাকালে অবকাঠামো উন্নয়নকার্যক্রম চলমান থাকে, ফলে বর্ষার কারণে একদিকে কাজ দীর্ঘায়িত হয়, কাজের গুণগত মানক্ষতিগ্রস্ত হয়, এবং ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়।

    “এপ্রিল-মার্চ সময়কে অর্থবছরহিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করাসম্ভব হবে। এজন্য১লা এপ্রিল থেকে ৩১শে মার্চ অর্থবছর নির্ধারণ যুক্তিযুক্ত,” প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

    এতে বলা হয়েছে, আগামী ২০২৭-২৮ অর্থবছরকেট্রানজিশনাল অর্থবছর হিসেবে বিবেচনা করে ৯ মাসে অর্থবছর (জুলাই-মার্চ) শেষ করা এবংএরপর ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন অর্থবছর (এপ্রিল-মার্চ) অনুযায়ী সরকারের সকলকার্যক্রম শুরু করা হবে।

  4. র‍্যাব বিলুপ্তি করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন বাংলাদেশের মন্ত্রিসভার

    বাংলাদেশের মন্ত্রিসভায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। এটি এখন ভেটিং-এর জন্য লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে যাবে। এর আগে এর খসড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল।

    লেজিসলেটিভ বিভাগে ভেটিং শেষে এটি বিল আকারে জাতীয় সংসদে উত্থাপিত হবে এবং সেখানে পাশ হলে এটি আইনে পরিণত হবে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই আইনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো: বিদ্যমান র‍্যাবকে বিলুপ্ত করে পুলিশ বিভাগের অধীনে এসআরবি নামে একটি বিশেষায়িত ইউনিট গঠিত হবে।

    এতে নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

    র‍্যাব ২০০৪ সালে খালেদা জিয়ার সরকারের আমলে পুলিশের বিশেষ বাহিনী হিসেবে গঠন করা হয়েছিল। শুরু থেকেই এই বাহিনীটির বিরুদ্ধে কথিত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ উঠতে থাকে।

    পরবর্তীতে আওয়ামী লীগ সরকারের সময়ে এ ধরনের অভিযোগে আরও অনেকে বেড়ে গিয়েছিল এবং কক্সবাজারের একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনার পর এই বাহিনী এবং এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

    শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বরে বিএনপির গঠিত পুলিশ প্রশাসন সংস্কার কমিটি আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে করে র‍্যাবের বিলুপ্তি দাবি করেছিল।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এসআরবি গঠনের জন্য প্রস্তাবিত আইনের যে খসড়া প্রকাশ করা হয়েছিল সেখানে বলা হয়েছিল- অন্য আইনে যাই থাকুক এই আইনের অধীনে তল্লাশি, আটক, জব্দকরণ ও গ্রেফতার করার ক্ষেত্রে এই ইউনিটের একজন কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

  5. বিন্না ঘাসের ব্যবহার নিয়ে প্রধানমন্ত্রীর সভা

    বিন্না ঘাস কোন কোন প্রকল্পে ব্যবহার করা যায় তা পর্যালোচনার জন্য অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডঃ রাশেদ আল মাহমুদ তিতুমীরের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

    এই কমিটিতে শিক্ষক ও গবেষক ড. মোহাম্মদ শরীফুল ইসলামকে রাখা হয়েছে। তিনি আজ এক সভায় এই ঘাসের ব্যবহার নিয়ে একটি প্রস্তাবনা তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হওয়া এক সভায়।

    সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই ঘাসের ব্যবহার বিষয়ে একটি গাইডলাইন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

    সভায় জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশে বাঁধ ভাঙন মোকাবিলায় এই বিন্না ঘাসের ব্যবহার হচ্ছে। বিন্না ঘাসের লম্বা মূল বা শিকড় খুব দ্রুত মাটির গভীরে প্রবেশ করে এবং মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে।

    এছাড়া প্রচণ্ড ঠান্ডা ও তীব্র গরমসহ প্রতিকূল পরিবেশেও এই ঘাস বেঁচে থাকতে পারে। পানিতে ডুবে থাকলেও এটি পচে না এবং লবণাক্ত পানিতেও টিকে থাকতে পারে।

  6. তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ সৌদি প্রধানমন্ত্রীর

    বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।

    প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সচিবালয়ে আজ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আমন্ত্রণপত্র হস্তান্তর করেছে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ।

    পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

  7. দলের দায়িত্বে ফিরলেন স্মৃতি ইরানি, বিজেপিতে আরও রদবদল

    ভারতীয় জনতা পার্টি তাদের বেশ কয়েকজন পুরোনো নেতাকে নতুন দায়িত্বে ফেরালো। বিজেপির জাতীয় সভাপতি নিতিন নবীন সোমবার ১৩ জন নেতাকে জাতীয় সহ-সভাপতি হিসেবে নিয়োগের কথা ঘোষণা করেছেন।

    জাতীয় সাধারণ সম্পাদকের তালিকায় রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, সুনীল বনসল।

    রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়া, উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তীর্থ সিং রাওয়াত, দিল্লির রাম মাধব, ওড়িশার বৈজয়ন্ত জয় পান্ডা, , মহারাষ্ট্রের ভারতী প্রবীণ পাওয়ার এবং পাঞ্জাবের মনপ্রীত সিং এবং অন্ধ্রপ্রদেশের ডি পুরন্দেশ্বরীকে জাতীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

    পাশাপাশি উত্তরপ্রদেশের রেখা ভার্মা বাদলকেও জাতীয় সহ-সভাপতি করা হয়েছে।

    নতুন কমিটিতে বি এল সন্তোষকে জাতীয় সাধারণ সম্পাদক (সংগঠন)-এর পদ দেওয়া হয়েছে।

    এছাড়াও, দুজনকে জাতীয় যুগ্ম সম্পাদক (সংগঠন), আটজনকে জাতীয় সাধারণ সম্পাদক এবং ১৬ জন নেতাকে জাতীয় সম্পাদক করা হয়েছে।

    তালিকাটি নিতিন নবীন নিজেই তার এক্স হ্যান্ডেলে প্রকাশ করেছেন।

  8. বাংলাদেশে আল-কায়েদা প্রসঙ্গে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আল কায়েদার তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যে প্রতিবেদন দিয়েছে সেটি অনুমান নির্ভর হওয়ায় তারা এ নিয়ে কোনো রিয়েকশন দিচ্ছেন না।

    সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি প্রথমে বলেন, “আমি এখনো পড়িনি সে রিপোর্ট”।

    পরে আবারো প্রশ্ন করা হলে তিনি বলেন, “পত্রিকান্তরে আমি শুনেছি। হয়তো কিছু অবজারভেশন থাকতে পারে। ওখনে বলা হয়েছে তারা অনুমান করেছে এটা হতে পারে। অনুমান নির্ভর রিপোর্টের ওপর আমরা কোনো রিয়েকশন দিতে পারি না”।

    প্রসঙ্গত, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 'অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম'-এর সাম্প্রতিক একটি প্রতিবেদনে আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা একিউআইএস নিয়ে নতুন তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে যে, একিউআইএস একটি খণ্ডিত গোষ্ঠী থেকে আঞ্চলিক সন্ত্রাসী সংগঠনে রূপান্তরিত হচ্ছে। বড় ইউনিটের বদলে তারা এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ছোট ছোট সেলের মাধ্যমে কাজ করছে।

    এর পাশাপাশি সংগঠনটি শক্তিশালী লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্ক গড়ে তুলেছে বলেও দাবি করা হয়েছে।

    একিউআইএস-এর কর্মকাণ্ডের একটি উদাহরণ হিসেবে দিল্লির লাল কেল্লায় হামলার বিষয়টি প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

    ২০২৫ সালের নভেম্বরে হওয়া ওই হামলার জন্য আনুষ্ঠানিকভাবে সংগঠনটিকে দায়ী করা হয়েছে।

    সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো- সংগঠনটি বাংলাদেশে তাদের সেল গঠনের চেষ্টা করছে, এই তথ্য প্রতিবেদনে জানিয়েছে ইউএনএসসি।

    প্রতিবেদন অনুযায়ী, একিউআইএস-এর শীর্ষ নেতৃত্ব আফগানিস্তানের কাবুলে অবস্থান করছে। তাদের তাজকিরা (তালেবানের দেওয়া পরিচয়পত্র) দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

    গত ১০ই অগাস্ট প্রকাশ করা এই প্রতিবেদনে, ২০২৫ সালের ১৫ই ডিসেম্বর থেকে চলতি বছরের নয়ই জুন পর্যন্ত আল-কায়েদা ও সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর কার্যক্রম ও পরিস্থিতি বিশ্লেষণ করা হয়েছে।

  9. এয়ারটেলের এখন থেকে নতুন নাম 'সার্কেল'

    বাংলাদেশের মোবাইল অপারেটর এয়ারটেল এখন থেকে নতুন পরিচয় 'সার্কেল' নামে যাত্রা শুরু করার ঘোষণা দিয়েছে। যদিও নাম পাল্টালেও মোবাইল নাম্বার, প্যাকেজ, ব্যালান্স, সার্ভিস বা মোবাইল ব্যাংকিং সেবার ধরন একই থাকবে।

    সোমবার ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়েছে।

    এয়ারটেলের মূল প্রতিষ্ঠান রবি অজিহাটা জানিয়েছে, এখন যারা এয়ারটেল ব্যবহার করছেন, তারা সবাই স্বয়ংক্রিয়ভাবেই সার্কেলের গ্রাহক হয়ে যাবেন।

    উল্লেখ্য, এয়ারটেল আলাদা মোবাইল অপারেটর হিসাবে যাত্রা করলেও ২০১৬ সালে রবি অজিয়াটার সাথে এক হয়ে যায়।

  10. ছয় মাস বা ১৮০ দিনে আইনশৃঙ্খলার দৃশ্যমান উন্নতি হয়েছে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি সাধিত হয়েছে। জনগণের প্রত্যাশা অনুযায়ী এটিকে আরও সুসংহত করতে কিছুটা সময় প্রয়োজন।

    “আমাদের এখন মাত্র ৬ মাস পার হলো। এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ আপনারা দেখেছেন। বিগত ১৮০ দিনে সরকার কর্তৃক গৃহীত ও বাস্তবায়িত বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচি জনগণের নিকট প্রশংসিত হয়েছে,” সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন তিনি।

    তিনি আরো বলেন, ''ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি ও গ্যাস সংকটের ধাক্কা বিশ্বব্যাপী অনুভূত হলেও সরকার তাৎক্ষণিকভাবে দেশে জ্বালানি তেলের দাম বাড়ায়নি। বোরো মৌসুমে কৃষকদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করতে সরকার প্রায় এক মাস পর্যন্ত মূল্য বৃদ্ধি স্থগিত রাখে এবং পরবর্তীকালে সহনীয় মাত্রায় সমন্বয়ের সিদ্ধান্ত নেয়। অথচ উক্ত সময়ে বিশ্ববাজারসহ প্রতিবেশী দেশগুলোতে জ্বালানির দাম প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছিল।''

    মন্ত্রী বলেন, আমদানিনির্ভরতা হ্রাস করতে দেশের অভ্যন্তরে এবং অফশোর ও অনশোরে নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে, যার ফলে আগামী কয়েক বছরের মধ্যে এ সমস্যার টেকসই সমাধান অর্জিত হবে।

    স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের সঠিক নীতি ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলে দেশে খাদ্যের একটি মজবুত ও নিরাপদ মজুদ গড়ে তোলা সম্ভব হয়েছে।

  11. হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

    ‘সন্দেহজনক হাম’ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৭টি শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৮১ জন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

    স্বাস্থ্য বিভাগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত পনেরই মার্চ থেকে এ পর্যন্ত মোট ৮১৬ জন সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।

    এতে জানানো হয়েছে, গত চব্বিশ ঘণ্টায় হাম রোগ নিশ্চিত হয়েছে ৫০ জনের। এ নিয়ে গত পনেরই মার্চ থেকে দেশে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ হাজার ৯৩০।

    স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে ১৬ অগাস্ট সকাল আটটা থেকে ১৭ই অগাস্ট সকাল আটটা পর্যন্ত সময়ের যে তথ্য দেওয়া হয়েছে তাতে নিশ্চিত হাম রোগে মৃত্যুর তথ্য নেই। যারা মারা গেছে তাদের সন্দেহজনক হাম রোগে আক্রান্ত বলা হচ্ছে।

    ওই প্রতিবেদন অনুযায়ী, পনেরই মার্চ থেকে এখন পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৭৭৮জন। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগী ছিলেন ১ লাখ ২০ হাজার ৯১৩জন।

  12. সৌর বিদ্যুৎ ছাড়া ব্যাটারি রিকশা রিচার্জ করলে জরিমানা হবে, নিতে হবে ফিটনেস সনদ

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ব্যাটারিচালিত রিকশাগুলো সিটি কর্পোরেশন ও পৌরসভার রেজিস্ট্রেশনের আওতায় আনা হচ্ছে এবং এসব ই-রিকশা শুধুমাত্র সৌর বিদ্যুৎ দিয়েই রিচার্জ করতে হবে।

    “সৌর বিদ্যুতের বাইরে রিচার্জ করলে ব্যাটারিচালিতা বা ই-রিকশাগুলোকে রেজিস্ট্রেশন দিবো না ও নবায়ন করবো না। তারা সৌর বিদ্যুৎ ছাড়া রিচার্জ করলে জরিমানা হবে,” স্থানীয় সরকার বিভাগে এক সভায় তিনি একথা বলেছেন।

    প্রতিমন্ত্রী জানান, ঢাকাকে আটটি জোনে ভাগ করে আট রংয়ের ই-রিকশা (ব্যাটারিচালিত) চালুর অনুমতি দেওয়া হবে এবং এক জোনের রিকশা যেন অন্য জোনে যেতে না পেরে সেটি নিশ্চিত করা হবে।

    “ইলেকট্রিক রিকশাগুলোর বিষয়ে এখন বিধিমালা তৈরির কাজ করছে যেখানে তাদের জন্য কিছু শর্ত দেওয়া হবে। তারা যে রিচার্জ করবে সেটা অবশ্যই সৌর বিদ্যুৎ দিয়ে করতে হবে। সেটা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো। এর রেজিস্ট্রেশন বিআরটিএ করবে না। রেজিস্ট্রেশন করবে সিটি কর্পোরেশন। এ বিষয়ে সংসদে আইন পাশ করা আছে। তার আলোকে আমরা বিধিমালা করছি,” বলেছেন তিনি।

    তিনি বলেন, “বিধিমালায় রেজিস্ট্রেশন ফি, নবায়ন ফি নির্ধারণ করে দেওয়া হবে। আমরা রেজিস্ট্রেশন নবায়নে পূর্বশর্ত দিয়েছি যে সরকারি পলিটেকনিক ইন্সটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। নবায়নের সময় আবার ফিটনেস আবার নিতে হবে”।

  13. ছয় মাসে সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নিরলস কাজ করেছে: বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখপাত্র

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, গত ৬ মাসে সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে নিরলস কাজ করেছে। তার মতে, গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার অন্তহীন পথ চলছে।

    সরকারি বার্তা সংস্থা বাসস জানিয়েছে, তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এক বিশেষ মতবিনিময় সভায় সরকারের গত ছয় মাসের সার্বিক কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপস্থাপনকালে তিনি এসব কথা বলেন।

    মাহদী আমিন বলেন, প্রথম মন্ত্রিসভার বৈঠকেই ১৩ লক্ষ কৃষক পরিবারের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ মওকুফ করা হয়। এছাড়া কৃষকদের জন্য 'কৃষক কার্ড', নারীদের জন্য 'ফ্যামিলি কার্ড', প্রবাসীদের জন্য 'প্রবাসী কার্ড', ইমাম-মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় গুরুদের জন্য সম্মানী ভাতা এবং দেশজুড়ে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি পুনরুজ্জীবিত করা হয়েছে।

    মাহদী আমিন বলেন, “সংসদে রেকর্ড সংখ্যক অধ্যাদেশকে আইনে রূপান্তর এবং সন্ত্রাসবিরোধী সংশোধিত অধ্যাদেশের মাধ্যমে স্বৈরাচারী রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে”।

    জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়া, চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ কোম্পানির সাথে আলোচনার কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, ‘সবার আগে বাংলাদেশ' নীতির ওপর ভিত্তি করে মর্যাদাপূর্ণ ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করা হচ্ছে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী ও ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান।

  14. পশ্চিমবঙ্গের তারাপীঠের হোটেলে আগুনে আটজনের মৃত্যু, গ্রেফতার মালিক

    পশ্চিমবঙ্গের জনপ্রিয় হিন্দু-তীর্থক্ষেত্র বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে আগুন লেগে অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে। গুরুতর জখম হয়ে অসুস্থ একাধিক। তাদের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।

    অগ্নি-সুরক্ষা ব্যবস্থায় গাফিলতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ওই হোটেলের মালিক কল্যাণ পালকে।

    দমকল সুত্রে জানানো হয়েছে, বিদ্যুতের লাইনে শর্ট সার্কিটের জেরে এই আগুন লেগেছে। স্থানীয়রা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সামনের দিকের দরজার কাছে আগুন লাগে। কিন্তু পেছনের দিকে দরজাটিও বন্ধ ছিল।

    অবশ্য মালিকপক্ষ জানিয়েছে, পিছনের দরজাটি খুঁজে পাচ্ছিলেন না ভিতরে আটকে থাকা মানুষজন ফলে সামনের দিক থেকে বের হতে গিয়ে আগুনের মুখে পড়েন তারা।

    হোটেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল না বলে জানানো হয়েছে মালিকের তরফে।

    আজ ১৭ই অগাস্ট বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণ মাসের শেষ সোমবার। হিন্দুধর্মের অনুসারীদের কাছে এই দিনটি পবিত্র। ওই হোটেলে যারা ছিলেন তাদের অনেকেই পুণ্যার্থী বলে জানা গিয়েছে।

  15. হামাসের সঙ্গে বিরল আলোচনা কুশনারের, এরপর গেলেন ইসরায়েল

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত জ্যারেড কুশনার ইসরায়েলে পৌঁছেছেন। সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।

    এর আগে কুশনার হামাসের সঙ্গে বিরল এক আলোচনায় বসেন। সেখানে যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়েছে।

    গত মাসে ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’জানায়, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে ‘সম্পূর্ণ নিরস্ত্রীকরণ’ করার বিষয়ে একটি সমঝোতা হয়েছে।

    তবে গত সপ্তাহে ইসরায়েল ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছিল। ওই পরিকল্পনায় ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহার এবং নতুন একটি বেসামরিক ফিলিস্তিনি প্রশাসনের অধীনে গাজা পুনর্গঠনের কথাও বলা হয়েছে।

    রোববার আটটি মুসলিম দেশ ইসরায়েলের এই পরিকল্পনা প্রত্যাখ্যানের নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে।

    ট্রাম্পের নেতৃত্বে গঠিত বোর্ড অব পিসপ্রথমে গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে তৈরি করা হয়েছিল। পরে এর কার্যক্রম বিশ্বের অন্যান্য সংঘাতেও সম্প্রসারিত করা হয়।

    একজনফিলিস্তিনি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, রোববার মিশরে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে হামাসের নতুন নেতা খলিল আল-হাইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের বৈঠক হয়েছে।

    পরে এক বিবৃতিতে হামাস মধ্যস্থতাকারী ও বোর্ডঅব পিসকে ইসরায়েলকে পরবর্তী পদক্ষেপের রোডম্যাপ অনুমোদনে ‘বাধ্য করার আহবান জানায়।

    তবে নেতানিয়াহুর জন্য পরিস্থিতি সহজ নয়। ক্ষমতা ধরে রাখতে তাকে অক্টোবরে একটি কঠিন নির্বাচনের মুখোমুখি হতে হবে। তার জোটে এমন কয়েকজন মন্ত্রী রয়েছেন, যারা গাজার বিষয়ে আরও কঠোর অবস্থান নেওয়ার পক্ষে।

  16. রোববার সারাদিন যা যা হয়েছে

    • দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে কমপক্ষে দুই বছর সময় লাগতে পারে বলে মনে করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
    • দেশের চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট সমাধানে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিজেদের পরিকল্পনা দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চ্যালেঞ্জের জবাবে চার দফা প্রস্তাব দিয়েছে জামায়াতে ইসলামী।
    • রাশিয়া ও ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রোববার ব্যাপক ড্রোন হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। দক্ষিণ রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর জানিয়েছেন, রাতভর ইউক্রেনের চালানো হামলায় ওই এলাকায় পাঁচজন নিহত হয়েছেন।
    • সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যে কোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফরের সম্ভাবনা আপাতত বাতিল হয়ে গেছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ আনুষ্ঠানিকভাবে বলেছে, "এই সফরের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন"।
    • আগামী ২০শে অগাস্ট অনুষ্ঠিতব্য রাষ্ট্রপতি পদে নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত জোট সমর্থিত প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
    • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনা ও অপরিকল্পিত পদক্ষেপের কারণেই দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট তৈরি হয়েছে। এ কারণে দেশের সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে।

    বিবিসি বাংলায় আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসিবাংলার মূল পাতায়।

  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে