আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন

আমাকে মূল ওয়েবসাইটে/সংস্করণে নিয়ে যান

এই ডেটা-সাশ্রয়ী সংস্করণ সম্পর্কে আরও জানুন

বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তা বরখাস্ত

বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার ঘটনায় জামায়াতের বহিষ্কৃত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলামকে প্রথম স্ত্রীসহ রিমান্ডে পেয়েছে পুলিশ। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোটিং করেছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সায়েদুল ইসলাম।

  1. সোমবার সারাদিন যা যা হলো

    • বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
    • হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে সিএনএন, পলিটিকো এবং এমএস নাও, এই তিনটি মার্কিন গণমাধ্যম।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের সাথে যুদ্ধের কারণে রাশিয়া নিজেদের ডিজেল তেল ব্যবসায় “দুর্ভাগ্যবশত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।”
    • যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসনেট বলেছেন, আগামীকাল থেকে বৈশ্বিক আকাশসীমা সকল ইরানি এয়ারলাইন্সের জন্য বন্ধ করে দেওয়া হবে।
    • সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা চালানোর অভিযোগ এনে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চারশো’র বেশি শিক্ষকের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।
    • জাতীয় সংসদের স্পিকারের চিঠি পেলে সাতক্ষীরা – ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জন মারা গেছে। অন্যদিকে, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে।
    • টাইফুন দুজুয়ানের কারণে ১৯ লাখের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জাপান।
    • যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।
    • দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেফতার সাতক্ষীরা - ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
    • প্রতিবেশী রাষ্ট্রগুলোতে জ্বালানি তেল পাচার হওয়ার ঝুঁকি এড়াতে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  2. বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতের অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন ছয় কর্মকর্তা বরখাস্ত

    বিনা অনুমতিতে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামানসহ ছয় পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।

    চাকরি থেকে পলায়ন ও অনুমতি ছাড়া কর্মস্থলে অননুমোদিতভাবে অনুপস্থিত থাকায় ২০২৪ ও ২০২৫ সালে দায়ের করা বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ার পর তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

    সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বাংলাদেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস এই খবর প্রকাশ করেছে।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

    বরখাস্ত হওয়া অন্য কর্মকর্তারা হলেন, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে, পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন, অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রাজীব দাস এবং সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল।

    প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, মো. আসাদুজ্জামান ২০২৪ সালের ১৭ ই সেপ্টেম্বর রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে যোগ দেন। একই দিন থেকে ওই বছরের ২১ শে সেপ্টেম্বর পর্যন্ত ছুটি নিয়ে সারদা ত্যাগ করেন।

    তবে ছুটি শেষে তিনি কর্মস্থলে যোগ দেননি এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই অনুপস্থিত থাকেন। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। পলায়নের অভিযোগে ২০২৪ সালের ১৭ ই সেপ্টেম্বর থেকে তার বরখাস্তের আদেশ কার্যকর করা হয়েছে।

    পলাশ রঞ্জন দে ২০২৫ সালের ১২ ই অগাস্ট থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় দায়ের করা বিভাগীয় মামলার তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়। কারণ দর্শানোর নোটিশের জবাবও তিনি দেননি। তার বরখাস্তের আদেশ ২০২৫ সালের ১২ ই আগস্ট থেকে কার্যকর করা হয়েছে।

    মোহাম্মদ ছানোয়ার হোসেন ২০২৫ সালের পহেলা জানুয়ারি থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এর আগে তিনি পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

    তার বিরুদ্ধে করা বিভাগীয় মামলায় অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

    অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জায়েদুল আলম ২০২৪ সালের চৌঠা নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। ওই বছরের ১২ই অক্টোবর চিকিৎসার জন্য ছুটি নিয়ে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগ করেন তিনি।

    ছুটি শেষেও কর্মস্থলে না ফেরায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয় এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার বরখাস্তের আদেশ ২০২৪ সালের চৌঠা নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

    রাজীব দাস ২০২৪ সালের দোসরা নভেম্বর থেকে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

    ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তার বরখাস্তের আদেশ ২০২৪ সালের দোসরা নভেম্বর থেকে কার্যকর হয়েছে।

    সাবেক পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল ২০২৫ সালের ১৯ শে ফেব্রুয়ারি থেকে অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত। তিনি সিরাজগঞ্জের সাবেক পুলিশ সুপার। তার বিরুদ্ধেও বিভাগীয় মামলা করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে অবহেলা, কর্তৃপক্ষের আদেশ অমান্য এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বরখাস্তের আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  3. হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ায় ট্রাম্পের বিরুদ্ধে মামলা করবে সিএনএনসহ তিন গণমাধ্যম

    হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছে সিএনএন, পলিটিকো এবং এমএস নাও, এই তিনটি মার্কিন গণমাধ্যম।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গত শুক্রবার ঘোষণা করেছিলেন, তার প্রশাসন সম্পর্কে “বানোয়াট এবং মিথ্যা তথ্য” প্রকাশের অভিযোগে তিনি এই তিনটি সংবাদমাধ্যমের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করবেন।

    এই তিনটি গণমাধ্যম জানিয়েছে, শনিবার প্রবেশাধিকার বন্ধ করে দেয়ার পর তাদের সাংবাদিকরা হোয়াইট হাউস ভবনে প্রবেশ করতে পারেনি এবং তাদের প্রেস কার্ডগুলোও জব্দ করা হয়েছে।

    সোমবার এক যৌথ বিবৃতিতে এই তিনটি গণমাধ্যম আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

    তারা বলেছে, “সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী নিজেদের অধিকার রক্ষা এবং সংবাদমাধ্যম কী প্রতিবেদন বা প্রকাশ করবে সেটি নির্ধারণ করা যুক্তরাষ্ট্রের সরকারের কাজ নয়।”

    যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনীতে সংবাদপত্রের স্বাধীনতায় সরকারের “হস্তক্ষেপ” নিষিদ্ধ করা হয়েছে।

    সিএনএন, পলিটিকো এবং এমএস নাও এক যৌথ বিবৃতিতে বলেছে, “কোনো ধরনের পূর্ব নোটিশ বা যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই হোয়াইট হাউস আমাদের প্রেস পাস বাতিল করেছে, কারণ তারা আমাদের প্রতিবেদনের সাথে একমত হতে পারেনি।”

    বিবৃতিতে আরো বলা হয়েছে, “এই পদক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা না হলে, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সরকারি হস্তক্ষেপমুক্ত স্বাধীন সাংবাদিকতা পেতে জনগণের অধিকারের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।”

    বিবিসি নিউজ এ বিষয়ে মন্তব্যের জন্য হোয়াইট হাউসের সাথে যোগাযোগ করেছে।

    গত সপ্তাহে ট্রাম্প যখন এই নিষেধাজ্ঞার ঘোষণা দেন, তখন তিনি এমন কোনো সুনির্দিষ্ট প্রতিবেদন বা সংবাদের কথা উল্লেখ করেননি যেটি এই সিদ্ধান্তের কারণ ছিল।

    তবে পরে তিনি বলেন, “এটি মূলত গত কয়েক বছর ধরে প্রকাশিত হওয়া প্রতিবেদনগুলোর একটি কালেকশন।”

    প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, “অন্যান্য গণমাধ্যমও তাদের সাথে যুক্ত হতে পারে।”

    এ কথা বলতে তিনি কী বুঝিয়েছেন পরে একজন সাংবাদিক ট্রাম্পের কাছে সেটি জানতে চাইলে উত্তরে তিনি বলেন, “আপনার কি মনে হয় আরো ফেইক বা ভুয়া গণমাধ্যম যুক্ত হতে যাচ্ছে? দেখুন, নিউ ইয়র্ক টাইমস ভুয়া গণমাধ্যম, ওয়াশিংটন পোস্টও ভুয়া গণমাধ্যম।”

    ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস এবং বিবিসিসহ বেশ কয়েকটি আমেরিকান ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন মি. ট্রাম্প।

    এর মধ্যে কয়েকটি মামলার জেরে সংবাদমাধ্যমগুলো মিলিয়ন মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে রাজী হয়েছে।

    তবে বিবিসির বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের দায়ের করা মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।

  4. ইউক্রেন যুদ্ধের কারণে ডিজেল ব্যবসায় নিয়ন্ত্রণ হারিয়েছে রাশিয়া: ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের সাথে যুদ্ধের কারণে রাশিয়া নিজেদের ডিজেল তেল ব্যবসায় “দুর্ভাগ্যবশত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।”

    সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, রাশিয়ার একটি বড় সংখ্যক ডিজেল শোধনাগার লক্ষ্যবস্তু হয়েছে এবং সেগুলোর কার্যক্রম “অন্তত সাময়িকভাবে” বন্ধ রয়েছে।

    তিনি বলেন, “এই বিরক্তিকর এবং অন্তহীন যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে।”

    ট্রাম্প মনে করেন, এই যুদ্ধ পুরো বিশ্বকে প্রভাবিত করছে কারণ প্রতি মাসে প্রায় ২৫ হাজার মানুষ মারা যাচ্ছে, যাদের বেশিরভাগই সৈনিক।

    ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন ইউক্রেনের ড্রোন হামলার কারণে রাশিয়ার তেল শোধনাগারগুলোর সক্ষমতা হ্রাস পাওয়া এবং বৈশ্বিক বাজারে ডিজেল ও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

  5. টাইফুন দুজুয়ানের প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত ও তীব্র বাতাসের মুখে জাপানের বাসিন্দারা

  6. আগামীকাল থেকেই সকল ইরানি এয়ারলাইন্সের ওপর নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে: বেসনেট

    যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসনেট বলেছেন, আগামীকাল থেকে বৈশ্বিক আকাশসীমা সকল ইরানি এয়ারলাইন্সের জন্য বন্ধ করে দেওয়া হবে।

    প্রায় দুই সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ২৭টি ইরানি এয়ারলাইন্সকে তাদের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

    মি. বেসনেট বলেছেন, ইরানের সাথে এই যুদ্ধ কতদিন চলবে সেটি তিনি জানেন না, তবে ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে চীনের সাথে কথা বলেছেন বলে জানান।

    দুই দিনের মধ্যে চীনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র সফর করতে যাচ্ছেন এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ইরানের ওপর নিষেধাজ্ঞাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

    এর আগে মি. বেসনেট জানিয়েছিলেন, চীনের ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠকের পথ সুগম করবেন তিনি।

    সেপ্টেম্বরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের সরকার ইরানকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার একটি পরিকল্পনা ঘোষণা করে।

    এই পরিকল্পনার আওতায় প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞার মাধ্যমে ব্যাংকিং ও বাণিজ্য খাত, প্রযুক্তি, বিমান চলাচল এবং শিপিং খাতকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

  7. ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০০ শিক্ষকের বিরুদ্ধে গঠিত কমিটি কেন বিলুপ্ত করা হবে না হাইকোর্টের রুল

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে গোপন তৎপরতা চালানোর অভিযোগ এনে দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের চারশো’র বেশি শিক্ষকের বিরুদ্ধে গঠিত তদন্ত কমিটির কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।

    সুপ্রিম কোর্টের চারজন আইনজীবীর করা রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই রুল দিয়েছে।

    রিটে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের একটি অনলাইন পোর্টালে এই সংক্রান্ত একটি খবর প্রকাশের পর ২২টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাচাই ছাড়াই শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত করতে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি, ইনভেস্টিগেশন কমিটি বা ইনকোয়ারি কমিটি গঠন করেছে।

    এই কমিটিগুলো বিলুপ্ত ও প্রত্যাহার করতে কেন নির্দেশ দেওয়া হবে না সেটি জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট।

  8. স্পিকারের চিঠি পেলে গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদের বিষয়ে ব্যবস্থা নেয়া হবে: ইসি সচিব

    জাতীয় সংসদের স্পিকারের চিঠি পেলে সাতক্ষীরা – ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের পদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

    সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নে এ কথা জানান তিনি।

    তিনি বলেন, “স্পিকার মহোদয়ের কাছ থেকে আমরা এখনো কোন চিঠি পাইনি। তবে হ্যাঁ, জামায়াতে ইসলামী বেশ কিছুদিন আগেই আমাদেরকে জানিয়েছে যে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।”

    “এটা সংসদ সচিবালয় থেকেই আমাদেরকে জানানোর বিধানটা আছে। অপেক্ষা করতে হবে, আমাদের মূল দায়িত্বটা হচ্ছে, নির্বাচন ব্যবস্থাপনাটা। পরবর্তী বিষয়টা তো জাতীয় সংসদ সচিবালয়ের। আমরা চিঠি পেলে, যদি পাই, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে” বলেন ইসির সিনিয়র সচিব মি. আহমেদ।

    অন্যদিকে, জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির জানিয়েছেন, এ বিষয়ে জামায়াতে ইসলামী তাদের অবস্থান আগেই জানিয়ে দিয়েছে।

    “উনি তো এখন জামায়াতের সাথে নাই। আইনানুযায়ী যে ব্যবস্থা হবে, বাংলাদেশের রাষ্ট্র, সরকার আইনানুযায়ী যা করার তাই করবে। জামায়াতের এ ব্যাপারে কোন বক্তব্য নাই” বলেন মি. মনির।

    এর আগে, গত জুলাইয়ে একজন তরুণীর সঙ্গে মি. ইসলামের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে ঘিরে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়।

    তখন গাজী নজরুল ইসলাম নিজেই দাবি করেন, ভিডিওতে দেখা যাওয়া ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং তাকে তিনি তার প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি বিয়ে করেছেন।

    ওই বিতর্কের পরে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

    রোববার সেই দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের পর তাকে গ্রেফতার করেছে পুলিশ।

  9. ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জন মারা গেছে

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জন মারা গেছে। একই সময়ে, হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ৬৫৫ জন।

    সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৯০ জন মারা গেছেন। একই সময়ে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ হাজারেরও বেশি।

  10. হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ছয়

    হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত নতুন ৮৪ রোগী সনাক্ত হয়েছে।

    সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় যে ছয়জন হামের উপসর্গে মারা গেছে তাদের মধ্যে ঢাকা বিভাগে দুইজন, সিলেট বিভাগে দুইজন মারা গেছে।

    এছাড়া বাকি দুইজনের একজন চট্টগ্রাম বিভাগে এবং আরেকজন বরিশাল বিভাগে মারা গেছে।

    একইসঙ্গে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো এক হাজার ২২১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

    এ বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে এক লাখ ৮১ হাজারের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

    এ বছরের ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত ২০ হাজার ৬৪৬ রোগী হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

  11. টাইফুন দুজুয়ানের কারণে ১৬ লাখের বেশি মানুষকে ঘরবাড়ি থেকে সরে যেতে বলেছে জাপান

    টাইফুন দুজুয়ানের কারণে ১৬ লাখের বেশি মানুষকে তাদের ঘরবাড়ি থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে জাপান।

    দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইবারাকি, চিবা, টোকিও, কানাগাওয়া এবং শিজুওকার ১৬ লাখ ৭৪ হাজার ৮৪ জন মানুষকে সরে যাওয়ার আদেশ দেয়া হয়েছে।

    তবে এই নির্দেশ বাধ্যতামূলক নয়।

    টোকিওর কাছাকাছি এগিয়ে আসা এই দিজুয়ান টাইফুনের কারণে দেশটিতে এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পূর্বাভাসের কারণে জাপান থেকে ছেড়ে যাবে এমন শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে।

    এরই মধ্যে প্রায় ৩০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেন চলাচলও স্থগিত করেছে জাপান। জাপান এয়ারলাইন্স ১৩৫ টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করেছে।

    এছাড়া কানাগাওয়া এলাকায় ভূমিধসে একটি বাড়ি ধসে পড়ে যাওয়ার পর একজন নারী মাটিচাপা পড়েছেন বলে আশঙ্কা করছেন দেশটির দমকল কর্মীরা।

    দুজুয়ান নামের এই ঝড়ে একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার ঘণ্টায় ১৯৪ কিলোমিটার পর্যন্ত এবং ঝোড়ো হাওয়া বইছে।

    দেশটির তোকাই অঞ্চলে এই ঝড়ের কারণে ৩৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    প্রশান্ত মহাসাগরে বয়ে যাওয়া ঝড়গুলোর মধ্যে এই দুজুয়ান সাম্প্রতিক ঝড়।

    এ বছরের “সুপার এল নিনোর” কারণে সমুদ্রের পানি গরম হয়ে এই ঝড়গুলো তৈরিতে সাহায্য করেছে এবং দুজুয়ান ঝড়কে আরো বেশি শক্তিশালী করে তুলেছে।

  12. বুধবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং

    যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

    সোমবার চীন সরকার এই সফরের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেছেন, দুই নেতা “চীন-মার্কিন সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় এবং বৈশ্বিক শান্তি ও উন্নয়ন নিয়ে তারা মতবিনিময় করবেন।”

    এর আগে, ওয়াশিংটন জানিয়েছিল এই দুই নেতা এই সপ্তাহেই বৈঠকে বসবেন।

    একজন মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, ডোনাল্ড ট্রাম্প বুধবার অ্যান্ড্রুস এয়ার ফোর্স বেসে শি জিনপিংকে স্বাগত জানাবেন এবং পরের দিন তারা বৈঠক করবেন।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন মে মাসে বেইজিং সফর করেছিলেন তখন তাকে স্বাগত জানিয়েছিলেন চীনের ভাইস-প্রেসিডেন্ট।

    ডোনাল্ড ট্রাম্প রোববার সাংবাদিকদের জানিয়েছিলেন, “আমি তার সাথে প্রায় সব বিষয়েই কথা বলবো।”

  13. গাজী নজরুল ইসলামকে চার দিন এবং তার প্রথম স্ত্রীকে এক দিন রিমান্ডে

    দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেফতার সাতক্ষীরা - ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে এক দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

    ঢাকার একটি বিচারিক আদালত এই আদেশ দিয়েছে।

    নিহত মিজ খাতুনের বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলাটি দায়ের করেছে।

    মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুদ্দোহা সরকার আদালতে তাদের সাতদিন রিমান্ড চেয়ে আবেদন করেন।

    মামলার এজাহারে অভিযোগ করা হয়, গত জুনে মরিয়মের সঙ্গে জিএম নজরুল ইসলামের ইসলামী শরিয়া অনুযায়ী বিয়ে হয়। নজরুল শেরেবাংলা নগর থানা এলাকার মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন ন্যাম ভবনের (ভবন নম্বর ৫, ফ্ল্যাট ২০৩) বাসায় থাকতেন।

    একই বাসায় তাঁর প্রথম স্ত্রী মাকছুদা ইসলামও থাকতেন। বিয়ের পর থেকেই নজরুল ও মাকছুদা বিভিন্ন বিষয় নিয়ে মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। মরিয়ম বিভিন্ন সময় মুঠোফোনে তার পরিবারকে এই নির্যাতনের কথা জানিয়েছিলেন বলেও এতে উল্লেখ করা হয়েছে।

    এজাহারে বলা হয়, ২০ শে সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে নজরুল ইসলাম ফোন করে মরিয়মের বাবাকে দ্রুত বাসায় যেতে বলেন। পরে তিনি নিহতের খালা সুফিয়াকে সঙ্গে নিয়ে ওই বাসায় গিয়ে লোকজনের ভিড় দেখতে পান। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল এবং জানালা দিয়ে ফ্যানের সঙ্গে মরিয়মকে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়।

    পরে পুলিশের উপস্থিতিতে গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) কর্মী সাইদুল ইসলাম শাবল দিয়ে দরজা ভাঙেন।

    নিহতের বিছানা থেকে একটি হাতে লেখা চিঠি উদ্ধার করা হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

  14. প্রতিবেশী রাষ্ট্রগুলোতে জ্বালানি তেল পাচার হওয়ার ঝুঁকি এড়াতে মূল্য সমন্বয় করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

    প্রতিবেশী রাষ্ট্রগুলোতে জ্বালানি তেল পাচার হওয়ার ঝুঁকি এড়াতে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    মি. ইসলাম এ সময় পার্শ্ববর্তী বেশ কয়েকটি দেশের জ্বালানি তেলের দাম উল্লেখ করে বাংলাদেশের সাথে তুলনা করে বলেন, বাংলাদেশেই জ্বালানি তেলের দাম সবচেয়ে কম।

    “পার্শ্ববর্তী দেশগুলোর জ্বালানি তেলের মূল্য একটি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখবো, ভারতে অর্থাৎ কলকাতাতেও ডিজেলের মূল্য ১৩৪ দশমিক ৭৬ টাকা, মিয়ানমারে ১৬৪ দশমিক ৮৩ টাকা, নেপালে ১৬১ দশমিক ২৪ টাকা, শ্রীলঙ্কায় ১৭৯ দশমিক ৪২ টাকা, মিয়ানমারে ১৬৪ দশমিক ৮৩ টাকা, থাইল্যান্ডে ১৫১ দশমিক ২২টাকা, পাকিস্তানে ১৮৫ দশমিক ৪৮ টাকা, সংযুক্ত আরব আমিরাত আমাদের সাধারণ মানুষ যেটাকে দুবাই বলে চেনে সেখানেও এমনকি ১৪৪ দশমিক ৭৯ টাকা” বলেন মি. ইসলাম।

    জ্বালানি প্রতিমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, “অর্থাৎ এই অঞ্চলে একমাত্র আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেই জ্বালানি তেলের মূল্য সর্বনিম্ন পর্যায়ে ছিল। এর ফলশ্রুতিতে, আমাদের প্রবাসী ভাইয়েদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা যেটি আমাদের বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রধানতম খাত সেই কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় ক্রয়কৃত জ্বালানি তেল প্রতিবেশী রাষ্ট্রগুলোতে পাচার হওয়ার একটা বড় ঝুঁকির মুখে আমরা পড়েছিলাম।”

    এ কারণেই সরকার জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে বলে জানান তিনি।

    “এমতাবস্থায় সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখার স্বার্থে এবং প্রবাসী ভাইদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রায় ক্রয়কৃত জ্বালানি তেল যেন প্রতিবেশী রাষ্ট্রগুলোতে যেন পাচার হয়ে যেতে না পারে সে কারণে সরকারকে এই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে” বলেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

    জ্বালানি তেলের দাম কমছে না কেন সাংবাদিকদের এমন এক প্রশ্নে তিনি জানান, "সেটা তো আসলে মধ্যপ্রাচ্য সংকটের সমাধানের সূত্র যাদের হাতে আছে তাদের কাছে প্রশ্ন করলে তারা এর উত্তর দিতে পারবেন।"

    এর আগে, রোববার রাতে সকল ধরনের জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।

  15. সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে সাতদিন রিমান্ডে নেয়ার আবেদন

    রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে জামায়াতে ইসলামীর বহিষ্কৃত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মি. ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

    সোমবার শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

    মি. ইসলাম জানিয়েছেন, মি. ইসলাম সংসদ সদস্য হওয়ায় তাকে গ্রেফতারের বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে অবহিত করার জন্য কাগজপত্র পাঠানো হয়েছে।

    মিজ খাতুনের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার এই মামলাটি দায়ের করেছেন।

    এই মামলায় মি. ইসলাম ও তার প্রথম স্ত্রী ছাড়াও মিজ খাতুনের মামা ওআয়দুর রহমানকে আসামি করা হয়েছে।

    শেরে বাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যেই গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে আদালতে হাজির করার জন্য পাঠানো হয়েছে।

    একইসঙ্গে, সাতদিন তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আবেদন করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা মি. ইসলাম।

    রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থিত ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

    এর আগে, গত জুলাইয়ে একজন তরুণীর সঙ্গে মি. ইসলামের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে ঘিরে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়।

    তখন গাজী নজরুল ইসলাম নিজেই দাবি করেন, ভিডিওতে দেখা যাওয়া ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং তাকে তিনি তার প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি বিয়ে করেছেন।

    পরে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

  16. রোববার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
    • জাতীয় সংসদ ভবনের বিপরীতে অবস্থিত ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মি. ইসলাম এবং তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    • রাশিয়ার রাজধানী মস্কো এলাকায় শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেন তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। এই হামলায় শহরের প্রধান তেল শোধনাগার ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
    • বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডিএনএ সংগ্রহ করা হবে।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জন মারা গেছে। অন্যদিকে, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় চার শিশু মারা গেছে। একইসময়ে, ৮৮ জন হামে আক্রান্ত হয়েছে।
    • নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • কুমিল্লায় নিহত শিশু অপ্রতিমের হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, “অপ্রতিমের যে আইফোনটি ছিল সেটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এ সময় প্রথমে তুহিন পরবর্তীতে ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করে।”
    • বাসে আগুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের সনাক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • ২০২৪ সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং অধ্যাপক জাফর ইকবালসহ আট জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  17. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।