পত্রিকা: 'এস আলমের বিদ্যুৎকেন্দ্রে ছাড়ে ৩২ লাখ ডলার ঋণ'

ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্র
Published
পড়ার সময়: ৬ মিনিট

নয়া দিগন্তের প্রধান শিরোনাম— এস আলমের বিদ্যুৎকেন্দ্রে ছাড়ে ৩২ লাখ ডলার ঋণ

এই খবরে বলা হয়েছে, আর্থিক খাতে লুটপাটের অভিযোগে অভিযুক্ত এস আলম গ্রুপের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান 'এসএস পাওয়ার-১ লিমিটেড'-এর অনুকূলে বিশেষ ছাড় দিয়ে ৩২ লাখ মার্কিন ডলার ঋণ ছাড়ের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বুধবার ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এর আগে অনুমোদিত একটি বৈদেশিক মুদ্রার সিন্ডিকেটেড ঋণের আওতায় রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের অংশে থাকা অবশিষ্ট ৩১ লাখ ৯৭ হাজার ৫৬১ মার্কিন ডলার (প্রায় ৩৮ কোটি টাকা) ছাড়ের পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রয়োজনীয় কাঁচামাল ও সরঞ্জাম আমদানিতে ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রেও আইনি শর্ত শিথিল করা হয়েছে।

তবে, অর্থছাড়ের নির্দেশ দিলেও এর কোনো আর্থিক বা আইনি দায় নেবে না বাংলাদেশ ব্যাংক।

নয়া দিগন্ত

দ্য ডেইলি স্টারের প্রধান শিরোনাম— Metro, Teesta, tax reform top govt's 5yr plan; অর্থাৎ সরকারের পাঁচ বছরের পরিকল্পনার শীর্ষে মেট্রো, তিস্তা, করব্যবস্থা সংস্কার।

এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের সরকার পাঁচ বছর মেয়াদী একটি কৌশলগত রূপরেখা ঘোষণা করেছে।

এই পরিকল্পনায় নতুন মেট্রো রেললাইন থেকে শুরু করে আন্তঃসীমান্ত নদী চুক্তি, ব্যাংকিং স্বচ্ছতা এবং করব্যবস্থা সংস্কারের মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এই রোডম্যাপে পুলিশের জবাবদিহিতার ব্যবস্থা, জ্বালানি খাতের সংস্কার এবং অগ্রগতি পর্যবেক্ষণের জন্য একটি শক্তিশালী ব্যবস্থার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

গতকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক বৈঠকে এই রূপরেখা উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারও একটি পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা তৈরি করেছিল, যা ২০২৫ সালের জুনে শেষ হয়।

দ্য ডেইলি স্টার

কালের কণ্ঠের প্রধান সংবাদ— রাষ্ট্রপতি নির্বাচন আজ, কাল শপথ

খবরটিতে বলা হয়েছে, ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার দেশে রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ হতে যাচ্ছে। এ নির্বাচনের ভোটার ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য।

সংসদ ভবনের অধিবেশনকক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে অধিবেশনকক্ষেই ফল ঘোষণা করা হবে।

ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি) ও সংসদ সচিবালয়।

ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে।

যদিও সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিজয় অনেকটা নিশ্চিত বলা যায়।

কালের কণ্ঠ

মানবজমিনের প্রথম পাতার একটি খবরের শিরোনাম — ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে কনসার্ট ঘিরে উত্তেজনা

প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চস্বরে গান-বাজনা করাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে হামলা চালিয়েছে মাদ্রাসাছাত্ররা।

এতে পণ্ড হয়ে যায় জেলা পুলিশ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ এবং মাদ্রাসাছাত্রদের হামলায় দু'পক্ষের ৩০-৩৫ জন আহত হন।

গত মঙ্গলবার রাতের এ ঘটনায় উত্তেজনা ছিল বুধবার ভোর পর্যন্ত। এর মধ্যে হরতাল পালন করার ঘোষণা দিয়ে বিক্ষোভ করতে শুরু করে মাদ্রাসাছাত্ররা।

পরিস্থিতি বেগতিক হয়ে উঠলে রাত ২টার দিকে মাদ্রাসায় গিয়ে আলোচনায় বসেন পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সেখানে মাদ্রাসাছাত্রদের উত্থাপিত সব দাবি মেনে নিলে পরিস্থিতি শান্ত হয়।

মানবজমিন

এই খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার গভীর রাত ২টার দিকে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুনে শ্বাসরোধে সাত বাংলাদেশিসহ নয় জনের মৃত্যু হয়েছে।

এই দুর্ঘটনায় নিহত সাত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত। সাথে তার তিন স্বজনেরও প্রাণ গেছে।

মারা যাওয়া অন্য তিন বাংলাদেশির একজন ঢাকার সাভারের, বাকি দু'জন সাতক্ষীরার।

হোটেলটিতে ৯৩ জন পর্যটক ছিলেন, এর মধ্যে ৮১ জন বাংলাদেশি। এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভারে ধারণা করা হচ্ছে।

এটি ছিল পরিত্যক্ত আবাসিক ভবন; বাংলাদেশি নাগরিকদের আনাগোনা বাড়তেই রাতারাতি সেই ভবন হয়ে যায় হোটেল।

সমকাল

প্রথম আলোর প্রধান শিরোনাম— হামে আক্রান্ত শিশুদের ৬৫% অপুষ্টির শিকার

এই খবরে বলা হয়েছে, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) যৌথ গবেষণায় দেখা গেছে, হামে আক্রান্ত ৬৫ শতাংশ শিশু মাঝারি থেকে তীব্র অপুষ্টিতে ভুগছে।

হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা শিশুদের নমুনা পরীক্ষায় ৯৫ শতাংশের হাম শনাক্ত হয়েছে।

গতকাল বুধবার এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়।

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে এ বছর মার্চ থেকে জুলাইয়ের মধ্যে চিকিৎসা নিতে আসা ৩৫৪ জন শিশুর ওপর এই গবেষণা হয়েছে।

এদের বয়স ১৪ বছরের কম।

গবেষকেরা শিশুদের জনমিতিক ও চিকিৎসাগত তথ্য বিশ্লেষণের পাশাপাশি তাদের নমুনা পরীক্ষা করেছেন এবং নমুনা থেকে সংগৃহীত জীবাণুর জীন বিশ্লেষণ করেছেন।

প্রথম আলো
স্কিপ করুন বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল পড়ুন
আপনার হোয়াটসঅ্যাপে বিবিসি বাংলা।

বিবিসি বাংলার সর্বশেষ খবর ও বিশ্লেষণ এখন সরাসরি আপনার ফোনে।

ফলো করুন, নোটিফিকেশন অন রাখুন

বিবিসি বাংলার সাথে থাকার জন্য ধন্যবাদ বিবিসি বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল

টাইমস অব বাংলাদেশের প্রধান শিরোনাম— Billions that vanished; অর্থাৎ যেভাবে অদৃশ্য হয় বিলিয়ন ডলার।

বাংলাদেশ থেকে বছরে পাচার হওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের খোঁজ মিলে। সেই অর্থ ফিরিয়ে আনার উদ‍্যোগের কথাও ঘটা করে প্রচার করা হয়। কিন্তু ফিরিয়ে আনার সফলতা কোনো সরকার দেখাতে পারে না।

এই ব‍্যর্থতার দায় কার এবং কীভাবে অর্থপাচার হয় আর সঙ্গে জড়িত কারা, তা নিয়েই এই প্রতিবেদন।

দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী, শীর্ষস্থানীয় ব্যাংক, মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান, সরকারের মন্ত্রী-উপদেষ্টা ও পাচার রোধের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান– সবাই একই চক্রের অংশ বলে খবরে উল্লেখ করা হয়।

অর্থপাচারের প্যাটার্ন বিশ্লেষণে দেখা গেছে, প্রথমে ঘুষ-দুর্নীতি, ঋণ জালিয়াতিসহ নানা অনিয়মের মাধ্যমে অর্থের উৎস তৈরি করা হয়।

এরপর মূলত আন্তর্জাতিক বাণিজ্য, হুন্ডি, ব্যাংকিং ব্যবস্থা ও ক্রিপ্টোকারেন্সি এই চারটি প্রধান করিডোরের মাধ্যমে বাংলাদেশ থেকে বেরুচ্ছে অর্থ।

পরের ধাপে অফশোর শেল কোম্পানি, নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান, নমিনি মালিক ও বহুস্তরের আন্তর্জাতিক লেনদেনের আড়ালে ক্রমেই সেই অর্থের প্রকৃত মালিকানা অদৃশ্য করে ফেলেন পাচারকারীরা।

টাইমস অব বাংলাদেশ

প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬.৩ শতাংশ মানুষ— দেশ রূপান্তরের প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ সন্তুষ্ট।

অন্যদিকে, সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের কর্মকাণ্ডকে ভালো বলেছেন ৪৭ দশমিক ৭ শতাংশ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কাজকে ভালো বলেছেন ৩৯ দশমিক ৮ শতাংশ মানুষ।

গবেষণা প্রতিষ্ঠান ডপলার রিসার্চ বাংলাদেশ লিমিটেড এক প্রতিষ্ঠানের জরিপে এমন তথ্য ওঠে এসেছে।

জরিপে অংশ নেওয়া ২১ দশমিক ৬ শতাংশ বলেছেন, প্রধানমন্ত্রী ভালো করছেন না। বাকি ১২ দশমিক ১ শতাংশের কোনো মতামত নেই কিংবা তারা উত্তর দিতে চাননি।

এদিকে, প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার সরকারের কাজে সন্তুষ্টির তুলনায় বেশি। সরকারের কাজকে ভালো বলেছেন ৫৪ দশমিক ৫ শতাংশ; আর খারাপ বলেছেন ৩২ দশমিক ৯ শতাংশ।

দেশ রূপান্তর

৭ সার কারখানার ছয়টিই বন্ধ— আজকের পত্রিকার প্রধান শিরোনাম এটি।

এই খবরে বলা হয়েছে, তীব্র গ্যাস সংকট, যান্ত্রিক ত্রুটি এবং কাঁচামালের সংকটে চট্টগ্রামের তিনটিসহ দেশের রাষ্ট্রায়ত্ত ছয়টি সার কারখানা বন্ধ রয়েছে।

শুধু ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি সার কারখানা উৎপাদনে আছে ।

এতে সামনের আমন মৌসুমে সার সরবরাহ নিয়ে কৃষকসহ সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ।

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সেখান থেকে সার আমদানি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

যদিও কৃষি মন্ত্রণালয় দাবি করছে, দেশে সারের সংকট নেই। যথেষ্ট মজুত রয়েছে। এছাড়া, চলতি মাসেই আমদানি করা সার দেশে আসবে।

আজকের পত্রিকা

এতে বলা হয়েছে, গত দুই সপ্তাহের বেশি সময় ধরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) চলমান সংকটে বিদ্যুৎ, শিল্প-কারখানা থেকে শুরু করে আবাসিক খাত ভোগান্তিতে পড়েছে।

পাশাপাশি ভাবিয়ে তুলেছে স্থানীয় গ্যাসের উৎপাদন হ্রাস। বিশেষ করে দেশের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড বিবিয়ানার উৎপাদন কমছে। যেই ফিল্ড কি না স্থানীয় গ্যাসের ৪৫ শতাংশ জোগান দিচ্ছে।

পেট্রোবাংলার তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, বিবিয়ানা ফিল্ডের বর্তমান উৎপাদন দৈনিক ৭৪০ মিলিয়ন ঘনফুট (১৮ আগস্ট হিসাব অনুসারে), যা চলতি বছরের মার্চেও ছিল কম-বেশি ৮২০ মিলিয়ন ঘনফুটের কিছু বেশি। গত সাড়ে পাঁচ মাসের ব্যবধানে ফিল্ডটির উৎপাদন হ্রাস পেয়েছে ৮০ মিলিয়ন ঘনফুটের মতো।

এদিকে, দেশের অন্য কোনো গ্যাস ফিল্ড থেকে বড় আকারে জোগান বাড়ছে না। তাই বিবিয়ানার উৎপাদন হ্রাস দেশের সামগ্রিক গ্যাস সরবরাহে বড় প্রভাব ফেলছে।

বণিক বার্তা