আপনি এই ওয়েবসাইটের একটি টেক্সট(লিখিত) সংস্করণ দেখছেন, যা কম ডেটা ব্যবহার করছে। ছবি ও ভিডিওসহ মূল সংস্করণ দেখতে এখানে ক্লিক করুন
পত্রিকা: 'বেতনের গেজেট আগস্টে'
আজকের পত্রিকার প্রধান শিরোনাম— বেতনের গেজেট আগস্টে।
এই খবরে বলা হয়েছে, সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির কাজ এখন শেষ পর্যায়ে। আর দু-তিনটি সভা করেই সুপারিশ চূড়ান্ত করবে তারা।
পর্যালোচনা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর অগাস্টের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার।
পর্যালোচনা কমিটি সূত্র জানায়, কমিটির সদস্যরা ২০২৬ সালের পহেলা জুলাই থেকে মূল বেতন এবং ২০২৭ সালের পহেলা জুলাই থেকে ভাতা কার্যকরের বিষয়ে একমত হয়েছেন।
তবে বিষয়টি নিজেরা চূড়ান্ত না করে মন্ত্রিসভা থেকে এ ব্যাপারে সিদ্ধান্ত চাইবে পর্যালোচনা কমিটি।
নতুন বেতনকাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়ে কমিটিতে আলোচনা হয়েছে। সব গ্রেডে সমান হারে বেতন না বাড়িয়ে নিচের গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে বেশি বাড়ানোর পক্ষে মত দিয়েছেন কমিটির বেশিরভাগ সদস্য।
মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতাসহ বিভিন্ন ভাতা পুনর্বিন্যাসের বিষয়েও কমিটিতে আলোচনা হয়েছে।
প্রায় ২ হাজার সন্দেহজনক লেনদেনে ব্যাংক-এমএফএসে জমা ৬ হাজার কোটি টাকা— বণিক বার্তার প্রধান সংবাদ এটি।
এই খবরে বলা হয়েছে, অনলাইন জুয়া, বেটিং, প্রতারণা ও ক্রিপ্টোকারেন্সি-সংশ্লিষ্ট অবৈধ আর্থিক কর্মকাণ্ড উদ্বেগজনক হারে বাড়ছে।
২০২০-২৪ সাল, এই পাঁচ বছরে এ ধরনের কার্যক্রমে সংশ্লিষ্ট প্রায় দুই হাজার সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন (এসটিআর/এসএআর) পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
এসব ঘটনায় ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ব্যবহার করে ছয় হাজার ১৪৪ কোটি টাকার বেশি জমা এবং প্রায় চার হাজার ৩৫০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। এক্ষেত্রে ব্যবহৃত হয়েছে ছয় হাজার ২২২টি ব্যাংক ও এমএফএস হিসাব।
গতকাল প্রকাশিত বিএফআইইউর ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালে এ ধরনের মাত্র ৫০টি সন্দেহজনক লেনদেনের প্রতিবেদন পাওয়া গেলেও ২০২৪ সালে তা বেড়ে দাঁড়ায় এক হাজার ৪৬টিতে।
সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, অনলাইন গেমিং ও জুয়ার অর্থ শুধু ব্যাংক বা এমএফএস হিসাবেই সীমাবদ্ধ থাকছে না। পাচারের উদ্দেশ্যে এসব অর্থ ক্রিপ্টোকারেন্সি, হুন্ডি এবং অন্যান্য অবৈধ চ্যানেলে স্থানান্তরের প্রবণতাও বাড়ছে।
মানবজমিনের প্রথম পাতার সংবাদ— দ্বিতীয় দিনের আন্দোলনে শিক্ষার্থীদের দুই পক্ষ, পৃথক দাবি।
এই খবরে বলা হয়েছে, এইচএসসি-সমমান পরীক্ষা নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা গতকাল বুধবার দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন। তবে, আন্দোলনরত শিক্ষার্থীরা দুইভাগে ভাগ হয়ে যান।
একপক্ষ শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি বাদ দিয়ে ছয় দফা দাবি জানান। আরেক পক্ষ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানান।
শিক্ষার্থীরা গতকাল 'লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়'-কর্মসূচি পালন করেন। তাদের এই লংমার্চ আটকে দেয় পুলিশ। এরপর শিক্ষার্থীরা ছয় দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করেন।
পরে শিক্ষার্থীদের আরেকপক্ষ শাহবাগে অবস্থান নেন। রাজধানীর পাশাপাশি দেশের কয়েকটি স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আন্দোলন হয়।
এদিকে, এদিন সংসদে শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষা না দিতে পারা শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে।
End of বিবিসি বাংলায় আরও পড়ুন:
হাসিনা পরিবার ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ— নয়া দিগন্তের প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।
এতে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহেনাসহ তাদের পরিবারের সদস্য এবং আলোচিত ১০টি শিল্প গ্রুপের দেশে-বিদেশে থাকা প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বিএফআইইউ।
এই দশ বণিক গোষ্ঠী তদন্তের আওতায় রয়েছে। শিল্প গ্রুপগুলো হলো— এস আলম, বেক্সিমকো, নাসা, সামিট, নাবিল, ওরিয়ন, বসুন্ধরা, প্রিমিয়ার, সিকদার ও আরামিট গ্রুপ।
একই সাথে সংস্থাটি জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে সন্দেহজনক লেনদেন ও কার্যক্রমের (এসটিআর/এসএআর) রিপোর্টিং আগের বছরের তুলনায় ৭৪ দশমিক ১০ শতাংশ বেড়ে ৩০ হাজার ১৯৯টিতে পৌঁছেছে, যার ৯৫ শতাংশই এসেছে ব্যাংক খাত থেকে।
দ্য ডেইলি স্টারের প্রধান খবর— Messi magic sends Argentina into successive finals; অর্থাৎ মেসির জাদুতে টানা দ্বিতীয়বার ফাইনালে আর্জেন্টিনা।
এই খবরে বলা হয়েছে, ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে বর্তমান চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেছেন এঞ্জো ফার্নান্দেজ ও লাউতারো মার্তিনেজ। দুটি গোলেই অ্যাসিস্ট করেছেন মেসি। তার জাদুতেই ভর করে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠল আলবিসেলেস্তারা।
যদিও প্রথম গোলটি আসে ইংল্যান্ডের কাছ থেকে। ৫৫তম মিনিটে ডান প্রান্ত থেকে মরগান রজার্সের নিখুঁত ক্রসে দূরের পোস্টে থাকা অ্যান্থনি গর্ডন সহজেই বল জালে জড়িয়ে ইংল্যান্ডকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।
গোল হজমের পর আক্রমণের গতি বাড়ায় আর্জেন্টিনা। তাতে শেষ দিকে বদলে যায় ম্যাচের চিত্র। ম্যাচের ৮৫তম মিনিটে নিজেদের প্রথম গোলে সমতা এবং অতিরিক্ত যোগ করা সময়ের ৯২ মিনিটে দ্বিতীয় গোলে আর্জেন্টিনার জয় নিশ্চিত হয়।
প্রথম আলোর প্রথম পাতার খবর— দুই বছরেও শেষ হয়নি ৮৬% মামলার তদন্ত। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় মামলার কথা বলা হয়েছে এই খবরে।
জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের ঘটনায় সারাদেশে এক হাজার ৮৬২টি মামলা হয়। প্রায় দুই বছরে মাত্র ২৫৪ মামলার (১৩ দশমিক ৬৪ শতাংশ) তদন্ত শেষে প্রতিবেদন দিয়েছে পুলিশ। বাকি ৮৬ দশমিক ৩৬ শতাংশ মামলার তদন্ত এখনো শেষ হয়নি।
পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বলছেন, এই মামলাগুলো তদন্ত করতে পুলিশ নানা রকম জটিলতার মুখে পড়েছে। কারণ, বেশিরভাগ ঘটনায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। এখন লাশ তুলে ময়নাতদন্তের প্রতিবেদন পেতে সময় লাগছে। ঘটনার সময়ই ময়নাতদন্ত হলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বা মৃত্যুর সঠিক কারণ উল্লেখ থাকত।
এছাড়া, মামলার বিবরণে ঘটনাস্থলের ভুল বর্ণনা, একই ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় বিভিন্ন ঘটনাস্থল দেখিয়ে একাধিক মামলা হওয়া, অনেক মামলায় ঢালাও আসামি করা ইত্যাদি অসংগতির কারণে তদন্তকাজ বিলম্বিত হচ্ছে।
নিউ এইজের প্রধান শিরোনাম— Teacher, infrastructure crises plague technical education; অর্থাৎ শিক্ষক ও অবকাঠামো সংকটে ধুঁকছে কারিগরি শিক্ষা।
এই খবরে বলা হয়েছে, স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পেরিয়ে গেলেও দেশের কারিগরি শিক্ষাব্যবস্থা গভীর সংকটে নিমজ্জিত। যার কারণে দক্ষ জনশক্তি তৈরির সক্ষমতা ব্যাহত হচ্ছে। যদিও ধারাবাহিকভাবে ক্ষমতায় থাকা প্রতিটি সরকারই এই খাতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষাবিদরা বলেছেন, বেশিরভাগ কারিগরি প্রতিষ্ঠান ভর্তি, শিক্ষক ও অবকাঠামোগত সংকটের পাশাপাশি দুর্বল প্রশাসনিক ব্যবস্থার কারণে হিমশিম খাচ্ছে।
তারা আরও বলছেন, জনমনে নেতিবাচক ধারণা, সেকেলে পাঠ্যক্রম এবং শিল্পখাতের সাথে দুর্বল সংযোগ— যা শ্রমবাজারের চাহিদার সাথে কারিগরি শিক্ষাখাতের মধ্যে দূরত্ব আরও বাড়িয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, প্রায় দুই হাজার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান তিন থেকে সাত বছর ধরে কোনও শিক্ষার্থী ভর্তি করেনি। বোর্ড এখন তাদের পাঠদানের অনুমতিপত্র বাতিলের বিষয়টি বিবেচনা করছে।
শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি সংগঠন ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশনের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব সরকার এই খাতটিকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার করলেও তা করতে ব্যর্থ হয়েছে।
দেশ রূপান্তরের শেষের পাতার সংবাদ— ৬ মাসে রাজনৈতিক ও নির্বাচনী সহিংসতায় ৫৬ জন নিহত।
এই প্রতিবেদনে বলা হয়েছে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাস জানুয়ারি-জুনে সারাদেশে ৮৩০টি সহিংসতার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের ৫৬ জন নিহত এবং ৫ হাজার ২৪৬ জনের বেশি নেতাকর্মী ও সাধারণ মানুষ আহত হয়েছেন।
নিহতদের মধ্যে বিএনপির ৩৭ জন, জামায়াতের ছয়, আওয়ামী লীগের তিন এবং অন্যান্য দলের আটজন রয়েছেন।
৮৩০টি সহিংসতার ঘটনার ৬৭৩টিই ঘটেছে বিএনপির অন্তর্কোন্দল ও বিএনপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে। বিএনপির অন্তর্কোন্দলে ২৭৩টি ঘটনায় ৩১ জন নিহত এবং ২ হাজার ৯২ জন আহত হয়েছেন।
গত ছয় মাসে গণপিটুনি ও মব সহিংসতায় সারাদেশে চুরি, ডাকাতি, ছিনতাই, বাগ্বিতন্ডা, আধিপত্য বিস্তার, ধর্মীয় অবমাননাসহ নানা অভিযোগে ২৬১টি ঘটনায় ১৩৩ জন নিহত এবং ২৫৬ জন আহত হয়েছেন। যেখানে ২০২৫ সালের একই সময়ে ১৪১টি ঘটনায় অন্তত ৬৭ জন নিহত এবং ১১৯ জন আহত হন।
End of বিবিসি বাংলার আরও সংবাদ:
বিশ্বে ফের অস্থির তেলের দাম, বিপিসির বড় লোকসানের শঙ্কা— কালের কণ্ঠের প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুদ্ধকে ঘিরে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ফের ঊর্ধ্বমুখী হওয়ায় বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও আমদানি ব্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে।
সবচেয়ে বড় চাপের মুখে পড়তে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যে তেল কিনে দেশে কম দামে বিক্রি করতে হওয়ায় সংস্থাটি আবারও বড় অঙ্কের লোকসানের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
গত ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বেশি দামে তেল ও এলএনজি আমদানি করে অভ্যন্তরীণ বাজারে মূল্য সমন্বয় না করায় সরকারকে প্রায় ৩১ হাজার কোটি টাকার আর্থিক চাপ বহন করতে হয়েছে।
এর মধ্যে শুধু মার্চ থেকে জুন— এই চার মাসে তেল আমদানিতে বিপিসির লোকসান হয়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা।
এদিকে, যুদ্ধ শুরুর পর থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গত মার্চ থেকে কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান এলএনজি দিচ্ছে না। ফলে পুরোপুরি স্পট মার্কেটের ওপর নির্ভর করতে হচ্ছে।
অন্যদিকে, আগামী ডিসেম্বর পর্যন্ত জি-টু-জি পদ্ধতিতে ১৬ লাখ টন ডিজেল, অকটেন, ফার্নেস অয়েল ও জেট ফুয়েল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে সরবরাহকারী কম্পানিগুলোর সঙ্গে প্রাথমিক সমঝোতা সম্পন্ন হয়েছে।
সমকালের দ্বিতীয় প্রধান শিরোনাম— কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার।
এই খবরে বলা হয়েছে, বর্তমান সরকার কোনোভাবে কোনো চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেবে না বলে দৃঢ় অবস্থান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল বুধবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি বলেছেন, বাংলাদেশে চরমপন্থা বা উগ্রবাদের ঠাঁই হবে না। সরকারি ও বিরোধী দল কোনো কোনো বিষয়ে দ্বিমত থাকলেও অনেক বিষয়ে একমত হয়েছি। উগ্রবাদ ও চরমপন্থা প্রশ্নে বিরোধী দলের সম্পূর্ণ সহযোগিতা পাব বলে বিশ্বাস করি।
এ সময় তারেক রহমান জানান, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে বিএনপি জনগণের কাছে দায়বদ্ধ-অঙ্গীকারবদ্ধ। বিএনপি সরকার 'ইউনিভার্সেল কার্ড' চালু করবে। এক কার্ডে সব সুবিধা মিলবে।