অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের নির্বাচন কমিশন

বাংলাদেশে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, "স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা অক্টোবরকে সামনে রেখে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি"। এদিকে, বিশ্বের খবরের মধ্যে রয়েছে, তেহরানে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মূল শোকযাত্রায় লাখো মানুষ অংশ নিয়েছেন।

সরাসরি কভারেজ

  1. সোমবার সারাদিন যা যা হলো

    • যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের বিশ্বকাপে এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে ফিফাকে অনুরোধ জানিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ-ও বলেন, ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে “সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।”
    • তেহরানে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মূল শোকযাত্রায় লাখো মানুষ অংশ নিয়েছেন বলে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে। বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই অনুষ্ঠান।
    • বাংলাদেশে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেক বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। তবে আমরা অক্টোবরকে সামনে রেখে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি।
    • শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে একটি কারাগারে বন্দীদের দুটি দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে চারজন কারারক্ষী এবং একশজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।
    • ইরাকের মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির “স্মরণ সদর দপ্তরের” একজন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে জনসাধারণের জন্য কোনো “পাবলিক ফেয়ারওয়েল বা বিদায় অনুষ্ঠান” হবে না। বৃস্পতিবার জানাজা ও দোয়ার পর আলী খামেনির দাফন সম্পন্ন হবে।
    • জুন মাসে গ্রাহকদের অনেকের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগের বিষয়ে জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে যান্ত্রিক বা মনুষ্য ত্রুটির কারণে বিলে এই ধরনের ত্রুটি থাকতে পারে।
    • খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গল পাড়ায় গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
    • স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যদি নিজের এলাকার মাদক নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে সারাদেশের মাদক ও আইনশৃঙ্খলা কিভাবে নিয়ন্ত্রণ করবেন বলে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
    • সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পরবর্তী ৪৮ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই চার বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    বিবিসি বাংলার লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. সাভারে এনসিপির সমাবেশের সময় বোমা বিস্ফোরণের অভিযোগ

    বোমা বিস্ফোরণের পর ধোঁয়া উড়তে দেখা যায়

    ছবির উৎস, NCP MEDIA WING

    ছবির ক্যাপশান, সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালীন সময়ে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে দলটি

    সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালীন সময়ে বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

    সোমবার রাত পৌনে ১০টায় সাভার থানা স্ট্যান্ড ঈদগাহ মাঠে সমাবেশ চলাকালে এই বিস্ফোরণ ঘটানো হয় বলে দলটির মিডিয়া উইং থেকে জানানো হয়েছে।

    দলটির মিডিয়া উইং জানিয়েছে, এনসিপির কেন্দ্রীয় সদস্য ইয়াসির আরাফাত ঘটনাস্থল থেকে এসব তথ্য জানিয়েছেন।

    এ সময় এনসিপির ঢাকা জেলার আহ্বায়ক নাবিলা তাসনিদ বক্তব্য দিচ্ছিলেন।

    এই সমাবেশের আগে এনসিপি একটি পদযাত্রা অনুষ্ঠান করে। পরে সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছিল।

    সমাবেশের সময় সেখানে আরো উপস্থিত ছিলেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এমপি, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

  3. স্বরাষ্ট্রমন্ত্রী নিজ এলাকায় মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে সারাদেশে কীভাবে নিয়ন্ত্রণ করবেন: নাহিদ ইসলাম

    জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

    ছবির উৎস, NCP

    ছবির ক্যাপশান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ যদি নিজের এলাকার মাদক নিয়ন্ত্রণ করতে না পারেন,তাহলে সারাদেশের মাদক ও আইনশৃঙ্খলা কীভাবে নিয়ন্ত্রণ করবেন বলে সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

    সোমবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে এ কথা বলেন তিনি।

    ‘জুলাই’ নিয়ে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এ সময় তিনি বলেন, কয়েকদিন আগে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীকে তার নিজের দলের সংসদ সদস্য বলেছেন, মাদকের সুতিকাগার হচ্ছে সেই কক্সবাজার থেকে।

    তিনি বলেন, “তো স্বরাষ্ট্রমন্ত্রী তার নিজের এলাকায় মাদক বন্ধ করতে পারেন না। তিনি সারাদেশের মাদক কীভাবে বন্ধ করবেন? তিনি সারাদেশের আইন-শৃঙ্খলা কীভাবে ঠিক করবেন?”

    তিনি সারাদেশের সব জায়গায় মাদক কারবারি বন্ধ ও আইন-শৃঙ্খলা নিশ্চিত করতে আহ্বান জানান।

  4. বালোগানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ফিফাকে অনুরোধ করেছিলেন ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান
    ছবির ক্যাপশান, যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান

    যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগানের বিশ্বকাপে এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে ফিফাকে অনুরোধ জানিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

    ট্রাম্প বলেন, ফুটবলের বিশ্ব নিয়ন্ত্রক সংস্থা বালোগানের নিষেধাজ্ঞা স্থগিত করে “সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।”

    তিনি আরো বলেন, এই নিষেধাজ্ঞা কার্যকর করা হলে এটি টুর্নামেন্টের ওপর একটি “বড় দাগ” রেখে যেত।

    চলতি টুর্নামেন্টে নিজের দেশের সর্বোচ্চ গোলদাতা বালোগান, মঙ্গলবার সিয়াটলে অনুষ্ঠিত হতে যাওয়া বেলজিয়ামের বিরুদ্ধে তার দলের শেষ ১৬’র ম্যাচে নিষিদ্ধ থাকার কথা ছিল।

    কিন্তু সোমবার রাতে ফিফা এই স্বয়ংক্রিয় এক ম্যাচের নিষেধাজ্ঞা ১২ মাস অর্থাৎ এক বছরের জন্য স্থগিত করেছে।

    এর ফলে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ডের দলে ফেরার পথ সুগম হলো।

    সোমবার হোয়াইট হাউজে দেওয়া এক বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি ফিফাকে সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে বলেছিলেন কারণ তিনি “এটি কোনো ফাউল ছিল বলে মনে করেননি।”

    ৮০ বছর বয়সী এই প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করেছি, এটা ছিল দুইজন দুর্দান্ত অ্যাথলেটের একে অপরের সাথে ধাক্কা এবং জড়িয়ে পড়া।”

    প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, “আমি মনে করি, এটি(নিষেধাজ্ঞা) একটি বড় দাগ রেখে যেত। আমি তাদের বলতে পারি না কী করতে হবে। আমি বিশ্বাস করি না যে, তারা এই সিদ্ধান্ত নিয়েছে, আমার বিশ্বাস কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে এবং এটি সঠিক সিদ্ধান্ত ছিল।”

  5. ইরাকে আয়াতুল্লাহ আলী খামেনির কোনো “পাবলিক ফেয়ারওয়েল বা গণ-বিদায়” অনুষ্ঠান হবে না

    তেহরানে জানাজা অনুষ্ঠানে লাখ লাখ মানুষ সমবেত হয়েছে

    ছবির উৎস, Jamaran

    ছবির ক্যাপশান, বৃহস্পতিবার জানাজা ও দোয়ার পর ইরাকের মাশহাদে আলী খামেনির দাফন সম্পন্ন হবে

    ইরাকের মাশহাদে আয়াতুল্লাহ আলী খামেনির “স্মরণ সদর দপ্তরের” একজন কর্মকর্তা জানিয়েছেন, সেখানে জনসাধারণের জন্য কোনো “পাবলিক ফেয়ারওয়েল বা বিদায় অনুষ্ঠান” হবে না।

    একইসঙ্গে, বৃহস্পতিবার জানাজা ও দোয়ার পর আলী খামেনির দাফন সম্পন্ন হবে।

    সদর দপ্তরের তথ্য কমিটির সচিব মেহদি শাদ জানান, আগামী আটই জুলাই বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজা মাজার অভিমুখে যাওয়ার প্রধান সড়কে জানাজা অনুষ্ঠিত হবে।

    তিনি বলেন, “হোটেল, হোটেল অ্যাপার্টমেন্ট, গেস্টহাউস এবং অন্যান্য আবাসন কেন্দ্রগুলোতে দুই মিলিয়নেরও(২০ লাখ) বেশি মানুষের রাত যাপনের(পর্যটন শিল্পের একটি পরিসংখ্যানগত পরিমাপ) সক্ষমতা নিশ্চিত করা হয়েছে।”

    এছাড়া নতুন করে অনুমতি দেওয়াহলে এই ধারণ ক্ষমতার সক্ষমতা আরো বৃদ্ধি পাবে বলে জানান তিনি।

  6. অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

    নির্বাচন কমিশন
    ছবির ক্যাপশান, অক্টোবরকে সামনে রেখে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

    স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অনেক বিষয়ে সরকারের সঙ্গে সমন্বয় করা প্রয়োজন। তাই এ বিষয়ে সরকারের সঙ্গে লিখিত-অলিখিত আলোচনা ছাড়া এখন স্পষ্ট ঘোষণা দেওয়া ইসির জন্য যৌক্তিক হবে না। তবে আমরা অক্টোবরকে সামনে রেখে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এক্ষেত্রে অক্টোবরে নির্বাচন হলে তার ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে।

    সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির(আরএফইডি) ফল উৎসবে এ কথা বলেন তিনি।

    মি. মাছউদ বলেন, “স্থানীয় সরকারের সীমানা নির্ধারণ ও সীমানা সংক্রান্ত জটিলতা সমাধানের বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে কাজ করতে হবে। বিষয়টি নিয়ে সরকারকে চিঠি দিয়ে বলবো দ্রুত সীমানা সংক্রান্ত জটিলতা নিরসন করার জন্য।”

    স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠান শূন্য আছে বলেও উল্লেখ করেন তিনি।

    নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদ খালি পড়ে আছে। তবে একটা নির্বাচন আরেকটা নির্বাচনের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন তিনি।

    তিনি জানান, “পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সদস্যরা উপজেলা পরিষদে পদাধিকার বলে সদস্য হন। তাই পৌরসভা ও ইউপি নির্বাচন না হলে উপজেলা পরিষদ গঠন করা যায় না, তাই এটা পরে করতে হবে। তবে সিটি করপোরেশন আলাদা।”

    কোন নির্বাচনে আগে হবে, এ বিষয়ে মি. মাছউদ বলেন, নির্বাচন হয়ে যাবে। সব প্রতিষ্ঠান খালি আছে। আইনের বাধ্যবাধকতাও রয়েছে। এখন সব নির্বাচন একত্রে আসছে, তাই আইনের বাধ্যবাধকতা পালন ওইভাবে সম্ভব হবে না।

    তবে, বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের জানিয়েছি যাতে নির্দিষ্ট সময়ে সব নির্বাচন সুষ্ঠভাবে সম্প্রদান করতে পারি। এক্ষেত্রে কোন নির্বাচন আগে হবে, সে সিদ্ধান্ত দিতে পারছি না। তবে এটা বুঝতে পারেন ইউপি ও পৌরসভা থেকে নির্বাচন শুরু হওয়া বাস্তবক্ষেত্রে অধিক যৌক্তিক। অন্যদিকে সিটি করপোরেশনতো প্রশাসক দিয়ে চলছে, বলেন মি. মাছউদ।

    অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার প্রস্তুতি ইসি শুরু করেছে বলে উল্লেখ করেন এই নির্বাচন কমিশনার।

    মি. মাছউদ বলেন, “আমরা প্রস্তুতি শুরু করেছি। পেছানো যায়, কিন্তু আগানো অসম্ভব। যেহেতু বহুলোকের সংশ্লিষ্টতা রয়েছে। অক্টোবরে নির্বাচন হবে, এমন মানসিক প্রস্তুতি নিয়ে অন্য সব প্রস্তুতি ইসি গ্রহণ করছে।”

  7. শ্রীলঙ্কায় নেগোম্বো কারাগারে বন্দীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত

    পরে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে একটি কারাগার বন্দীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন

    শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চলে একটি কারাগারে বন্দীদের দুটি দলের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে চারজন কারারক্ষী এবং একশজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

    কলম্বোর উত্তরে অবস্থিত উপকূলীয় শহর নেগোম্বোর কারাগারে বন্দীদের দুটি দলের মধ্যে সংঘর্ষ থেকে সহিংসতা চলে দুদিন ধরে।

    অভিযোগ উঠেছে, রোববার বন্দীরা কারাগারের বন্দুক লুট করে। ওই দিন দুইজন নিহত এবং ডজনখানেক মানুষ আহত হন।

    পরে পুরুষ বন্দীদের কয়েকটি দল এবং পাশের ইউনিটের নারী বন্দীরা মুক্তির দাবিতে কারাগারের ছাদে উঠে পড়েন।

    সোমবার বন্দীরা কারাগারের গেট দিয়ে জোরপূর্বক বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ে।

    সেখানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এবং কারাগারের ভেতর থেকে বেশ কিছু গুলির শব্দ শোনা যায়।

    প্রতিবেদন অনুযায়ী, কারাগারের ভেতরে মাদক পাচারের তথ্য একজন বন্দী ফাঁস করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

    আহতদের কয়েকজনকে নেগোম্বো হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

    হাসপাতালের পরিচালক এএফপি নিউজ এজেন্সিকে জানিয়েছেন, কয়েকজনের শরীরে গুলির ক্ষত রয়েছে, আবার কারো কারো শরীরে কাটা-ছেঁড়া ও মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে।

    অন্য আহতদের কলম্বো ন্যাশনাল হাসপাতালে পাঠানো হয়েছে।

    পুলিশের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনা চলাকালীন কারাগারের ছাদের একটি অংশ ধসে পড়ায় সেখানে থাকা কয়েকজন নারী বন্দী আহত হয়েছেন।

  8. খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও পরবর্তী ৪৮ ঘন্টায় ভারী বর্ষণের পূর্বাভাস

    সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পরবর্তী ৪৮ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই চার বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    এতে বলা হয়েছে, “সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ দুপুর দুইটা থেকে পরবর্তী ৪৮ ঘন্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী অর্থাৎ ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মি.মি থেকে অতি ভারী অর্থাৎ একইসময়ে ৮৮ মি.মি. এর বেশি বর্ষণ হতে পারে।”

    ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতাসহ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে বলেও সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

  9. গ্রাহকের অতিরিক্ত বিল আসার কারণ হতে পারে যান্ত্রিক বা মনুষ্য ত্রুটি: জ্বালানি প্রতিমন্ত্রী

    জ্বালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংবাদ সম্মেলনে কথা বলছেন

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, জ্বালানী প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

    জুন মাসে গ্রাহকদের অনেকের অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগের বিষয়ে জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, অধিকাংশ ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হয়েছে। তবে যান্ত্রিক বা মনুষ্য ত্রুটির কারণে বিলে এই ধরনের ত্রুটি থাকতে পারে।

    তিনি জানান, সরকার স্বদিচ্ছার সাথে গুরুত্ব সহকারে এসব অভিযোগ খতিয়ে দেখছে।

    সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

    প্রতিমন্ত্রী বলেন, “যতগুলো অভিযোগ আমাদের গোচরীভূত হয়েছে, আমরা প্রত্যেকটা ইনডিভিজুয়ালি এড্রেস করেছি। এড্রেস করতে যেয়ে আমরা দেখেছি এর অধিকাংশই আসলে ভুল বোঝাবুঝির কারণে। কারণ গ্রাহক অধিকাংশ ক্ষেত্রে মে মাসের সাথে এপ্রিল মাসের তুলনা করেছে। গত বছরের জুনের সাথে যখন তুলনা করছে, তখন দেখা যাচ্ছে অধিকাংশের সাথে এটা ম্যাচ করছে।”

    তিনি জানান, কিছু কিছু জায়গায় আছে, তার একটি আবাসিক ফ্ল্যাট ছিল যেখানে ওই সময়ে ভাড়াটিয়া ছিল না। এই সময়ে নতুন ভাড়াটিয়া এসেছে। সে জানে না এখানে নতুন এয়ার কন্ডিশন ইনস্টল করা হয়েছে, একটা ফ্রিজার যুক্ত করা হয়েছে। অনেকগুলো ব্যাপার আছে, এই সবকিছু যখন আমাদের ইউনিটের মিটারে যখন অ্যাড্রেস করেছে দেখা গেছে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। স্টিল এরপরেও আমাদের স্বদিচ্ছা আছে বলেই আমরা স্বচ্ছতার ভিত্তিতে এই জিনিসটা অ্যাড্রেস করছি।

    “আমরা ধরেই নিচ্ছি, ডিউ টু হিউম্যান এরর, ডিউ টু মেশিন এরর- এই ধরনের কিছু ত্রুটি থাকতেই পারে। সেই কারণেই কিন্তু পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি, টিভির স্ক্রলে আমরা বলেছি, এই ধরনের ত্রুটি কারো পরিলক্ষিত হয় তাহলে নিকটস্থ বিদ্যুৎ বিভাগের সাথে যোগাযোগ করেন এবং আমরা কিছু নাম্বারও দিয়েছি” বলেন জ্বালানি প্রতিমন্ত্রী মি. অমিত।

    এই সরকারের মেয়াদ শেষে নবায়নযোগ্য জ্বালানি থেকে অন্তত ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুত উৎপাদন করতে বাংলাদেশ সক্ষম হবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

    "আজকে বিদ্যুৎ বিভাগ যে সংকটে নিমজ্জিত, এটি হচ্ছে ফ্যাসিস্ট সরকারের সময়ে ভুল নীতির কারণে। এটা আপনাদেরকে বুঝতে হবে এবং সেটা আমরা ইনহেরিট করছি, মাত্র সাড়ে চার মাসের সরকার। আমরা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে স্বাবলম্বী হতে চাই, পরম নির্ভরতা কমাতে চাই। রিনিউবেল এনার্জিতে ফোকাস করছি। আমরা আশাবাদী এই সরকারের মেয়াদ শেষে আমরা অন্তত নবায়নযোগ্য জ্বালানি থেকে ১০ হাজার মেগাওয়াট পর্যন্ত বিদ্যুত উৎপাদন করতে সক্ষম হব বলে আশা করছি" বলেন জ্বালানী প্রতিমন্ত্রী।

  10. ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতার শোকযাত্রা চলবে বিকেল পাঁচটা পর্যন্ত

    ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতার জানাজা অনুষ্ঠান চলবে বিকেল পাঁচটা পর্যন্ত

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতার শেষ বিদায় অনুষ্ঠান চলবে বিকেল পাঁচটা পর্যন্ত

    ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তেহরানের শেষ বিদায় অনুষ্ঠান চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।

    শোকযাত্রা পরিচালনার সদর দপ্তর থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।

    সোমবার সকাল থেকে দেশটির সাবেক নেতার মরদেহ এবং তার সাথে প্রায় চার মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হওয়া কয়েকজন আত্মীয়ের কফিন একটি ট্রেইলারে করে তেহরানের মোসাল্লা থেকে নিয়ে যাওয়া হচ্ছে।

    কফিনগুলো তেহরানের আজাদি স্কয়ার পর্যন্ত ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে বলে নির্ধারিত রয়েছে।

    বিশাল জনসমাগমের এই অনুষ্ঠানটি ১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে বলে আশা করা হচ্ছে।

    বিশাল জনসমাগমের এই অনুষ্ঠানটি ১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে বলে আশা করা হচ্ছে

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, বিশাল জনসমাগমের এই অনুষ্ঠানটি ১০ ঘণ্টারও বেশি সময় ধরে চলবে বলে আশা করা হচ্ছে
    কফিনগুলো তেহরানের আজাদি স্কয়ার পর্যন্ত ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে বলে নির্ধারিত রয়েছে

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, তেহরানের আজাদি স্কয়ার পর্যন্ত ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে কফিনগুলো
    তেহরানের এই জানাজা অনুষ্ঠানে লাখ লাখ মানুষ সমবেত হয়েছে

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, তেহরানের এই জানাজা অনুষ্ঠানে লাখ লাখ মানুষ সমবেত হয়েছে
    তেহরানের জানাজা অনুষ্ঠানের ছবি

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, বুধবার ইরাকের কারবালা ও নাজাফ শহরে আয়াতুল্লাহ আলী খামেনির আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে
    কফিনগুলো তেহরানের আজাদি স্কয়ার পর্যন্ত ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে বলে নির্ধারিত রয়েছে

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, কফিনগুলো তেহরানের আজাদি স্কয়ার পর্যন্ত ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে বলে নির্ধারিত রয়েছে
    তেহরানের জানাজা অনুষ্ঠানে শোক জানাতে আসা মানুষের হাতে ঘৃনা জানাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ছবি

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, আগামী বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ এই নেতার মরদেহ
  11. ইরাকে আলী খামেনির জানাজায় অংশ নেবেন পেজেশকিয়ান, গালিবাফ এবং তার বড় ছেলে

    ইরানের কোমে জানাজা অনুষ্ঠান

    ছবির উৎস, Anadolu via Getty Images

    ছবির ক্যাপশান, ইরানের কোমে জানাজা অনুষ্ঠান শেষ হওয়ার পর মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী কফিন

    ইরানের কোমে জানাজা অনুষ্ঠান শেষ হওয়ার পর মঙ্গলবার দেশটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ বহনকারী কফিন নাজাফে স্থানান্তর করা হবে।

    দেশটির মেহর নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

    এই প্রতিবেদনে বলা হয়েছে, আলী খামেনির বড় ছেলে মোস্তফা খামেনি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফও আগামীকাল নাজাফ সফরে যাবেন।

    একইসঙ্গে ইরাকে অনুষ্ঠিতব্য এই জানাজা অনুষ্ঠানে অংশ নেবেন।

    বুধবার ইরাকের কারবালা ও নাজাফ শহরে আয়াতুল্লাহ আলী খামেনির আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    আগামী বৃহস্পতিবার মাশহাদের ইমাম রেজা মাজারে দাফন করা হবে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ এই নেতার মরদেহ।

  12. খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গোলাগুলিতে তিনজন নিহত

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মধুমঙ্গল পাড়ায় গোলাগুলিতে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

    সোমবার বেলা বারোটার দিকে এই ঘটনা ঘটে।

    পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি বলেন, “অজ্ঞাত তিন যুবককে অজ্ঞাত লোকজন গুলি করে হত্যা করেছে। বারোটার দিকে আমি খবর পেয়েছি। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।”

    নিহত ব্যক্তিরা ইউপিডিএফ বা জেএসএসের সদস্য কিনা, এমন প্রশ্নে তিনি বলেন, “এটা আমি বলতে পারবো না। আই এম নট শিওর।”

    তবে, গোলাগুলিতে অন্য কেউ আহত হওয়ার কোনো তথ্য নেই বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। নিহতদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

    স্থানীয় একজন সাংবাদিক জানিয়েছেন, এই ঘটনার পর ওই এলাকায় পরিস্থিতি থমথমে হয়ে আছে। দোকান পাট বন্ধ এবং সড়ক ও আশপাশের এলাকায় মানুষের উপস্থিতি কমে গেছে।

  13. মৌসুমী স্থল নিম্নচাপের কারণে চার সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত

    তুমুল বৃষ্টির ছবি

    ছবির উৎস, Getty Images

    উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    একইসঙ্গে, সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অভ্যন্তরীণ নদী বন্দরগুলোতে দুই নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    পৃথক দুইটি পূবাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত সর্বশেষ আবহাওয়া পরিস্থিতির এক পূর্বাভাসে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।

    এতে বলা হয়েছে, উড়িষ্যা ও তৎসংলগ্ন দক্ষিণ ঝাড়খন্ড এলাকায় অবস্থানরত মৌসুমি নিম্নচাপটি উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় মৌসুমি স্থল নিম্নচাপ আকারে অবস্থান করছে।

    এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।

    এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

    একইসঙ্গে, চট্টগ্রামসহ চারটি সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

    এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়ার আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে এক নম্বর পুনরায় এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

    এসব এলাকার ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ৬০ থেকে ৮০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    এছাড়া দেশের অন্যত্র পশ্চিম বা উত্তর- পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

  14. ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রায় লাখো মানুষ

    আলী খামেনির শবযাত্রায় তেহরানের রাস্তায় লাখো মানুষ

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আলী খামেনির শবযাত্রায় তেহরানের রাস্তায় লাখো মানুষ

    তেহরানে ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের মূল শোকযাত্রায় লাখো মানুষ অংশ নিয়েছেন বলে ইরানি গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

    অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ছবিও প্রকাশ করেছে গণমাধ্যমগুলো।

    অনুষ্ঠানের আয়োজকদের মতে, একটি “বিশেষ” গাড়িতে করে এই শোকযাত্রা সম্পন্ন করা হবে এবং এতে “১০ থেকে ১২ ঘণ্টা” সময় লাগবে।

    এই অনুষ্ঠানের জন্য বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে তেহরান ও কোম শহরে বিশেষ ট্রাফিক বিধি-নিষেধ ঘোষণা করা হয়েছে।

    ইরানের নতুন নেতা মোজতবা খামেনি রোববার তার বাবার জানাজার নামাজে উপস্থিত ছিলেন না।

    অবশ্য এর কয়েক ঘণ্টা পরই তার নামে একটি ডিক্রি বা আদেশ জারি করা হয়, যেখানে গোলামহোসেইন মহসেনি এজেইকে আবারও ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

    তিন দিনের এই কর্মসূচিটি মাশহাদ শহরে আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

    এদিকে, এই জানাজা অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের যোগদানের একটি ছবি প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।

    সম্প্রতি ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি।

    ওই যুদ্ধ চলাকালীন তার বাসভবনের আশেপাশের এলাকাকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল।

    ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনে আহমাদিনেজাদকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল এবং তিনি প্রেসিডেন্ট থাকাকালীন মীর হোসেন মুসাভি, জাহরা রাহনাভার্দ এবং মেহদি কারুবিকে কারাবন্দী করা হয়েছিল।

    এই জানাজা অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের যোগদানের একটি ছবি প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম

    ছবির উৎস, MORE

    ছবির ক্যাপশান, শোক যাত্রায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের যোগদানের একটি ছবি প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম
    আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা

    ছবির উৎস, EPA/Shutterstock

    ছবির ক্যাপশান, রোববার ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত হয়
    আলী খামেনির শবযাত্রায় যোগ দেয়া অনেকে যুক্তরাষ্ট্র বিরোধী প্ল্যাকার্ড বহন করেন

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, আলী খামেনির শবযাত্রায় যোগ দেয়া অনেকে যুক্তরাষ্ট্র বিরোধী প্ল্যাকার্ড বহন করেন
  15. রোববার সারাদিন যা যা হয়েছে

    • ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার পুলিশের ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
    • তেহরানের কেন্দ্রীয় মসজিদে স্থানীয় সময় সকাল আটটায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা) ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অুনষ্ঠিত হয়েছে। জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছেন। জানাজা শুরুর আগেই মানুষের ক্রমবর্ধমান ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয়।
    • প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় দেখা যায়নি তার ছেলে ও ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে।
    • ইরানের সেনাবাহিনীকে সম্পূর্ণ ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিনত হয়েছে বলে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে। সমুদ্রবন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
    • বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী ৭২ ঘণ্টায় ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। আবহাওয়া অধিদপ্তর রোববার দুপুরে এক পূর্বাভাসে এ কথা বলেছে ।
    • বরিশালের ব্যবসায়ী অগ্রণী হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ হাওলাদারের অণ্ডকোষ চেপে ধরে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিটুসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
    • সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারো মৃত্যু না হলেও, একইসময়ে হামের উপসর্গজনিত রোগে সাত শিশু মারা গেছে।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ৮৬ বছর বয়সে মারা গেছেন।
    • প্রায় পাঁচ মাসের দীর্ঘ বিরতির পর ইরান ও কাতারের মধ্যে সমুদ্রপথে পুনরায় বাণিজ্য শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন দু'দেশের কর্মকর্তারা।
    • দৈনিক তেল উৎপাদনের কোটা এক লাখ ৮৮ হাজার ব্যারেল বৃদ্ধি করা হবে বলে ঘোষণা দিয়েছে ওপেক প্লাসভুক্ত (ওপেক+) তেল উৎপাদনকারী দেশগুলো।
    • যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান যুদ্ধ শুরুর চার মাসের বেশি সময় পর ইরানের বন্দর আব্বাস বিমানবন্দর পুনরায় সচল হয়েছে।
    • বাংলাদেশে সরকারি অনুষ্ঠান উপলক্ষে তৈরি করা ব্যানার, ফেষ্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে