লাইভ, বঙ্গভবন ছাড়লেন সদ্য-বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

সদ্য-বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন পদত্যাগের দুই দিন পর বঙ্গভবন ছেড়ে ঢাকার গুলশানে নিজ বাসভবনে উঠেছেন। এর আগে ২৪শে জুলাই শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন তিনি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিচারে আমলে নেওয়ার মতো বক্তব্য দেখছে না সরকার

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ছবির উৎস, BD Ministry of Home Affairs

    ছবির ক্যাপশান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে আইন অনুযায়ী 'সুরক্ষা ও নিরাপত্তা' দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    তাকে গ্রেফতারের দাবি জানিয়ে কিছু দল ও সংগঠনের পক্ষ থেকে যেসব অভিযোগ তোলা হয়েছে, সেগুলোতে আমলে নেওয়ার মত কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি বলেও জানান তিনি।

    রোববার ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা স্বরাষ্ট্রমন্ত্রী।

    “তিনি আইনানুগ যা সুবিধা পাবেন অবশ্যই পাবেন এবং তার প্রটেকশনের জন্য এসএসএফ-পিজিআর সুবিধা পাওয়ার ছয় মাসের বিধান আছে। এছাড়া পুলিশ এবং অন্যান্য সংস্থার মাধ্যমে তার নিরাপত্তার বিষয় গ্রহণ করা হবে,” বলেন মি. আহমদ।

    শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে গত ২৪শে জুলাই রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

    আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত মি. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর থেকে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইনকিলাব মঞ্চ।

    তবে সরকার বলছে, মি. সাহাবুদ্দিন সংবিধান অনুযায়ী নিজের দায়িত্ব পালন করেছেন। এছাড়া সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে কিছু দল ও সংগঠনের দেওয়া বক্তব্যকে 'মত প্রকাশের স্বাধীনতা' হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

    "আমরা গণঅভ্যুত্থানের পরে প্রত্যাশা করি রাজনৈতিকভাবে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে। সেটা আছে।''

    ''বিভিন্ন রাজনৈতিক দল বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছেন। সেটা করতে পারে। কিন্তু আমলে নেওয়ার মত কোনো বক্তব্য ওখানে নাই,” বলেন মি. আহমদ।

  2. বঙ্গভবন ছাড়লেন সদ্য-বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

    বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (ফাইল ছবি)

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (ফাইল ছবি)

    পদত্যাগের দু’দিন পর বাংলাদেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ সাহাবুদ্দিন।

    রোববার দুপুর আড়াইটার দিকে বঙ্গভবন ছাড়েন তিনি। সরকারি বাসভবন ছাড়ার পর মি. সাহাবুদ্দিন ঢাকার গুলশানে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবনে উঠেছেন বলে জানা যাচ্ছে।

    বাংলাদেশের ২২তম এই রাষ্ট্রপতি এর আগে শারীরিক অসুস্থতাকে কারণ দেখিয়ে গত ২৪শে জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।

    সংবিধান অনুযায়ী, পাঁচ বছর জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও তিনি দায়িত্ব পালন করেছেন প্রায় তিন বছর তিন মাস।

    মি. সাহাবুদ্দিন পদত্যাগ করার পর বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন।

  3. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে