পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন- সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল

বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। অন্যদিকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। রাশিয়ার রাজধানী মস্কো এলাকায় ইউক্রেন তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র।

সরাসরি কভারেজ

বিবিসি বাংলার লাইভ পাতায় স্বাগতম। রিপোর্টিং করেছেন জান্নাতুল তানভী, সম্পাদনায় সায়েদুল ইসলাম

  1. রোববার সারাদিন যা যা হলো

    • বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়ানো হয়েছে।
    • জাতীয় সংসদ ভবনের বিপরীতে অবস্থিত এমপি হোস্টেল বা ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় মি. ইসলাম এবং তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
    • রাশিয়ার রাজধানী মস্কো এলাকায় শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেন তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। এই হামলায় শহরের প্রধান তেল শোধনাগার ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
    • বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডিএনএ সংগ্রহ করা হবে।
    • ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জন মারা গেছে। অন্যদিকে, হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় চার শিশু মারা গেছে। একইসময়ে, ৮৮ জন হামে আক্রান্ত হয়েছে।
    • নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • কুমিল্লায় নিহত শিশু অপ্রতিমের হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, “অপ্রতিমের যে আইফোনটি ছিল সেটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এ সময় প্রথমে তুহিন পরবর্তীতে ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করে।”
    • বাসে আগুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের সনাক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
    • ২০২৪ সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং অধ্যাপক জাফর ইকবালসহ আট জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুনবিবিসি বাংলার মূল পাতায়।

  2. সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে বাংলাদেশের সরকার

    সিএনজি স্টেশনে জ্বালানি তেলের জন্য অপেক্ষমান গাড়ি
    ছবির ক্যাপশান, ডিজেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানো হয়েছে

    বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।

    ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে নির্ধারণ করা হয়েছে।

    রোববার দিবাগত রাত বারোটা থেকেই নতুন এই দাম কার্যকর হবে বলে এক প্রজ্ঞাপনে জানিয়েছে সরকার।

    প্রতি লিটার ডিজেল ১১৫ টাকার পরিবর্তে ১৩৫ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।

    এছাড়া, প্রতি লিটার পেট্রোল এখন ১৪০ টাকা থেকে বেড়ে ১৬০ টাকা এবং অকটেন ১৪৫ টাকা থেকে বেড়ে ১৬৫ টাকা দাম নির্ধারণ করেছে সরকার।

    একইসঙ্গে, প্রতি লিটার কেরোসিনের নতুন দাম ১৫৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আগে প্রতি লিটার কেরোসিনের দাম ছিল ১৩৫ টাকা।

    বাংলাদেশে এই বছরের ১৮ই এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা করে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছিল।

    সেই সময় অকটেনের দাম বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রোলের দাম বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। কেরোসিনের দাম বাড়িয়ে করা হয়েছিল ১৩০ টাকা।

    পরে দেড় মাসের মাথায় ৩১শে মে আবার অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারপ্রতি পাঁচ টাকা করে বাড়ানো হয়েছিল।

  3. রংপুরে চার খুনের ঘটনায় গ্রেফতার দুই আসামির ডিএনএ সংগ্রহের জন্য ঢাকায় আনা হচ্ছে

    দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাস
    ছবির ক্যাপশান, তাদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য ভোরে ঢাকায় নিয়ে আসা হবে।

    বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যের হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার দুই আসামি মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসের ডিএনএ সংগ্রহ করা হবে।

    তাদের ডিএনএ নমুনা সংগ্রহের জন্য সোমবার ভোরে ঢাকায় নিয়ে আসা হবে।

    সোমবার ঢাকার সিআইডি কার্যালয়ের ফরেনসিক বিভাগ তাদের নমুনা সংগ্রহ করবে।

    এর আগে, পুলিশ জানিয়েছিল, নিহত ব্যক্তিদের সাথে আসামিদের ডিএনএ পরীক্ষা করা হবে।

    গত ২১শে অগাস্ট রাতে রংপুরের মাছুয়াপাড়ায় নিজ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী এবং দুই সন্তানের মরদেহ উদ্ধার করা হয়।

  4. সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

    তেজগাঁও বিভাগ পুলিশের ডিসি ইবনে মিজান
    ছবির ক্যাপশান, মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য এখন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ইবনে মিজান

    দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম এবং তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। এজন্য পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    রোববার রাত দশটায় ন্যাম ভবনের সামনে তেজগাঁও বিভাগ পুলিশের উপ কমিশনার ইবনে মিজান সাংবাদিকদের ঘটনা সম্পর্কে ব্রিফ করেন।

    তিনি বলেন, “আমরা সন্ধ্যা সাতটায় ন্যাম ভবনের পাঁচ নম্বর বিল্ডিং এ একটি ঝুলন্ত মরদেহের খবর পাই। সাতক্ষীরা-৪ আসনের এমপি মহোদয় এবং ওনার প্রথম স্ত্রীকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

    একইসঙ্গে, মরদেহের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য এখন সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

    তবে এটি আত্মহত্যা নাকি হত্যা সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে এই পুলিশ কর্মকর্তা বলেন, “সিআইডির ক্রাইম সিন টিম সেখানে প্রোপারলি তারা কাজ করেছে, তারা কাজ করার পরে তারা যখন আমাদেরকে দায়িত্ব দিয়েছে তখন আমরা সুরতহাল করেছি, সুরতহাল করার পরে লাশ পোস্টমর্টেমে পাঠিয়ে দিয়েছি।”

  5. ইরান ইস্যুতে একটি বড় সিদ্ধান্ত নেওয়ার দ্বারপ্রান্তে আমি: মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    ছবির ক্যাপশান, প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমার প্রশ্ন হলো, আমি কখন এবং কীভাবে পুরো দেশটিকে ধ্বংস করবো? তাদের উচিত সঠিক কাজটি করা”

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরান সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে আছি আমি।”

    ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, নিকট ভবিষ্যতে ঘটতে পারে ইরান সংক্রান্ত এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বর্তমানে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তিনি।

    প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমার প্রশ্ন হলো, আমি কখন এবং কীভাবে পুরো দেশটিকে ধ্বংস করবো? তাদের উচিত সঠিক কাজটি করা।”

    উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের এই বক্তব্যের আগে ইরানের সামরিক বাহিনীর যৌথ সদর দপ্তর খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর দেশটিকে সতর্ক করে বলেছিল, “যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের দেশগুলো যদি কোনো ভুল করে, তবে কোনো ধরনের পক্ষপাত বা সীমাবদ্ধতা ছাড়াই তার জবাব দেওয়া হবে।”

  6. সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম
    ছবির ক্যাপশান, শেরেবাংলা নগর থানার ওসি মো. ইমাউল হক এই তথ্য নিশ্চিত করেছেন

    জাতীয় সংসদ ভবনের বিপরীতে অবস্থিত এমপি হোস্টেল বা ন্যাম ভবন থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

    তিনি জানিয়েছেন, ন্যাম ভবনের পাঁচ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাটে মরদেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে।

    রাত আটটা নাগাদ তিনি বিবিসি বাংলাকে বলেন, তারা কিছুক্ষণ আগে খবর পেয়ে সেই ভবনে এসেছেন।

    এর আগে, একজন তরুণীর সঙ্গে মি. ইসলামের ব্যক্তিগত মুহূর্তের কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর তাকে ঘিরে নানা আলোচনা ও বিতর্ক শুরু হয়।

    তখন গাজী নজরুল ইসলাম নিজেই দাবি করেন, ভিডিওতে দেখা যাওয়া ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগম এবং তাকে তিনি তার প্রথম স্ত্রীর সম্মতিতেই সম্প্রতি বিয়ে করেছেন।

    পরে তাকে দল থেকে বহিষ্কার করে জামায়াতে ইসলামী।

    সেই ঘটনা নিয়ে আরো পড়তে পারেন:

  7. শতাধিক ড্রোন দিয়ে মস্কোয় ইউক্রেনের সবচেয়ে বড় হামলা, জানালেন মেয়র

    মস্কোয় ইউক্রেনের ড্রোন হামলার পরে কয়েকটি ভবনে আগুন জ্বলছে
    ছবির ক্যাপশান, শতাধিক ড্রোন দিয়ে মস্কোয় হামলা চালিয়েছে ইউক্রেন

    রাশিয়ার রাজধানী মস্কো এলাকায় ইউক্রেন তাদের সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র। এই হামলায় শহরের প্রধান তেল শোধনাগার ও একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

    মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর দিকে আসা ৪৫০টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। এটাকে "সবচেয়ে বড় আকারের" হামলা বলে উল্লেখ করেন তিনি। স্থানীয় আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, হামলায় অন্তত দুজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন।

    ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, কিয়েভ এই অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার একটি "গুরুত্বপূর্ণ" তেল শোধনাগার এবং একটি লজিস্টিকস কেন্দ্রে আঘাত হেনেছে। তিনি বলেন, এসব স্থাপনা "বিলিয়ন বিলিয়ন ডলারের মূলধন তৈরি করে যা যুদ্ধের জ্বালানি হিসেবে কাজ করে।"

    অন্যদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার কিয়েভ ও সুমি অঞ্চলে রাশিয়ার পৃথক হামলায় তিন শিশুসহ নয়জন নিহত হয়েছেন।

    সম্প্রতি রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই তাদের হামলার মাত্রা বাড়িয়েছে, যেখানে মূলত জ্বালানি ও পরিবহন কেন্দ্র এবং প্রধান লজিস্টিকস কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।

    সামাজিক যোগাযোগমাধ্যমে আসা কিছু ভিডিওতে মস্কোর রাতের আকাশে বিস্ফোরণ এবং একটি গুদামঘরে আগুন জ্বলতে দেখা গেছে। তবে এসব ফুটেজ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

    মেয়র সোবিয়ানিন বলেন, একটি ড্রোন রাজধানীর একটি বুলেভার্ডের কাছের ভবনে এবং তেল শোধনাগারে আঘাত হেনেছে। ইউক্রেনীয় সামরিক কর্মকর্তাদের মতে, এই তেল শোধনাগারটির তিনটি প্রধান ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।

    কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রটি থেকে মস্কো অঞ্চলের জ্বালানির তিন ভাগের এক ভাগের বেশি সরবরাহ করা হয়। এর কিছু পেট্রোল, ডিজেল ও এভিয়েশন ফুয়েল সরাসরি রুশ সামরিক বাহিনীতে যায়।

    ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, এ ধরনের স্থাপনায় হামলা চালানো হলে "শত্রুপক্ষের যুদ্ধ চালিয়ে যাওয়া এবং সামরিক ইউনিটগুলোতে রসদ সরবরাহের ক্ষমতা সরাসরি বাধাগ্রস্ত হয়।"

    সোবিয়ানিন জানান, রোববার রাশিয়ার সংসদ নির্বাচনের শেষ দিনে এই বড় ধরনের হামলা চালিয়ে "নির্বাচন বানচাল করার চেষ্টা" করা হয়েছে। ক্রেমলিনের কড়া নিয়ন্ত্রণে অনুষ্ঠিত এই নির্বাচনকে সমালোচকরা অন্যায্য ও অস্বচ্ছ হিসেবে আখ্যা দিয়েছেন।

    রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের ভেতরে রাশিয়া-নিয়ন্ত্রিত খেরসন অঞ্চলে রোববার একটি বাসে ড্রোন হামলায় নিহত দুজনের মধ্যে একজন নির্বাচনী কর্মকর্তা রয়েছেন। রাশিয়ার নির্বাচন কমিশনের প্রধানের বরাত দিয়ে তারা এই তথ্য জানিয়েছে।

  8. আশুলিয়ার জামগড়ায় একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে আগুন

    আশুলিয়ার জামগড়ায় ট্রিটি গার্মেন্টস নামে একটি পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ থেকে আগুন লেগেছে।

    রোববার সন্ধ্যা ছয়টা ৪৫ মিনিটে এই ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে।

    তবে তীব্র ট্রাফিক জ্যামের কারণে সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি বলে নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।

  9. ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জন মারা গেছে

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ছয়জন মারা গেছে।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, ছয়জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন, খুলনা বিভাগে দুইজন, ঢাকা বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

    এছাড়া, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৫৯৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

    এ বছরের পহেলা জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১৮৪ জন মারা গেছে। আর একইসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় ৬২ হাজার হাসপাতালে ভর্তি হয়েছে।

  10. নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
    ছবির ক্যাপশান, 'আমরা জুলাই জাতীয় সনদ বলেছি, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবে'

    নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    রোববার বিকেলে সংবিধান সংশোধন সম্পর্কিত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন।

    এই কমিটির দ্বিতীয় দিনের বৈঠক সম্পর্কে মি. আহমদ বলেন, “যে সমস্ত রাজনৈতিক দলসমূহ জুলাই সনদে স্বাক্ষর করেছেন তাদের অনেকেই এইখানে নোট অব ডিসেন্ট দিয়েছিলেন। তারা সেই বিষয়ে বক্তব্য রেখেছেন।”

    “তারা বলেছেন, যতটা দ্রুত সম্ভব আলাপ-আলোচনা শেষ করে আমরা সংসদে রিপোর্টটা পেশ করি এবং সংবিধান সংশোধনীর অষ্টাদশ সংবিধান সংশোধনী হবে এইটা। সেটা গ্রহণ করে সবার সাথে আলোচনা করে সমঝোতার মাধ্যমে তাহলে জাতি বুঝতে পারবে যে, জুলাই জাতীয় সনদ সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ।

    বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না কিছু কিছু রাজনৈতিক দল মাঠের রাজনীতিতে প্রচারণার মাধ্যমে এমন বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে বলে রোববারের বৈঠকে আলোচনায় উঠে এসেছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

    তিনি বলেন, “বিএনপি সংখ্যাধিক্যের কারণে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না যেটা সম্পূর্ণ অসত্য। আমরা জুলাই জাতীয় সনদ বলেছি, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেভাবে। আমরা যত দ্রুত সম্ভব সংবিধান সংশোধনী বিলটা নিয়ে আসার চেষ্টা করবো।”

    আলোচনা শেষে প্রতিবেদন সংসদে উত্থাপন করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

  11. হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় চার শিশু মারা গেছে

    হামে আক্রান্ত শিশুর হাতে ক্যানোলা লাগানো
    ছবির ক্যাপশান, গত ২৪ ঘণ্টায় ৮৮ জন হামে আক্রান্ত হয়েছে

    হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় চার শিশু মারা গেছে। একইসময়ে, ৮৮ জন হামে আক্রান্ত হয়েছে।

    রোববার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

    এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকায় দুইজন, চট্টগ্রামে একজন এবং ময়মনসিংহে একজন মারা গেছে।

    গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৯৫৬ জন মারা গেছে। একইসময়ে, হামে মৃত্যুর সংখ্যা ১০১।

    গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে আরো এক হাজার ১৪৮ জন।

  12. ৬০ দিনের মধ্যে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে রায় কার্যকরের দাবি কুবি শিক্ষার্থীদের

    অপ্রতিমসহ আরো একজনকে হেঁটে যেতে দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ফুটেজে
    ছবির ক্যাপশান, অপ্রতিমের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে

    কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনায় কুমিল্লার পুলিশ সুপার এবং দুই থানার দুই ওসির দায়িত্ব স্বীকার করে প্রত্যাহারসহ চার দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা।

    এ সময় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে তারা বিভিন্ন স্লোগান দেন।

    শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, অপ্রতিম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেপ্তার এবং ৬০ দিনের মধ্যে বিচার সম্পন্ন করে ফাঁসির রায় কার্যকর, কুমিল্লার পুলিশ সুপার, আদর্শ সদর ও সদর দক্ষিণ থানার ওসিদের দায়িত্ব স্বীকার করে প্রত্যাহার করা।

    এছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় স্থায়ী পুলিশ ফাঁড়ি প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ এবং নিখোঁজ ব্যক্তিদের নিরাপত্তায় তাৎক্ষণিক রেসপন্স ইউনিট গঠনের দাবিও জানিয়েছে শিক্ষার্থীরা।

    শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

  13. আইফোন ছিনিয়ে নেওয়ার সময় বাধা দিলে লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করা হয়: পুলিশ সুপার

    কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান
    ছবির ক্যাপশান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় এবং অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা সেটিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলমান রয়েছে বলে জানান পুলিশ সুপার

    কুমিল্লায় নিহত শিশু অপ্রতিমের হত্যাকাণ্ড সম্পর্কে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানিয়েছেন, “অপ্রতিমের যে আইফোনটি ছিল সেটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে অপ্রতিম বাধা দেয়। একপর্যায়ে তাদের মধ্যে ধস্তাধস্তি হয় এ সময় প্রথমে তুহিন পরবর্তীতে ফাহাদ ও কামরুল বাঁশের শক্ত লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় উপর্যুপরি আঘাত করে।”

    রোববার দুপুরে কুমিল্লায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

    তিনি বলেন, “একপর্যায়ে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হলে তুহিন অপ্রতিমের আইফোনটি নিয়ে ফাহাদ ও কামরুলসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এছাড়াও আমরা সিয়াম নামে আরেকজনকে আটক করেছি। তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করতেছি। আমরা ইতোমধ্যেই ঘটনার সঙ্গে জড়িত ফাহাদ, তুহিন ও কামরুলকে এই হত্যা মামলায় গ্রেফতার করেছি।”

    ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য বিষয় এবং অন্য কারো সম্পৃক্ততা রয়েছে কিনা সেটিও অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত চলমান রয়েছে বলে জানান এই পুলিশ সুপার।

    তিনি বলেন, “বন্ধুত্বের মধ্যে অসম বন্ধুত্ব ছিল। অর্থাৎ অপ্রতিম ক্লাস সেভেনে পড়তো। এরা তার সহপাঠী ছিল না। যারা তার বন্ধু ছিল তারা বয়সে তার চেয়ে সিনিয়র ছিল এবং তারা বখাটে ছিল” বলেন মি. আনিসুজ্জামান।

    কিশোর গ্যাং এর কথা উল্লেখ করে, শুধু আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে নয় বরং সন্তান কার সাথে বন্ধুত্ব করছে সে বিষয়ে বাবা - মাকেও সচেতন হতে অনুরোধ করেন তিনি।

    পুলিশ মূল রহস্য উদঘাটন করেছে দাবি করে এই পুলিশ সুপার বলেন, ''আমরা ঘটনার মূল রহস্য উদঘাটন করেছি, মূল আসামি গ্রেফতার করেছি এবং যে আইফোনটির কারণে হত্যাকাণ্ড সেই আইফোনটিও আমরা আসামির দেখানো মতে তার বাসা থেকে উদ্ধার করেছি। আমরা বাকি তদন্ত কাজ শেষ করে দ্রুত বিজ্ঞ আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করবো।”

  14. বাসে আগুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের সনাক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
    ছবির ক্যাপশান, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বাসে অগ্নিসংযোগকারীদের শনাক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

    বাসে আগুনের ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের সনাক্ত করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী মি. আহমদ বলেন, “আমরা শুনেছি, পতিত ফ্যাসিবাদী মাফিয়া শক্তি, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ, তারা আইসিটি কোর্টের মানবতাবিরোধী অপরাধ আদালতের একটা রায়ের প্রেক্ষিতে একটা তথাকথিত কর্মসূচি দিয়েছে, সেটা আজকে ২০ তারিখ, লকডাউন না কি যেন নাম দিয়েছে। সেটাকে উদ্দেশ্য করে রাজধানীতে কিছু ককটেলবাজি করেছে রাতের অন্ধকারে।”

    এসব ঘটনায় প্রত্যেক আসামিকে গ্রেফতার করার কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রত্যেকটা আসামিকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি মোটর সাইকেলসহ। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্টের ফটকের সামনে যারা একটা ককটেল মেরেছিল তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। যাত্রাবাড়ির ঘটনায় গ্রেফতার করা হয়েছে।”

    “তারা কিছু পরিত্যক্ত বাস এবং কিছু বাস যেগুলো চালক এবং হেলপারবিহীন অবস্থায় রাতের বেলায় বিভিন্ন জায়গায় পার্কিং করা থাকে সেগুলো টার্গেট করে দুই-একটাতে অগ্নিসংযোগ করেছে। এগুলো আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করছি সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তাদেরকে সনাক্ত করে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। এটা তাদের অপতৎপরতা আগে থেকেই দৃশ্যমান ছিল” বলেন মি. আহমদ।

    শেখ হাসিনা ডিসেম্বরে নাকি ফেব্রুয়ারিতে দেশে ফিরবেন সে বিষয়ে সরকারের কোন মনোযোগ নেই বলেও উল্লেখ করেন তিনি।

  15. চব্বিশের জুলাই আন্দোলনে ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সাবেক ভিসিসহ পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং অধ্যাপক জাফর ইকবাল
    ছবির ক্যাপশান, অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক জাফর ইকবালসহ পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল

    ২০২৪ সালের জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগে তৎকালীন উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং অধ্যাপক জাফর ইকবালসহ আট জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

    একইসঙ্গে অধ্যাপক মাকসুদ কামাল, অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালসহ মামলায় পাঁচ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

    এর আগে ১৬ই সেপ্টেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

    রোববার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শুনানি নিয়ে, অভিযোগ আমলে নেন।

    পলাতক অন্যান্য আসামিরা হলেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন।

    এ মামলার আট আসামির মধ্যে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম সামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।

    তাদের বিরুদ্ধে আনা অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় পাঁচজনকে হত্যা, ১৫ জনকে হত্যাচেষ্টা এবং শিক্ষার্থীদের ওপর হামলা ও নির্যাতনের কথা বলা হয়েছে।

  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে।