লাইভ, হরমুজ প্রণালিতে ট্যাঙ্কারে হামলার পর দুই নাবিক নিখোঁজ

ওমান জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর দুই নাবিক নিখোঁজ রয়েছেন এবং আরও ২৩ জনকে উদ্ধার করা হয়েছে। এদিকে বাংলাদেশ ক্রিকেট দলের গত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য তখনকার অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে এ বিষয়ে ক্রিকেট বোর্ডের গঠিত তদন্ত কমিটি। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

  1. 'ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত আমারই ছিল', বললেন আসিফ নজরুল

    বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল
    ছবির ক্যাপশান, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল

    সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশ ক্রিকেট দলের ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলতে যাওয়ার সিদ্ধান্ত তখনকার ক্রীড়া উপদেষ্টা হিসেবে তারই ছিল।

    “আমি নিজেই এ কথা একাধিকবার প্রকাশ্যে বলেছি। তাই এতোদিন পর ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিষয়টি তদন্ত করে তা প্রকাশের কি এমন কারণ ঘটলো বুঝলাম না,” নিজের ভেরিফায়েড ফেসবুক পাতায় লিখেছেন তিনি।

    এর আগে আজই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি তদন্ত কমিটি ওই ঘটনার ওপর তাদের তদন্ত শেষ করে সংবাদ সম্মেলন করে জানিয়েছে, ওই বিশ্বকাপে বাংলাদেশের অংশ না নেওয়ার দায় আসিফ নজরুলের।

    জবাবে মি. নজরুল লিখেছেন, “ঘটনার সূত্রপাত উগ্র হিন্দুত্ববাদীদের চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজকে আইপিএল থেকে অপমানজনকভাবে বাদ দেওয়া থেকে। এর পরপরই আমরা নিরাপত্তাহীনতার আশঙ্কা এবং বাংলাদেশের প্রতি অবমাননার প্রতিবাদে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনীহা জানাই”।

    “আমাদের আশঙ্কা যে অমূলক ছিল না, আইসিসির প্রথম রিপোর্টেই তার স্বীকৃতি ছিল। সেখানে ভারতে নিরাপত্তা-আশঙ্কার তিনটি কারণ উল্লেখ করা হয়েছিল-বিশ্বকাপের দলে মুস্তাফিজ থাকলে, বাংলাদেশের সমর্থকরা মুক্তভাবে ঘোরাফেরা করলে এবং বাংলাদেশে নির্বাচন এগিয়ে আসার প্রেক্ষাপটে। বিবিসি বাংলা ওই রিপোর্টের হুবহু বাংলা অনুবাদও প্রকাশ করেছিল,” লিখেছেন তিনি।

    আসিফ নজরুল লিখেছেন, “আমরা শেষ পর্যন্ত অন্য কোনো ভেন্যুতে বিশ্বকাপ খেলার জন্য বহু চেষ্টা করেছি। কোনো কোনো দেশ থেকে সমর্থনও পেয়েছিলাম। কিন্তু সম্ভবত আইসিসির নেতৃত্বে ভারতীয়দের আধিপত্যে থাকার কারণে শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদেরকে ভারতে নিয়ে যাওয়ার ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষের পক্ষ থেকেও কোনো যোগাযোগ করা হয়নি”।

    “আমাদের সিদ্ধান্তের পেছনে তিনটি বিষয় ছিল অত্যন্ত পরিষ্কার—দেশের মর্যাদা, আমাদের ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং আগামী নির্বাচনের আগে দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা। সে সময় বলা হয়েছিল, বিশ্বকাপ না খেললে বিদেশি দলগুলোর সঙ্গে বাংলাদেশের খেলা বন্ধ হয়ে যাবে। আমাদের ক্রিকেট বোর্ডের নানা উদ্যোগে সেই আশঙ্কাও শেষ পর্যন্ত দূর হয়েছিল। আমি মনে করি, আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম,” লিখেছেন তিনি।

    তার দাবি, “একটি ছোট দেশ বলে কেউ আমাদের ইচ্ছেমতো অপমান করবে, আর আমরা সবসময় তা মুখ বুঝে মেনে নিবো এমন প্রত্যাশা করা ঠিক নয়। আমি সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্বে বিশ্বাসী । মাথা নত করে সব মেনে নেয়াতে না”।

    আসিফ নজরুল ফেসবুকে তার বক্তব্য দিয়েছেন

    ছবির উৎস, facebook.com/Dr.Asifnazrul

    ছবির ক্যাপশান, আসিফ নজরুল ফেসবুকে তার বক্তব্য দিয়েছেন
  2. হরমুজ প্রণালিতে ট্যাঙ্কারে হামলার পর দুই নাবিক নিখোঁজ

    ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার বলছে জাহাজটির ইঞ্জিনরুমে প্রথম আগুন লেগেছিল

    ছবির উৎস, Oman Maritime Security Centre

    ছবির ক্যাপশান, ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার বলছে জাহাজটির ইঞ্জিনরুমে প্রথম আগুন লেগেছিল

    ওমান জানিয়েছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর দুই নাবিক নিখোঁজ রয়েছেন এবং আরও ২৩ জনকে উদ্ধার করা হয়েছে।

    ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানিয়েছে, পানামার পতাকাবাহী এল গাইয়া নামের জাহাজটির ইঞ্জিনরুমে আগুন লাগার পর মঙ্গলবার সেটিকে ওমানের একটি বন্দরের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছিল।

    সংস্থাটি আরও জানায়, মুসান্দাম উপদ্বীপের ১ দশমিক ৩ নটিক্যাল মাইল (২ দশমিক ৪ কিলোমিটার) উত্তরে জাহাজটি হামলার শিকার হয়।

    সোমবার ইরানের রেভল্যুশনারি গার্ডস দাবি করে, ট্যাঙ্কারটি একটি নৌমাইনে আঘাত করলে সেটিতে আগুন ধরে যায়। তাদের ভাষ্য, জাহাজটি এমন একটি পথে চলছিল যেটিকে তারা ‘নিষিদ্ধ ও অনিরাপদ’ রুটি হিসেবে উল্লেখ করেছিল।

    তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের এই দাবি প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, গত মাসে একটি ইরানি ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কারটিকে আঘাত করেছিল এবং সপ্তাহান্তে আবার একটি ড্রোন দিয়ে সেটিতে হামলা করা হয়।

    এদিকে, যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, রোববার ভোরে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হানার পর তাতে আগুন লাগার খবর তারা পেয়েছে।

    চলতি মাসের শুরুতেও এই গুরুত্বপূর্ণ জলপথে একই ধরনের একটি ঘটনার বিষয়ে ইরান দাবি করেছিল। ওই ঘটনায় সৌদি মালিকানাধীন একটি বড় তেলবাহী ট্যাঙ্কারে হামলার পর আগুন ধরে যায় এবং দুই ফিলিপিনো নাবিক নিহত হন।

  3. মক্কা ও জেদ্দায় কয়েক মিনিট ধরে সতর্কতামূলক সাইরেন

    সৌদি আরবের মক্কা, জেদ্দা এবং তাইফ প্রদেশে কয়েক মিনিট ধরে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে। বিবিসি পার্সিয়ান এ খবর দিয়েছে।

    ওই খবরে বলা হয়েছে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে এই প্রথম মক্কায় এমন সতর্কতামূলক সাইরেন বেজেছে।

    তবে সতর্কবার্তা জারির কয়েক মিনিট পর সৌদি সিভিল ডিফেন্স জানায়, বিপদ কেটে গেছে।

    গতকাল হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবে ১৩ জন আহত হয়েছেন।

    সৌদি আরব জানিয়েছে, তারা এসব হামলার জবাব দৃঢ়ভাবে দেবে।

  4. ডাকযোগে ভোটের ব্যালট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিয়েছে সুপ্রিম কোর্ট

    ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ডোনাল্ড ট্রাম্প

    যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাকযোগে ভোট দেওয়ার ওপর বিধিনিষেধ আরোপের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। একে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে হোয়াইট হাউসের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।

    সুপ্রিম কোর্টের বিচারপতিরা ফেডারেল বিচারকের দেওয়া আদেশ বহাল রেখেছেন। ওই আদেশের মাধ্যমে ইউএস পোস্টাল সার্ভিসকে (ইউএসপিএস) ডাকযোগে পাঠানো ব্যালটের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর করা থেকে সাময়িকভাবে বিরত রাখা হয়েছিল।

    একটি আইনি সংগঠন এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বলেছে, এর ফলে ইউএসপিএস নির্বাচনে ‘বিশৃঙ্খলা সৃষ্টি করা’ থেকে বিরত থাকবে।

    তবে বিষয়টির এখানেই চূড়ান্ত নিষ্পত্তি হচ্ছে না। রক্ষণশীল বিচারপতি ব্রেট কাভানাফ এই রায়ের সঙ্গে একমত হলেও ইঙ্গিত দিয়েছেন যে মামলার আইনি প্রক্রিয়া চলতে থাকলে ভবিষ্যতে তিনি ট্রাম্পের পক্ষে রায় দিতে পারেন।

    হোয়াইট হাউস এখনো সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করেনি।

    ট্রাম্প দাবি করেছিলেন, নির্বাচনী জালিয়াতি মোকাবিলার জন্য এই নিয়মগুলো প্রয়োজন। মার্চ মাসে তিনি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যাতে ইউএসপিএস-কে নির্দেশ দেওয়া হয়েছিল- শুধু নাগরিকদের তালিকায় থাকা ভোটারদের কাছে ডাকযোগে পাঠানো ব্যালট সরবরাহ করতে।

    এই সিদ্ধান্তের বিরুদ্ধে করা আইনি চ্যালেঞ্জে বলা হয়, ট্রাম্পের পদক্ষেপ রাজ্যগুলোর নিজস্বভাবে নির্বাচন পরিচালনার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করেছে।

    এদিকে ২৪টি ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত রাজ্য এবং ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার নির্বাচনী কর্মকর্তারাও সতর্ক করেছিলেন যে প্রস্তাবিত পরিবর্তনগুলো বাস্তবায়নের জন্য এখনো প্রস্তুত নয় এবং এর ফলে ভোটারদের কাছে ব্যালট পৌঁছাতে বাধা সৃষ্টি হতে পারে।

  5. টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য আসিফ নজরুলকে দায়ী করলো তদন্ত কমিটি

    ভারত ও শ্রীলংকায় হওয়া টি-টোয়েন্টিতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশ ক্রিকেট দলের গত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার জন্য তখনকার অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেছে এ বিষয়ে ক্রিকেট বোর্ডের গঠিত তদন্ত কমিটি।

    কমিটি সদস্যরা আজ এক সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছেন। সেখানে কমিটির সদস্য ফয়সাল দস্তগীর বলেছেন, “সবকিছু মিলিয়ে যা বলা যায়, যে মানুষটি দায়ী তিনি হলেন তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সেই সময়ের সরকার ও তিনি দায়ী।"

    তিনি আরও বলেছেন, তখন খেলোয়াড়রা প্রস্তুত ছিল খেলার জন্য এবং তাদের খেলতে যাওয়ার (ভারতে) বিষয়ে আপত্তি ছিল না। “কিন্তু তারা সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য ছিল। যে ব্যক্তি দায়িত্বে ছিলেন তিনি সেফটি ও সিকুউরিটি রিজনের কথা উল্লেখ করে বলেছিলেন যে বাংলাদেশ যেতে পারে না”।

    প্রসঙ্গত, ভারত ও শ্রীলংকায় হয়ে যাওয়া টি-টোয়েন্টিতে বাংলাদেশ অংশগ্রহণ না করার বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেওয়ার জন্য সরকার এই তদন্ত কমিটি গঠন করেছিল।

    যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ এ. কে. এম ওলি উল্যার নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির অন্য দুই সদস্য ছিলেন সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ফয়সাল দস্তগীর ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

    চলতি বছর তেসরা জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) আসন্ন আইপিএল ২০২৬ আসরের দল থেকে বাদ দেওয়ার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল টিটুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

    পরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সাথে কয়েক দফায় বৈঠক ও নানা নাটকীয়তার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও অন্তর্বর্তীকালীন সরকার ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল।

    তখন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, সরকারের সিদ্ধান্ত স্পষ্ট- বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না।

  6. রায়কে 'প্রতিহিংসামূলক' বলল আওয়ামী লীগ

    বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৭ নেতার বিরুদ্ধে যে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে তাকে ‘একতরফা, পক্ষপাতদুষ্ট ও সাজানো রায়’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে দলটি।

    দলটির ভেরিফায়েড ফেসবুক পাতা ও দলটির ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে এ রায় নিয়ে “আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক অপরাধ আইনের মৌলিক নীতি লংঘন করে ঘোষিত রাজনৈতিক প্রতিহিংসামূলক রায়” শীর্ষক আনুষ্ঠানিক প্রতিক্রিয়া প্রকাশ করা করেছে।

    বিবৃতিতে দলটি বলেছে, “এই বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক মানবাধিকার আইন এবং আন্তর্জাতিক অপরাধ আইনের মৌলিক ও সর্বজনস্বীকৃত নীতিগুলোর প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে তাড়াহুড়ো করে সম্পন্ন করা হয়েছে, যা আইনের শাসনের পরিবর্তে বিচারহীনতার সংস্কৃতি ও রাজনৈতিক প্রতিহিংসাকেই প্রতিষ্ঠিত করে”।

    আওয়ামী লীগের দাবি, “শুধু এই রায় নয়। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর সকল কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন”।

    বিবৃতিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপক্ষ এই মামলায় যেসব ডিজিটাল সাক্ষ্য উপস্থাপন করেছে তা আন্তর্জাতিক আদালতের সাক্ষ্য মানদণ্ড ও ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের নীতিমালা লঙ্ঘন করে উপস্থাপন করা হয়েছে, যার কোন সাক্ষ্য মূল্য নেই।

    “এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রকাশিত রায় প্রহসন ছাড়া আর কিছু নয়,” দলটি বিবৃতিতে দাবি করেছে।

    আওয়ামী লীগের বিবৃতিতে বলা হয়েছে, আজকের রায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তার বিচারিক ম্যান্ডেটের বাইরে গিয়ে শাস্তি প্রদান করেছে।

    “১৯৭৩ সালের আইনে কোন অভিযুক্ত ব্যক্তির সম্পদ বাজেয়াপ্ত করার শাস্তি উল্লেখ না থাকা সত্ত্বেও, আজকের রায় সম্পূর্ণ অসংবিধানিক ও বেআইনিভাবে অভিযুক্ত ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছে- যা বিচারকদের প্রতিহিংসা মূলক মানসিকতার বহিঃপ্রকাশ মাত্র”।

    বিবৃতিতে আরও বলা হয়, “যে মহৎ উদ্দেশ্যে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারার্থে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, বর্তমান অবৈধ ও অগণতান্ত্রিক সরকার সেই পবিত্র উদ্দেশ্যকে সম্পূর্ণ জলাঞ্জলি দিয়ে নিজেদের রাজনৈতিক জিঘাংসা চরিতার্থ করতে এবং একমাত্র আওয়ামী লীগকে রাজনৈতিক ও নিশ্চিহ্ন করতে এই ট্রাইব্যুনালকে যথেচ্ছভাবে ব্যবহার করছে। আন্তর্জাতিক অপরাধ আইন ও মৌলিক মানবাধিকারের স্বীকৃত নীতিগুলোকে পদদলিত করে রাজনৈতিক আজ্ঞাবহ আদালতে দেওয়া এই মিথ্যা ও বানোয়াট রায়ের কোনো আইনগত ভিত্তি নেই''।

  7. ভারতের সঙ্গে সম্পর্ক সহজের শর্ত শেখ হাসিনা ও কাদেরসহ আসামিদের ফেরত দেওয়া: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    ছবির উৎস, Screengrab

    ছবির ক্যাপশান, প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সম্পর্ক সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত।

    সরকারি বার্তা সংস্থা বাসস- এর খবর অনুযায়ী , আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেছেন তিনি।

    তিনি জানান, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সাথে সাক্ষাতেও বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপন করা হয়েছে।

    “হাই কমিশনারের সাথে সাক্ষাতে শেখ হাসিনাসহ ভারতে পলাতক সব আসামিদের ফিরিয়ে আনার ইস্যুটি আমরা আমাদের জায়গা থেকে পরিষ্কারভাবে তুলে ধরেছি। আমরা জানিয়েছি যে বাংলাদেশের সাথে একটি কার্যকর সম্পর্ক (ওয়ার্কিং এনগেজমেন্ট) জোরদারের স্বার্থে এই বিষয়টি ভারত সরকারকে গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত,” বলেছেন তিনি।

    পলাতক আসামিদের ফেসবুকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, “তারা দেশের বাইরে বসে আরাম-আয়েশের জীবনযাপন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বক্তব্য বা নসিহত প্রসব করছে, যা বাংলাদেশের মানুষের অনুভূতিতে চরম আঘাত হানছে। আমরা আশা করি, ভারত সরকার বাংলাদেশের মানুষের এই অনুভূতি ও সেনসিটিভিটি বুঝবে এবং তাদেরকে হস্তান্তর করবে”।

    স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডা. জাহেদ বলেন, সংবিধানে জাতীয় ও রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন হলেও স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত সরকারের সাথে আলোচনার মাধ্যমেই নির্ধারিত হয়।

    তিনি আরও বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচন পুরোপুরি অংশগ্রহণমূলক হবে। সেখানে কোনো দলীয় প্রতীক থাকবে না বলেও তিনি উল্লেখ করেন।

    মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানোর তথ্যের ব্যাখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, ১০ হাজার কর্মী বিনামূল্যে যাওয়ার বিষয়টি মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সঠিক।

  8. মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা নিশ্চিত করলো যুক্তরাষ্ট্র

    পৃথিবীর কক্ষপথে একটি মহাকাশ অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

    ছবির উৎস, Thomas Traasdahl/Ritzau Scanpix/AFP via Getty Images

    ছবির ক্যাপশান, পৃথিবীর কক্ষপথে একটি মহাকাশ অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্র নিশ্চিত করেছে যে তারা পৃথিবীর কক্ষপথে একটি মহাকাশ অস্ত্র মোতায়েন করেছে। এই প্রথমবার দেশটি প্রকাশ্যে স্বীকার করল যে তাদের এমন আক্রমণাত্মক সক্ষমতা রয়েছে।

    যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সচিব ট্রয় মেইঙ্ক বলেছেন, শত্রুপক্ষের সম্ভাব্য হামলা থেকে মার্কিন বাহিনীকে সুরক্ষিত রাখতে এই ‘কক্ষপথে মোতায়েন করা’ অস্ত্রটি প্রয়োজনীয় ছিল।

    সোমবার অনুষ্ঠিত এয়ার স্পেস অ্যান্ড সাইবার কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় মেইঙ্ক বলেন, ‘পরিবর্তনশীল হুমকি’ মোকাবিলায় যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে।

    তবে তিনি অস্ত্রটির সক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানাননি এবং এটি ঠিক কখন কক্ষপথে পাঠানো হয়েছে তাও বলেননি।

    এর আগে দেশটির সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছিলেন, তারা মহাকাশে মার্কিন সামরিক সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা করছেন।

    তাদের বক্তব্য অনুযায়ী, ভবিষ্যতের কোনো সংঘাতে যুক্তরাষ্ট্রের স্যাটেলাইটে হামলা ও সেগুলোতে বিঘ্ন ঘটানোর উপায় তৈরি করছে রাশিয়া ও চীন।

    ট্রাম্প প্রশাসন বলেছে, মহাকাশভিত্তিক সক্ষমতা এবং ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র তাদের পরিকল্পিত ‘গোল্ডেন ডোম’ প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।

    এই ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে ক্ষেপণাস্ত্র ও অন্যান্য আকাশপথের হুমকি থেকে সুরক্ষিত রাখার জন্য তৈরি করা হচ্ছে।

    ১৯৬৭ সালের একটি চুক্তির মাধ্যমে কক্ষপথে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র মোতায়েন নিষিদ্ধ করা হয়েছিল। এরপর থেকে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনসহ গুরুত্বপূর্ণ সামরিক শক্তিগুলো ওই চুক্তির আওতার বাইরে থাকা বিভিন্ন ধরনের সক্ষমতা নিয়ে কাজ করে আসছে।

    এর মধ্যে প্রতিপক্ষের স্যাটেলাইটকে লক্ষ্যবস্তু করার প্রযুক্তিও রয়েছে। সামরিক যোগাযোগ, নজরদারি ও নেভিগেশনের জন্য এসব স্যাটেলাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন, যেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ শক্তি শুধুমাত্র আত্মরক্ষার জন্য নয়, একই সাথে আক্রমণেরও শক্তি।

  9. ওবায়দুল কাদেরসহ পাঁচ আসামির সম্পত্তি বিক্রি করে জুলাইয়ে হতাহতদের দেওয়ার নির্দেশ

    চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    ছবির উৎস, Screen Grab

    ছবির ক্যাপশান, চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ পাঁচ জন আসামির সম্পত্তির ৫০ শতাংশ বিক্রি করে জুলাইয়ে আহত বা নিহতদের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত।

    আজ জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের মামলায় এই রায় দেওয়া হয়।

    এই মামলায় আওয়ামী লীগের সাতজন নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

    ট্রাইব্যুনাল রায়ে বলেছে- "আসামি ওবায়দুল কাদের, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিলের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তির অর্ধেক (৫০ শতাংশ) বাজেয়াপ্ত করা হলো এবং উক্ত সম্পত্তি বিক্রয়লব্ধ অর্থ হইতে জুলাই বা অগাস্ট ২০২৪ সময়কালে নিহত ও আহত সকল ব্যক্তি বা তাদের পরিবারবর্গকে জুলাই ফাউন্ডেশন বা অন্য কোনো বিধিবদ্ধ প্রতিষ্ঠানের মাধ্যমে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হলো।"

    এই পাঁজনের বাইরে এই মামলায় আসামি হিসেবে মৃত্যুদণ্ড পেয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

    মামলার সব আসামিই পলাতক আছেন।

    আসামিদের সম্পদ বাস্তবায়নের বিষয়ে এক প্রশ্নে চিফ প্রসিকিউটর বলেন, "এই রায় বাস্তবায়ন করবে সরকার এবং তাদের কার কোথায় কী সম্পদ আছে রাষ্ট্র বা সরকার সেটা খুঁজে বের করবে এবং সে অনুযায়ী তাদের যে সম্পদ পাওয়া যাবে তার অর্ধেক বাজেয়াপ্ত হবে।"

    আইনানুযায়ী, ট্রাইব্যুনালের এই রায় প্রকাশিত হওয়ার পরে ৩০ দিন পর্যন্ত আসামিদের আপিল করার সুযোগ থাকে।

    চিফ প্রসিকিউটর মি. ইসলাম বলেন, "৩০ দিন পর্যন্ত কোনো সম্পদ বাজেয়াপ্ত বা অন্য কোনো ব্যবস্থায় যাওয়ার হয়তো সুযোগ নাই। কিন্তু ৩০ দিন পর থেকে বাংলাদেশ সরকারের এই রায় বাস্তবায়ন করতে কোনো বাধা নেই।"

    ওবায়দুল কাদের

    ছবির উৎস, Obaidul Quader facebook

  10. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা

    • বাংলাদেশে নভেম্বরের মাঝামাঝি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। সাতটি ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
    • ডাকসু সংগ্রশালায় জিন্নাহ ও আব্দুল মালেকের ছবি টানানো, ওয়েবসাইট চালু করে শিক্ষক মূল্যায়ন এবং নির্ভীক জুলাই নামে স্মৃতিস্তম্ভ স্থাপনের ঘটনা তদন্তে পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
    • নথ্রপিক নামক এআই কোম্পানির প্রধান দারিও আমোদি, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির উন্নয়নের গতি আরো ধীরে করার আহ্বান জানানোর পর তাকে নিয়ে সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
    • ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যপ্রাচ্যে লাগাতার হামলার নিন্দা জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।
    • শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে দেড় মাস আগের অবস্থায় ফিরবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
    • সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে নজরুল ইসলাম ছোটন নামে একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে লিখিত আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংসদ সদস্য রুমিন ফারহানা।
    • ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটিতে আবু সাদিক কায়েমকে মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
    • ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজন মারা গেছেন। এদের মধ্যে ছয়জনই বিভিন্ন বয়সী নারী এবং বাকি দুইজন পুরুষ।
    • হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আট শিশু মারা গেছে। এর মধ্যে চারজন ঢাকায় এবং সিলেটে মারা গেছে চারজন।
  11. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে