বুধবার সারাদিন যা যা হলো-
- সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেবে না বলে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে সরকারি হাসপাতালের এই সীমানার মধ্যে থাকা ক্লিনিকগুলোতে প্র্যাকটিস করতে পারবেন না সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।
- বাংলাদেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসের পর এবার বাড়লো লঞ্চের ভাড়াও। বুধবার লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকের পর নৌপরিবহন মন্ত্রী এই তথ্য জানিয়েছেন।
- সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০১ জনে দাঁড়ালো।
- বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতীয় ইলিশ আমদানি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। মৎস্য অধিদপ্তরের ইলিশ আমদানির ১০৩টি অনাপত্তি সনদ বাতিল করায় এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
- বাংলাদেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ই মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গে মারা গেছে ৯৭৫ জন।
- উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের চারটি সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অধিদপ্তর।
- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না, তবে তারা "পারমাণবিক বিজ্ঞান" এবং "শান্তিপূর্ণ প্রযুক্তি" ত্যাগ করবে না।
- মার্কিন বিমান নিষেধাজ্ঞায় যোগ দিলে আঞ্চলিক দেশগুলোর বিমানবন্দরও অচল করে দেওয়ার হুশিয়ারি দিয়েছে ইরান।
- ইয়েমেনের হুথি বিদ্রোহীদের একজন সামরিক উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তাদের সঙ্গে সংঘাতে সৌদি আরবকে সমর্থন দিতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করলে অথবা বাব আল-মান্দেব প্রণালি খুলে দেওয়ার চেষ্টা করলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোয় হামলা চালাবে তারা।
- পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, তারা ‘আটটি ড্রোন’ ভূপাতিত করেছে, যেগুলো তাদের দাবি অনুযায়ী সীমান্তের কাছে ‘আফগান ভূখণ্ড’ থেকে উড়েছিল। তবে তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, আফগানিস্তান থেকে পাকিস্তানের বিরুদ্ধে ‘কোনো হামলা’ হয়নি এবং “এ নিয়ে যে গুজব ছড়ানো হয়েছে তা সত্য নয়”।
বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।












