সংসদ নির্বাচন: এরশাদ হচ্ছেন সংসদের বিরোধী নেতা, জি এম কাদের উপনেতা

একাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল
ছবির ক্যাপশান, একাদশ সংসদ নির্বাচনের চূড়ান্ত ফল
Published

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সংসদে দ্বিতীয় বৃহত্তম দল হলেও জাতীয় পার্টি কী করবে তা নিয়ে প্রশ্ন ছিলো অনেক।

দলটির নেতারা বৈঠকে বসেও সুরাহা করতে পারেননি- যে জাতীয় পার্টি সরকারের অংশ হবে কি না সেটি চূড়ান্ত করতে।

যদিও পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছিলেন যেহেতু জাতীয় পার্টি মহাজোটে থেকেই নির্বাচন করেছে তাই মহাজোটের সাথেই থাকতে চায়।

গণমাধ্যমে পাঠানো এরশাদের বিবৃতি
ছবির ক্যাপশান, গণমাধ্যমে পাঠানো এরশাদের বিবৃতি

তবে নানা অনিশ্চয়তার মধ্যেই আজ বিবৃতিতে দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ ঘোষণা দিয়েছেন যে তিনিই হচ্ছেন একাদশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা।

আজ এক বিবৃতিতে এরশাদ বলেন, "একাদশ জাতীয় সংসদে জাতীয় পার্টি প্রধান বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করবে। পদাধিকার বলে জাতীয় পার্টির পার্লামেন্টারি দলের সভাপতি হিসেবে আমি প্রধান বিরোধী দলের নেতা এবং পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করবেন। জাতীয় পার্টির কোনো সংসদ সদস্য মন্ত্রীসভায় অন্তর্ভুক্ত হবেননা"।

এরশাদ বলছেন জাতীয় পার্টির কেউ এবার আর মন্ত্রী হবেনা
ছবির ক্যাপশান, এরশাদ বলছেন জাতীয় পার্টির কেউ এবার আর মন্ত্রী হবেনা

এর আগে দশম জাতীয় সংসদে জাতীয় পার্টির অবস্থান ছিলো বরাবরই রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয়।

কারণ দলটি একই সাথে সরকারে ও বিরোধী দলে ছিলো।

সরকারে দলটির তিনজন মন্ত্রী হিসেবে থাকার পাশাপাশি দলের চেয়ারম্যান নিজে ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত।

এরশাদের ভাই জি এম কাদের বিরোধী দলীয় উপনেতা হবেন
ছবির ক্যাপশান, এরশাদের ভাই জি এম কাদের বিরোধী দলীয় উপনেতা হবেন

তবে সরকারে থাকা না থাকা নিয়ে এইচ এম এরশাদ ও তার দল জাতীয় পার্টি বরাবরই তাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন।

এবারেও নির্বাচনের পর দলটির সিনিয়র নেতাদের যে বৈঠক হয়েছে সেখানে অনেকেই আগের মতো একই সাথে সরকার ও বিরোধী দলে থাকার পক্ষেই মত দিয়েছেন।

এমন পটভূমিতে এরশাদের ঘোষণা শেষ পর্যন্ত বহাল থাকে কি না সেটি এখন দেখার বিষয়।