ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা যুদ্ধাপরাধ হতে পারে, তেহরান করেছে মানবতাবিরোধী অপরাধ: জাতিসংঘের তথ্য-অনুসন্ধান মিশন

কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব নিয়ে এগোলে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, টানা দ্বিতীয় বছরের মতো নিউইয়র্কে জাতিসংঘের বৈঠকে ফিলিস্তিনি নেতাকে প্রবেশে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। চোখ রাখুন বিবিসি বাংলার লাইভ পাতায়...

সরাসরি কভারেজ

রিপোর্টিং করেছেন মরিয়ম সুলতানা, সম্পাদনায় ফৌজিয়া সুলতানা

  1. বৃহস্পতিবার সারাদিন যা যা হলো:

    • ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ নিয়ে আগের পরিকল্পনা থেকে নির্বাচন কমিশন (ইসি) সরে আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
    • বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে আরও পাঁচজন এবং হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন এক হাজার ৪৮৪ জন।
    • আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য ১২০টি নির্বাচনী প্রতীক নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তালিকায় ‘নৌকা’ প্রতীকটি স্থগিত রাখা হয়েছে।
    • ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে। 'প্রশাসনিক কারণে' তাকে বদলি করা হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছে ডিএমপির ডেপুটি কমিশিনার বা উপ-কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন।
    • ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল 'নজরদারিতে' আছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
    • মক্কায় হামলার জন্য ইয়েমেনের হুথিগোষ্ঠীকে দায়ী করার বিষয়ে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, এ ক্ষেত্রে ‘ফলস ফ্ল্যাগ’ বা এক পক্ষের ঘটানো হামলার দায় অন্য পক্ষের ওপর চাপানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে।
    • অভিবাসন নিয়ন্ত্রণে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম আরও কঠোর করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেয় দেশটি।
    • ভারতে পলাতক বাংলাদেশের আদালতের দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
    • সুইডেন থেকে নিজেদের একজন কূটনীতিককে বহিষ্কারের পাল্টা পদক্ষেপ হিসেবে এক সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে তেহরান।
    • বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানবিষয়ক জাতিসংঘের স্বাধীন তথ্য-অনুসন্ধান মিশন তাদের নতুন প্রতিবেদনে বলেছে, মিনাবের একটি স্কুল এবং লামেরদের একটি ক্রীড়া কমপ্লেক্সে দুটি হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী ছিল বলে মনে করার মতো ‘যৌক্তিক প্রমাণ’ রয়েছে এবং এসব হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।
    • আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে প্রবেশ ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য বিবিসিকে জানিয়েছেন দুটি ফিলিস্তিনি সূত্র।
    • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কানাডাকে প্রথম ‘সহযোগী সদস্য’ (অ্যাসোসিয়েট মেম্বার) করার প্রস্তাব নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এগোলে তিনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।

    বিবিসি বাংলার লাইভ পাতা আজ এখানেই শেষ হলো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।

    আরো খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।

  2. একযোগে ৯০ জনের বেশি বিচারককে বদলি

    দাঁড়িপাল্লা

    ছবির উৎস, Getty Images

    বাংলাদেশের বিচারিক আদালতের ৯০ জনেরও বেশি বিচারককে একযোগে বদলি করা হয়েছে।

    আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত ছয়টি প্রজ্ঞাপন জারি করেছে আজ।

    প্রজ্ঞাপনগুলোতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজসহ বিভিন্ন পর্যায়ের বিচারকদের বদলির আদেশ দেওয়া হয়েছে।

    এসব বদলি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে করা হয়েছে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ আছে।

    আরও পড়তে পারেন...

  3. মক্কায় হামলার দায় হুথিদের ওপর চাপানোর চেষ্টা দেখছে ইরান

    ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সাম্প্রতিক সপ্তাহগুলোয় সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার দাবি করছে, প্রতীকী ছবি

    ছবির উৎস, AFP via Getty Images

    ছবির ক্যাপশান, ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সাম্প্রতিক সপ্তাহগুলোয় সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার দাবি করছে, প্রতীকী ছবি

    মক্কায় হামলার জন্য ইয়েমেনের হুথিগোষ্ঠীকে দায়ী করার বিষয়ে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেছেন, এ ক্ষেত্রে ‘ফলস ফ্ল্যাগ’ বা এক পক্ষের ঘটানো হামলার দায় অন্য পক্ষের ওপর চাপানোর চেষ্টা করা হয়ে থাকতে পারে।

    এক্সে দেওয়া এক পোস্টে ‘ইসলামের পবিত্র স্থানগুলোতে যেকোনো হামলার’ নিন্দা জানিয়ে তিনি বলেন, "মক্কার দিকে একটি হুথি ড্রোন আসছিল, শুধু এমন দাবি থেকেই হুথিদের হামলার জন্য দায়ী করা যায় না।"

    হুথিরা এই হামলার অভিযোগ অস্বীকার করেছে উল্লেখ করে বাঘাই বলেন, "এটা ভুলে গেলে চলবে না যে আমাদের অঞ্চলে বেশ কয়েকটি ‘ফলস ফ্ল্যাগ’ অভিযানের ঘটনা ঘটেছে, বিশেষ করে সাম্প্রতিক মাসগুলোতে।"

    তার দাবি, এসবের উদ্দেশ্য ছিল "ইসলামিক দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করা।"

    হুথিরা বৃহস্পতিবার সকালে জানিয়েছে যে তারা মক্কাকে লক্ষ্য করে হামলা চালায়নি।

    এর আগে সৌদি আরব অভিযোগ করে, হুথিরা মক্কাকে লক্ষ্য করে ‘কাপুরুষোচিত’ হামলা চালিয়েছে।

  4. সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ

    ইরান ও সুইডেনের জাতীয় পতাকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, ইরান ও সুইডেনের জাতীয় পতাকা, প্রতীকী ছবি

    সুইডেন থেকে নিজেদের একজন কূটনীতিককে বহিষ্কারের পাল্টা পদক্ষেপ হিসেবে এক সুইডিশ কূটনীতিককে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে তেহরান।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্তের কথা তেহরানে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে জানানো হয়েছে।

    এর আগে সুইডেন ইরানের রাষ্ট্রদূতকে তলব করে এবং স্টকহোমে ইরানি দূতাবাসের একজন কর্মকর্তাকে দেশ ছাড়তে বলে। সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওই কর্মকর্তার কর্মকাণ্ড কূটনৈতিক সম্পর্ক বিষয়ক ভিয়েনা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

    তবে তিনি কী ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটি।

    ভিয়েনা কনভেনশনে বিভিন্ন দেশে কূটনৈতিক মিশনের কার্যক্রমের নিয়ম ও সুযোগ-সুবিধা নির্ধারণ করা হয়েছে।

    সুইডেনের সিদ্ধান্তকে ‘ইসরায়েলি প্রভাবের ফল’ বলে দাবি করেছে ইরান। একই সঙ্গে সুইডেনের নিরাপত্তার বিষয়ে হস্তক্ষেপের যে অভিযোগ ইরানের বিরুদ্ধে আনা হয়েছে, সেটিকে ‘ভিত্তিহীন’ বলেছে তেহরান।

    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেনের নীতিরও সমালোচনা করেছে। তাদের অভিযোগ, সুইডেন ইরানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং ইরানবিরোধী বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে।

  5. ডেঙ্গুতে আরও পাঁচ মৃত্য, হাসপাতালে নতুন ভর্তি প্রায় দেড় হাজার

    একটি হাসপাতালে মশারি টানিয়ে বেডগুলোয় শুয়ে আছেন রোগীরা, পাশে দাঁড়ানো কয়েকজন ব্যক্তি

    ছবির উৎস, NurPhoto via Getty Images

    ছবির ক্যাপশান, বাংলাদেশে সম্প্রতি প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারের বেশি ডেঙ্গু রোগী, ফাইল ছবি

    বাংলাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে আরও পাঁচজন এবং হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন এক হাজার ৪৮৪ জন।

    বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    সবশেষ ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী, মৃতদের চার জন-ই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে, একজন রংপুর বিভাগে।

    আর আক্রান্তদের সবচেয়ে বেশি খুলনা বিভাগে, এরপরই হলো যথাক্রমে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশন, বরিশাল বিভাগ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, চট্টগ্রাম বিভাগ ও সিটি কর্পোরেশনের বাইরে ঢাকা বিভাগ।

    আক্রান্তদের প্রায় ৬৪ শতাংশ হলো পুরুষ, তবে মৃতদের তিনজন-ই নারী।

    এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রায় সাড়ে ৫৮ হাজার এবং মৃতের সংখ্যা ১৭৬।

    আরও পড়তে পারেন...

  6. নৌকা স্থগিত রেখে ১২০ প্রতীক চূড়ান্ত করল নির্বাচন কমিশন

    নির্বাচন কমিশনের লোগো

    আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য ১২০টি নির্বাচনী প্রতীক নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তালিকায় ‘নৌকা’ প্রতীকটি স্থগিত রাখা হয়েছে।

    নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর সংশ্লিষ্ট বিধি সংশোধন করে এ প্রতীক তালিকা চূড়ান্ত করেছে ইসি। এ বিষয়ে ১৫ই সেপ্টেম্বর নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

    এটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। খবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস-এর।

    প্রজ্ঞাপন অনুযায়ী, রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২-এর আর্টিকেল ৯৪-এ প্রদত্ত ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এর বিধি ৯-এর উপ-বিধি (১) সংশোধন করা হয়েছে।

    সংশোধিত বিধানে বলা হয়েছে, অনুচ্ছেদ ২০-এর দফা (১)-এর অধীন স্থগিতকৃত প্রতীক ছাড়া তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে একটি প্রতীক বরাদ্দ করা যাবে।

    চূড়ান্ত তালিকায় মোট ১২০টি প্রতীক রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে আনারস, আপেল, আম, আলমিরা, ঈগল, উট, উদীয়মান সূর্য, একতারা, কবুতর, কম্পিউটার, কলম, কলস, কাস্তে, কাপ-পিরিচ, কাঁচি, কাঁঠাল, ঘোড়া, চশমা, চাকা, চাবি, চিংড়ি, চেয়ার, ছাতা, জাহাজ, টর্চ লাইট, টেলিভিশন, ট্রাক, ট্র্যাক্টর, ডাব, তারা, বই, বক, বটগাছ, বাইসাইকেল, বাঘ, রকেট, রিকশা, লাঙল, লিচু, সিংহ, সিঁড়ি, সূর্যমুখী ফুল, সেলাই মেশিন, সোনালী আঁশ, হাতি, হাতুড়ি, হারিকেন, হেলিকপ্টার, হ্যান্ডশেক এবং ‘না’ প্রতীকসহ বিভিন্ন প্রতীক।

    তালিকায় ৬৫ নম্বরে থাকা ‘নৌকা’ প্রতীকের পাশে স্পষ্টভাবে ‘স্থগিত’ উল্লেখ করা হয়েছে।

    ফলে সংশোধিত তালিকায় মোট ১২০টি প্রতীক থাকলেও নৌকা প্রতীকটি বর্তমানে বরাদ্দযোগ্য প্রতীকের বাইরে রাখা হয়েছে।

    নির্বাচন কমিশনার সিনিয়র সচিব আখতার আহমেদ প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন। নতুন সংশোধিত বিধিমালা অনুযায়ীই সংশ্লিষ্ট নির্বাচনী কার্যক্রম পরিচালিত হবে।

  7. ইরানের ওপর মার্কিন হামলা যুদ্ধাপরাধ হতে পারে, তেহরান করেছে মানবতাবিরোধী অপরাধ: জাতিসংঘের তথ্য-অনুসন্ধান মিশন

    ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপের ওপর ইরানের পতাকা

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, গত ২৮শে ফেব্রুয়ারি ইরানে হামলা চলানো শুরু করে যুক্তরাষ্ট্র, ফাইল ছবি

    বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানবিষয়ক জাতিসংঘের স্বাধীন তথ্য-অনুসন্ধান মিশন তাদের নতুন প্রতিবেদনে বলেছে, মিনাবের একটি স্কুল এবং লামেরদের একটি ক্রীড়া কমপ্লেক্সে দুটি হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী ছিল বলে মনে করার মতো ‘যৌক্তিক প্রমাণ’ রয়েছে এবং এসব হামলা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে।

    প্যানেলটি আরও বলেছে যে, দেশব্যাপী বিক্ষোভ দমনের সময় ইসলামি প্রজাতন্ত্র ইরানের কর্তৃপক্ষ মানবতাবিরোধী অপরাধ করেছে। এর মধ্যে রয়েছে বেআইনি হত্যাকাণ্ড, নির্যাতন, খেয়ালখুশিমতো আটক ও জোরপূর্বক গুম।

    মিনাবের শাজরে তাইয়্যিবা প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনায় ইরানি কর্মকর্তাদের দাবি অনুযায়ী ১৫০ জনের বেশি মানুষ নিহত হন, যার মধ্যে প্রায় ১২০ জন শিক্ষার্থী ছিল।

    জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ওই স্থানে এক জ্যেষ্ঠ ইরানি সামরিক কমান্ডারের উপস্থিতি সম্পর্কে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যুক্তরাষ্ট্র হামলাটি চালায়। তবে ওই তথ্য যথেষ্টভাবে যাচাই করা হয়নি।

    লামেরদের ক্রীড়া কমপ্লেক্সে হামলার ক্ষেত্রেও প্যানেলটি একই ধরনের সিদ্ধান্তে পৌঁছেছে। তাদের ভাষ্য অনুযায়ী, ওই হামলায় ২২ জন বেসামরিক ব্যক্তি নিহত ও আহত হন এবং হামলাটি ছিল ‘নির্বিচারে’ চালানো।

    ইরান পদ্ধতিগত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে, মার্কিন কর্মকর্তারা এর আগেও বলেছেন যে তাদের সামরিক অভিযান যুদ্ধসংক্রান্ত আইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই পরিচালিত হয়।

  8. ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে: হাইকমিশনারকে মাহ্দী আমিন

    মাহ্দী আমিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

    ছবির উৎস, PMO/BNP Media Cell

    ছবির ক্যাপশান, মাহ্দী আমিনের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

    ভারতে পলাতক বাংলাদেশের আদালতের দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে, সে বিষয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।

    আজ বৃহস্পতিবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মাহ্দী আমিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

    বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পাতায় দেওয়া একটি পোস্টে এই তথ্য জানানো হয়।

    এতে বলা হয়, বৈঠকে দুই দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মূল্যবোধকে আরও সুসংহত করার ওপর জোর দেওয়া হয়। এছাড়া, দুই দেশের মধ্যে বিদ্যমান সমস্যা বা চ্যালেঞ্জগুলো পারস্পরিক সংলাপ ও সহযোগিতার মাধ্যমে সমাধানের বিষয়ে আলোচনা হয়।

  9. আগামী বছর ৬ই জুনের আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন করতে হবে: ইসি

    বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন

    ছবির উৎস, BBC/MUKIMULA AHSAN

    ছবির ক্যাপশান, বাংলাদেশের নির্বাচন কমিশন ভবন

    ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ নিয়ে আগের পরিকল্পনা থেকে নির্বাচন কমিশন (ইসি) সরে আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

    তিনি বলেছেন, আগামী বছরের ছয়ই জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোর মধ্যে ঐকমত্য রয়েছে।

    বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, "নভেম্বর ও ডিসেম্বর জুড়ে পরীক্ষা। জানুয়ারিতে কিছুটা ফাঁকা সময় পাচ্ছি। কিন্তু সাত বা আটই ফেব্রুয়ারি থেকে রোজা শুরু। রোজা শেষ হওয়ার মাত্র একদিন পরে আবার এসএসসি পরীক্ষা শুরু। এসএসসি পরীক্ষা শেষে জুনের ছয় তারিখ আবার এইচএসসি পরীক্ষা শুরু। মাঝখানে একটা সময় পাওয়া যাচ্ছে।"

    "এবার আমাদের স্পেসগুলো খুব টাইট। এই টাইট স্পেসের মধ্যে কীভাবে সব অ্যাকোমোডেট করবো, তা নিয়ে একটু সাইডলাইন ওয়ার্ক করা দরকার আছে। প্রাথমিক পরিকল্পনার ওপর সবাই মতামত দিয়েছেন। আমরা এটা নিয়ে কমিশনেও বসবো। সাচিবিক লেভেলে যে সমন্বয়গুলো প্রয়োজন, তা সম্পন্ন করা হবে। তারপর ডেট জানিয়ে দেবো।"

    তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের সময় যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছিল, ইউপি নির্বাচনেও সেভাবেই করা হবে। একইসঙ্গে, এই নির্বাচনেও সকল ধরণের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে।

    “সুতরাং, সেখানে সেনাবাহিনী থেকে সংশ্লিষ্ট সকল বাহিনীই থাকবে। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে, বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ব্যাপারে আজকের সভার কনক্লুশানটা আমি যদি এক লাইনে বলি - সবাই এতে সম্মত হয়েছেন যে, আমাদের এই নির্বাচনটা পারতপক্ষে ছয়ই জুনের আগেই সম্পন্ন করতে হবে, এইচএসসি পরীক্ষার আগে,” বলেন নির্বাচন কমিশনার মি. সানাউল্লাহ।

  10. ক্যান্টনমেন্ট থানার ওসিকে সরানো হয়েছে 'প্রশাসনিক কারণে'

    পুলিশ লেখা শিল্ড নিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন পুলিশ সদস্য, প্রতীকী ছবি

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, প্রতীকী ছবি

    ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

    আজ বৃহস্পতিবার ডিএমপি ডেপুটি কমিশিনার বা উপ-কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন বিবিসি বাংলাকে খবরটি নিশ্চিত করেন।

    কী কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জিজ্ঞেস করলে তিনি বলেন, "প্রশাসনিক কারণে।"

    বাংলাদেশের স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও রেকর্ড ছড়িয়ে পড়ে, যেখানে ওসি পরিচয়ে একজনকে বলতে শোনা যায় যে শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে পুলিশ কিছুই করতে পারবে না।

    বলা হচ্ছে, ওই ওসি হলেন মো. রাকিবুল হাসান-ই। তবে বিবিসি এই অডিও যাচাই করতে পারেনি।

    অডিও ক্লিপের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি ডিএমপি।

  11. অস্ট্রেলিয়ায় বিদেশি শিক্ষার্থীদের ভিসায় কড়াকড়ি, পরিবার নেওয়ার সুযোগ বন্ধ

    অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক

    ছবির উৎস, Getty Images

    ছবির ক্যাপশান, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক

    অভিবাসন নিয়ন্ত্রণে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসার নিয়ম আরও কঠোর করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার এ ঘোষণা দেয় দেশটি।

    এখন থেকে বিদেশি শিক্ষার্থীরা আর তাদের সঙ্গে পরিবারকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতে পারবেন না। একই সাথে, যারা দেশটিতে থাকার মেয়াদ বাড়াতে চান, তাদেরকে উচ্চতর শিক্ষাগত যোগ্যতার কোনো কোর্সে ভর্তি হতে হবে।

    ওয়ার্কিং হলিডে ভিসার নিয়মও আরও কঠোর করা হবে। অস্ট্রেলিয়ার কৃষি খাতে এসব ভিসাধারী শ্রমিকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নতুন ব্যবস্থায় এসব ভিসার ক্ষেত্রে ব্যালট পদ্ধতি চালু করা হবে। তবে যুক্তরাজ্যের নাগরিকদের ক্ষেত্রে এই পরিবর্তন প্রযোজ্য হবে না।

    অস্ট্রেলিয়ার ওয়ার্কিং হলিডে ভিসা একটি অস্থায়ী ভিসা, যার মাধ্যমে ১৮ থেকে ৩০ বছর বয়সীরা, আর কিছু দেশের ক্ষেত্রে ৩৫ বছর বয়স পর্যন্ত ব্যক্তিরা সর্বোচ্চ ১২ মাস অস্ট্রেলিয়ায় বসবাস, কাজ ও ভ্রমণ করতে পারেন। ভ্রমণের পাশাপাশি কাজ করে ভ্রমণের খরচ চালাতে চান, এমন তরুণদের জন্য বিশেষভাবে এই ভিসা চালু করা হয়েছে।

    অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্ক নতুন নিয়মগুলো ঘোষণা করেন।

    তিনি বলেন, অভিবাসন অস্ট্রেলিয়ার জন্য একটি ‘শক্তি’ হলেও এর ওপর ‘উচ্চমাত্রার নিয়ন্ত্রণ’ থাকা প্রয়োজন।

    আন্তর্জাতিক শিক্ষার্থী ও গ্র্যাজুয়েট ভিসার বিষয়ে টনি বার্ক বলেন, “শিক্ষার্থীরা স্বয়ংক্রিয়ভাবে পরিবারের সদস্যদের অস্ট্রেলিয়ায় নিয়ে আসতে পারবেন, এই ব্যবস্থার মাধ্যমে আমরা আর শিক্ষার্থীর সংখ্যা বাড়াব না।”

  12. মাকসুদ কামাল ‘নজরদারিতে’, পালানোর সুযোগ নাই: চিফ প্রসিকিউটর

    আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    ছবির উৎস, BBC/TANVEE

    ছবির ক্যাপশান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল 'নজরদারিতে' আছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

    আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    মাকসুদ কামালকে দেশ ছেড়ে চলে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউশন কোনো আসামিকেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেয় না।

    "তাদের বিরুদ্ধে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ার পরে অলরেডি ফরমাল চার্জ দেওয়া হয়েছে। ফরমাল চার্জ দেওয়ার প্রেক্ষিতে যদি কোনো আসামি পলাতক থাকে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে।"

    মাকসুদ কামালের বিষয়ে তিনি আরও বলেন, "আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক আছে। যেহেতু মাকসুদ কামাল ভিসি অত্যন্ত বিতর্কিত ব্যক্তি, তিনি আমাদের নজরদারিতে আছেন।"

    "আমি বিশ্বাস করি, তিনি বাংলাদেশে থাকলে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ তার পক্ষে নাই।"

  13. এবারও জাতিসংঘের বৈঠকে যোগ দিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে বাধা দিল যুক্তরাষ্ট্র

    ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

    ছবির উৎস, Reuters

    ছবির ক্যাপশান, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

    আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে প্রবেশ ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমন তথ্য বিবিসিকে জানিয়েছেন দুটি ফিলিস্তিনি সূত্র।

    এর আগে যুক্তরাষ্ট্র ঘোষণা দেয় যে, তারা ফিলিস্তিনি কর্মকর্তাদের বিরুদ্ধে ভিসা-সংক্রান্ত নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াচ্ছে। যদিও আব্বাসের নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে তাদের বিরুদ্ধে শান্তি প্রক্রিয়া-সংক্রান্ত প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগ আনা হয়েছে।

    গত বছরের আগস্টে প্রথম এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যখন নিউইয়র্কে জাতিসংঘের বার্ষিক বৈঠকে অংশগ্রহণের জন্য ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানানো হয়েছিল।

    নিজেদের বিবৃতিতে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) এবং ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও)-এর বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদকে মহিমান্বিত করা’ এবং ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে ‘আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার’ চেষ্টা করার অভিযোগ আনে।

    অসলো শান্তি চুক্তির মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) প্রতিষ্ঠিত হয়। একই প্রক্রিয়ার আওতায় ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও)-কে ফিলিস্তিনি জনগণের আনুষ্ঠানিক প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, বিনিময়ে সংস্থাটি ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং সহিংসতা পরিত্যাগের ঘোষণা করে।

    বৃহস্পতিবার এক বিবৃতিতে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এ ভিসা নিষেধাজ্ঞাকে ‘একটি অযৌক্তিক পদক্ষেপ’ বলে উল্লেখ করে। তারা বলে, এটি পারস্পরিক আস্থা পুনর্গঠন, ফিলিস্তিন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়ন এবং দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়ন ও শান্তি-স্থিতিশীলতা অর্জনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক পরিবেশ তৈরির প্রচেষ্টার পরিপন্থী।

    ফিলিস্তিনি কর্মকর্তারা ট্রাম্প প্রশাসন ও ইসরায়েলের দীর্ঘদিনের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তারা বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় একটি দখলদার শক্তির বিরুদ্ধে জবাবদিহি দাবি করার অধিকার তাদের রয়েছে।

    জাতিসংঘ সদরদপ্তর চুক্তি অনুযায়ী, নিউইয়র্কে জাতিসংঘে যোগদানের জন্য বিদেশি কূটনীতিকদের প্রবেশের অনুমতি দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে যুক্তরাষ্ট্রের। তবে ওয়াশিংটন বলেছে, নিরাপত্তা, চরমপন্থা এবং পররাষ্ট্রনীতিগত কারণ দেখিয়ে তারা ভিসা প্রত্যাখ্যান করতে পারে।

  14. কানাডাকে ‘সহযোগী সদস্য’ করলে ইইউকে ‘কঠোর শুল্কের’ হুমকি ট্রাম্পের

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

    ছবির উৎস, Pool

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কানাডাকে প্রথম ‘সহযোগী সদস্য’ (অ্যাসোসিয়েট মেম্বার) করার প্রস্তাব নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এগোলে তিনি তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবেন।

    দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে কানাডার সবচেয়ে ঘনিষ্ঠ অংশীদার হিসেবে বিবেচনা করা হলেও, সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইইউর সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছেন।

    গত সপ্তাহে তিনি বলেন, ব্রাসেলসের সঙ্গে একটি ‘অনন্য জোট’ গঠনের চেষ্টা করছেন তিনি।

    আর গতকাল দেওয়া স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন বলেন, তিনি কানাডার জন্য ‘দরজা উন্মুক্ত করার’ বিষয়ে কাজ করতে চান, যার মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠবে।

    গত রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “তারা যদি এটা করে, যদি আমি মনে করি এটি কোনো ধরনের বৈরী পদক্ষেপ, তাহলে আমি খুবই কঠোর শুল্ক আরোপ করব অথবা ইউরোপের সঙ্গে অনেক বিষয়ে বাণিজ্য বন্ধ করে দেব।

    “তাই তারা যদি এটা করে, যদি ইউরোপ খারাপ উদ্দেশ্যে এটা করে, তাহলে আমরা ইউরোপের ওপর খুব ভারী শুল্ক আরোপ করব। যদি উদ্দেশ্য ভালো হয়, তাহলে ঠিক আছে। কিন্তু যদি উদ্দেশ্য খারাপ হয়, তাহলে আমরা খুব ভারী শুল্ক দেব।”

    কানাডার ইইউর সহযোগী সদস্য হওয়ার সম্ভাবনাকে ‘হাস্যকর’ বলেও অভিহিত করেছেন ট্রাম্প।

    আজ ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে কার্নির। তিনি পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে অংশ নিচ্ছেন।

  15. গতকালের উল্লেখযোগ্য কয়েকটি খবর:

    • বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আজ তিনটি মেট্রোরেল প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
    • গ্যাস সংকটের স্থায়ী সমাধানে দেশজুড়ে ১৫০টি নতুন কূপ খননের কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।
    • রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী মাসের মধ্যে প্রথম ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের লক্ষ্য নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন।
    • শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা এবং তার স্ত্রীকে অবিলম্বে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়ে পরোয়ানা জারি করেছে একটি আদালত।
    • সৌদি আরবের আরামকোর স্থাপনা এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতে পৃথক দু'টি সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিগোষ্ঠী।
    • সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস ও কনস্যুলেট এক বিবৃতিতে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়ে ‘পুনর্বিবেচনা’ করার আহ্বান জানিয়েছে।
    • চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনায় বলেছেন, তার দেশ ইরানের অধিকার ‘রক্ষায়’ প্রস্তুত।
    • ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৫৩ জন।
    • বাংলাদেশে ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে আরো আট জন মারা গেছে বলে আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে জানানো হয়েছে।
    • গাজা উপত্যকায় যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে এবং আরও কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন।
    • দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সংখ্যালঘুদের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে ভিসা সীমাবদ্ধতা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধির সাম্প্রতিকতম পদক্ষেপ এটি।
    • যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মহাপরিদর্শক বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধের ফলে গোলাবারুদের ‘ঘাটতি’ তৈরি হয়েছে এবং পুনরায় সরবরাহে একটি অচলাবস্থা দেখা দিয়েছে।
    • সৌদি আরবের মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
    • ডোনাল্ড ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক
  16. বিবিসি বাংলার লাইভ

    বিবিসি বাংলার লাইভ পাতায় আপনাদের স্বাগত। দেশ ও বিশ্বের উল্লেখযোগ্য ঘটনার সর্বশেষ খবর পেতে চোখ রাখুন বিবিসি বাংলার এই পাতায়।

    গতকালের উল্লেখযোগ্য সব খবর দেখতে ক্লিক করুন এখানে

    বিবিসি বাংলায় দেশ-বিদেশের আরো খবর পেতে ক্লিক করুন এখানে